আদা ও হলুদের বাম্পার ফলন হলেও হাসি নেই পানছড়ি উপজেলা কৃষকদের মুখে। আবহাওয়া অনুকূল আর রোগবালাইয়ের আক্রমণ কম হওয়ায় এ বছর বাম্পার ফলন হয়েছে। তবে দাম না পাওয়ায় হতাশ কৃষকেরা। ব্যবসায়ীরা জানান, ভারত ও বার্মা থেকে আমদানি হওয়ায় স্থানীয় বাজারে আদা-হলুদের দাম কমে গেছে। একাধিক কৃষক জানান, গত বছর এ সময় প্রতিমণ আদা চার-পাঁচ হাজার টাকা ও কাঁচা হলুদ দু-তিন হাজার টাকা এবং শুকনা হলুদ আট থেকে ১০ হাজার টাকায় বিক্রি হয়েছে। এ বছর আদা প্রতিমণ ৭০০ থেকে এক হাজার টাকায়, কাঁচা হলুদ মণপ্রতি বিক্রি হচ্ছে মাত্র ১৬০ থেকে ২০০ টাকায়। আর শুকনা হলুদ জাত অনুযায়ী দুই হাজার ৫০০ থেকে তিন হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। আদাচাষি প্রিয় সুধা চাকমা বলেন, ‘বাম্পার ফলনেও আদা-হলুদের ন্যায্য দাম না পাওয়ায় আমরা এখন দিশেহারা। আমাদের জীবিকা নির্বাহও কঠিন হয়ে পড়বে।’ তিনি জানান, সারের মূল্য বৃদ্ধি এবং শ্রমিকের মজুরি বেশি হওয়ায় অনেকে উৎপাদন খরচও তুলতে পারবে না। পানছড়ি উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলায় এ বছর এক হাজার ৬৮০ হেক্টর জমিতে হলুদ আর ৪৭০ হেক্টর জমিতে আদা চাষ করা হয়েছে। হলুদের ফলন হয়েছে প্রতি হেক্টরে প্রায় ১১ মেট্রিক টন। আদার ফলন হয়েছে প্রতি হেক্টরে ২০ মেট্রিক টন। স্থানীয় পাইকারি ব্যবসায়ী অরুণ বিকাশ চাকমা ও মো. জলিল জানান, পার্শ্ববর্তী দেশ ভারত ও মিয়ানমার থেকে আদা ও হলুদ আমদানি হওয়ায় আদা-হলুদের বাজারে ধস নেমেছে। পানছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা খিজির হোসেন বলেন, ‘এ বছর অধিকাংশ কৃষক আমাদের পরামর্শ অনুযায়ী সুষম সার ব্যবহার এবং নিয়মিত খেত পরিচর্যা করেছে। এ ছাড়া আবহাওয়া অনুকূল ছিল, রোগবালাইয়ের আক্রমণও কম ছিল। তাই এ বছর আদা-হলুদের বাম্পার ফলন পেয়েছে কৃষকেরা।’