এ বছর আদার বাম্পার ফলন হয়েছে খাগড়াছড়ির পানছড়ি উপজেলায়। কিন্তু বাজারমূল্য কম হওয়ায় আদা বেচে কৃষকের উৎপাদন-খরচও উঠে আসছে না। তাই হাসি নেই ত্াদের মুখে। লোকসানের আশঙ্কায় হতাশার মধ্যে সময় কাটছে তাঁদের।চাষিরা জানান, উপজেলার পাঁচ ইউনিয়নের পাহাড়ি এলাকায় বিভিন্ন পাহাড়ে এবার প্রচুর আদা চাষ হয়েছে। গত মাসের তৃতীয় সপ্তাহ থেকে চাষিরা খেত থেকে নতুন আদা তুলে বাজারে বিক্রি করতে শুরু করেছেন। এরই মধ্যে পানছড়িবাজার লোগাংবাজার, পূজগাংবাজার, কলেজ গেট ও কলাবাগান মুখে হাটের দিনে আদার বাজার জমে উঠেছে। কিন্তু এ বছর আদার দাম কম। অন্যদিকে আদাবীজ, সার, কীটনাশক আর শ্রমিকের মজুরি বেশি হওয়ায় অনেকে উৎপাদন খরচ তুলতে পারছেন না। ৪ অক্টোবর লোগাংবাজার হাটে গিয়ে কথা হয় আদাচাষি রবি চন্দ্র চাকমার সঙ্গে। তিনি বলেন, ‘তিন মণ আদার বীজ রোপণ করে আমার প্রায় আট মণ আদা উৎপাদন হয়েছে। বীজ, সার, কীটনাশক ও শ্রমিকের মজুরিসহ খরচ হয়েছে প্রায় আট হাজার টাকা। এখন প্রতি মণ ৯০০ টাকা দরে বিক্রি করে পেয়েছি সাত হাজার ২০০ টাকা। নিজের শ্রম ছাড়াও লোকসান হয়েছে ৮০০ টাকা।’স্নেহ রঞ্জন চাকমা বলেন, ‘আমি দুই হাজার ৫০০ টাকা দরে এক মণ আদাবীজ রোপণ করে তিন মণের কাছাকাছি আদা পেয়েছি। প্রতি মণ আদার দাম পেয়েছি এক হাজার ৫০ টাকা। এতে উৎপাদন খরচের টাকাও না ওঠায় মনটা খারাপ হয়ে গেছে।’ আদা ব্যবসায়ী মহারঞ্জন চাকমা ও মো. জলিল বলেন, ‘ঢাকা ও চট্টগ্রামের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা আদা কিনে থাকি। আজ মণপ্রতি ৯০০ থেকে এক হাজার ৫০ টাকায় কেনাকাটা হচ্ছে। এর বেশি দামে কিনলে আমাদের লোকসান দিতে হবে।’ তাঁরা জানান, চীন, বার্মা, ভারত থেকে আদার চালান আসায় আদার দাম কমেছে। গত সপ্তাহে মানভেদে প্রতি মণ ৮০০ থেকে এক হাজার ২০০ টাকা দরে আদা কিনেছেন তাঁরা। এগুলো ঢাকায় নিয়ে প্রতি কেজি ২৫ থেকে ৩০ টাকা বিক্রি করা যাবে। এতে তাঁদেরও তেমন বেশি লাভ থাকে না।দীঘিনালা থেকে আসা আদা ব্যবসায়ী জীবন চাকমা ও বিপ্লব চাকমা জানান, তাঁরা পানছড়ি থেকে প্রতি মণ আদা ৯০০ থেকে এক হাজার ৫০ টাকা দামে কিনেছেন। এগুলো কিছুদিন পর খাগড়াছড়ির ব্যবসায়ীর কাছে বিক্রি করলে মণপ্রতি ২০০ থেকে ২৫০ টাকা লাভ পাওয়া যাবে বলে আশা করেন তাঁরা।উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, পানছড়িতে এ বছর ৩৮৫ হেক্টর জমিতে আদা চাষ হয়েছে। প্রতি হেক্টরে ২০ মণ হিসেবে ১৭ হাজার ৭০০ মণ আদা উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। তবে কত মণ আদা উৎপাদিত হয়েছে তা এখনো নির্ণয় করা হয়নি। এ প্রসঙ্গে পানছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা খিজির হোসেন পিকে বলেন, আবহাওয়া অনুকূল থাকা এবং রোগবালাইয়ের আক্রমণ কম হওয়ায় গত বছরের মতো এ বছর আদার ফলন ভালো হয়েছে। চাষিরা ইতিমধ্যে নতুন আদা তুলতে শুরু করেছেন। তবে উৎপাদন ভালো হলেও উৎপাদন- খরচ তুলে লাভ না পাওয়ার কারণে চাষিরা কিছুটা হতাশাগ্রস্ত ও চিন্তিত।