আদর্শের কিছুই নেই সীতাকুণ্ডের আদর্শ গ্রামে
নামে আদর্শ গ্রাম। কিন্তু পুরো গ্রাম ঘুরে কোনো আদর্শই দেখা গেল না। প্রায় সাড়ে পাঁচ শ জনবসতিপূর্ণ গ্রামে কোনো প্রাথমিক বিদ্যালয় নেই। নেই কোনো স্বাস্থ্যকেন্দ্র এবং বেসরকারি সংস্থার কার্যক্রম। বয়স্ক ভাতা, ভিজিএফ কার্ডসহ সরকারি-বেসরকারি সাহায্য পেয়েছে—এমন কোনো লোক খুঁজে পাওয়া যায়নি। নেই বিদ্যুৎ ও রাস্তাঘাট। বাসিন্দাদের দিন কাটে অভাব-অনটন আর নানা অনিশ্চয়তার মধ্যে। সীতাকুণ্ড উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের ছোট দারোগারহাট পাহাড়ের ওপর বসবাসরত গফুর শাহ আদর্শ গ্রামে গিয়ে সেখানকার অধিবাসীদের সঙ্গে আলাপ করে এমন চিত্রই পাওয়া গেছে।ইউনিয়ন পরিষদ কার্যালয় সূত্রে জানা যায়, ১৯৯২ সালের ২৪ জুন ছোট দারোগার হাটের পূর্ব দিকে তিন কিলোমিটার ভেতরে পাহাড়ের ওপর কথিত ওই আদর্শ গ্রাম গড়ে তোলা হয়। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে ৪১টি পরিবার থাকার উপযোগী করে গড়া গ্রামটির নাম রাখা হয় গফুর শাহ আদর্শ গ্রাম। ছিন্নমূল ও ভাসমান প্রতি পরিবারকে চার শতক জায়গা বরাদ্দ দিয়ে সেখানে বাঁশ ও টিনের ঘর তুলে দেওয়া হয়। গ্রামের বাসিন্দাদের ৯০ ভাগেরই অক্ষরজ্ঞান নেই। বেসরকারি সংস্থা (এনজিও) পরিচালিত কোনো উপানুষ্ঠানিক বিদ্যালয়ও নেই সেখানে। ২৭ মার্চ দেখা যায়, পাহাড়ের উঁচু জায়গা কিছুটা সমান করে ঘরগুলো তৈরি করা হয়েছে। নির্মাণের কিছুদিন পরই বৃষ্টিতে মাটি ভেঙে পড়ায় বাসিন্দাদের পাহাড়ে ওঠানামা ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। কোনো কোনো ঘরের গোড়ার দিকের মাটি খসে পড়েছে। ফলে আশ্রিত লোকজন আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। জানা যায়, গ্রামের অধিবাসীদের অধিকাংশ কৃষি খামার, বাসাবাড়ি এবং পাহাড়ের ঝোপ-জঙ্গল পরিষ্কারের কাজ করে জীবন চালান। কেউ কেউ ভাসমান ক্ষুদ্র ব্যবসায়ী। তবে বর্ষা মৌসুমে গ্রামের অধিকাংশ মানুষই কর্মহীন হয়ে পড়েন। এ সময় অনেক পরিবারের দুবেলা খাবার জোটে না। বাসিন্দারা জানান, প্রকল্পের শুরুতেই প্রতি পরিবারে মাসে ১০ কেজি করে চাল দেওয়া হতো। কিন্তু পাঁচ মাস পর থেকে তা বন্ধ হয়ে যায়। এরপর থেকে সরকারি কোনো সহায়তা পাওয়া যায়নি। প্রকল্পের বাসিন্দা কৃষক নূরুল ইসলাম জানান, প্রকল্পের শুরুতেই পাহাড়ে ওঠানামার জন্য একটি ছোট কাঁচা রাস্তা করা হলেও কিছুদিনের মধ্যে বৃষ্টির পানিতে এতে ধস নামে। ফলে এ রাস্তা দিয়ে অসুস্থ, বৃদ্ধ, নারী ও শিশুদের নিয়ে যাতায়াত করা অসম্ভব হয়ে পড়ে। সম্প্রতি পাহাড়ের চূড়ায় বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। রহিমা বেগম নামে এক বাসিন্দা বলেন, ‘আমাদের সার্বক্ষণিক ভয়ের মধ্যে থাকতে হয়।’ স্থানীয় আবুল কাশেম (৩৮), মো. ইদ্রিস আলী (৪০), সিরাজউদ্দিন (৪২), লিয়াকত আলী (৩৫), জীবন সরকার (৪৩) প্রমুখ জানান, গ্রামে পাঁচ থেকে ১২ বছর বয়সের শতাধিক শিশু রয়েছে। কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠান না থাকায় তাঁদের সন্তানেরা লেখাপড়ার সুযোগ পাচ্ছে না। চার কিলোমিটার দূরে একটি বিদ্যালয় থাকলেও কেউ সেখানে সন্তানকে পাঠাতে চান না। শেফালী বেগম (৩৮) বলেন, ‘স্যার আমাদের পোলামাইয়াদের লাইগা একটা স্কুলের ব্যবস্থা করে দেন।’ এলাকার বাসিন্দা জসিম উদ্দিন জানান, এখানে একটিমাত্র নলকূপ থাকলেও দীর্ঘদিন ধরে তা অকেজো। পাহাড়ি ছড়ার পানিই খাওয়া, গোসলসহ সব কিছুতে ব্যবহার করা হয়। ফলে অনেকেই উদরাময়সহ (ডায়রিয়া) বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে প্রতিনিয়ত। কোনো স্বাস্থ্যকর্মী এখানে আসেন না। বাসিন্দাদের অভিযোগ, সমস্যার কথা চেয়ারম্যান-সদস্যদের জানালে তাঁরা শুধু বলেন, ‘ফান্ড (বরাদ্দ) নেই।’ স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মীরন ভূঁইয়া জানান, গ্রামে যাতায়াতের রাস্তা মেরামত করা হয়েছিল। কিন্তু বৃষ্টি ও পাহাড়ি ঢলে এটি বারবার ভেঙে যায়। ভিজিএফ কার্ড, বয়স্ক ভাতা এবং সরকারি সাহায্য-সহযোগিতা না পাওয়াসহ বিভিন্ন অভিযোগের সত্যতা স্বীকার করে বারৈয়াঢালা ইউনিয়নের চেয়ারম্যান মো. রেহান উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘গ্রামের নামে সরকারি কোনো বরাদ্দ না থাকায় তাঁদের জন্য কিছু করা যাচ্ছে না। তবে ইউনিয়ন পরিষদ থেকে তাঁদের যথেষ্ট সহযোগিতা করা হচ্ছে।’উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এমদাদুল হক জানান, ‘গ্রামটির উন্নয়নে স্থানীয় ইউনিয়ন পরিষদ কাজ করার কথা। এটি নিয়ে মন্ত্রণালয়ের কোনো পরিকল্পনা নেই।’ এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘আদর্শ গ্রামের বাসিন্দারা মৃত্যুঝুঁকি নিয়ে বসবাস করছেন। তাঁদের এখান থেকে সরিয়ে সমতল জায়গায় পুনর্বাসন না করলে যেকোনো সময় পাহাড়ধসে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। প্রকল্পের বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজ নেওয়া হবে।’