আদালত আছে বিচারক নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালত আছে, বিচারক নেই। মামলা হয়, কিন্তু তদন্তের ধীরগতির কারণে নিষ্পত্তি নেই। এভাবেই চলছে চট্টগ্রাম বিভাগীয় পরিবেশ আদালত। খোঁজ নিয়ে জানা গেছে, চট্টগ্রাম বিভাগীয় পরিবেশ আদালতে ২৩৫টি মামলা তদন্ত ও বিচারাধীন আছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন দাখিল না হওয়ায় নিষ্পত্তির হারও একেবারে কম। আদালত সূত্র জানায়, গত বছরের ১৬ অক্টোবর থেকে চট্টগ্রাম বিভাগীয় পরিবেশ আদালতে মামলা নিষ্পত্তির হার শূন্যের কোটায় নেমে এসেছে। কারণ ওই দিন থেকে বিচারক বদলি হয়ে অন্যত্র চলে গেছেন। সম্প্রতি আরেকজন বিচারক যোগদান করলেও তিনি চার মাসের প্রশিক্ষণের জন্য চলে যান। ফলে এই আদালতে মামলার জট বাড়ছে বলে জানা গেছে। সূত্র আরও জানায়, ২০০২ সালে চট্টগ্রাম বিভাগীয় পরিবেশ আদালতের কার্যক্রম শুরু হয়। যুগ্ম জজ পদমর্যাদার বিচারক পরিবেশ আইনে করা মামলার নিষ্পত্তি করে আসছেন। গত ১০ বছরে পরিবেশ আইনে মাত্র একজন ব্যক্তির পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা হয়েছে। জামালখান এলাকায় পাহাড় কাটার মামলায় সরোয়ার আলম নামের এক ব্যক্তির এ দণ্ড হয়। ১০ বছরের ইতিহাসে পরিবেশ আদালতে এটি সর্বোচ্চ সাজা বলে আদালতসংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। ২০০৯ সালের ১০ সেপ্টেম্বর বিভাগীয় পরিবেশ আদালতের তৎকালীন বিচারক মশিউর রহমান খান এই সাজা দেন। রায় ঘোষণার সময় সরোয়ার আলম পলাতক ছিলেন। এজাহারে সরোয়ারের ঠিকানা ২৩ নম্বর নতুন চাক্তাই উল্লেখ রয়েছে। আর কোনো আসামির সাম্প্রতিককালে কারাদণ্ড হয়নি বলে জানা গেছে। তবে অন্য কয়েকটি মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট ব্যক্তিদের দেওয়া হয় অর্থদণ্ড।বিভাগীয় পরিবেশ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আবদুল হান্নান এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা যথাসময়ে তদন্ত শেষ করতে পারেন না। এ কারণে আদালতে প্রতিবেদনও দাখিল করতে পারছেন না। ফলে মামলার জট বেড়ে যাচ্ছে।তিনি আরও বলেন, আসলে অভিজ্ঞতার অভাবে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা প্রতিবেদন দিতে পারছেন না। এ ছাড়া অধিদপ্তরের জনবল-সংকটও প্রকট, যে কারণে ২০০৫ সালের ১৭টি এবং ২০০৭ সালের ২২টি মামলার তদন্ত এখনো শেষ হয়নি। এ ছাড়া ২০০৮ সাল থেকে চলতি বছর পর্যন্ত আরও অনেক মামলা তদন্তাধীন রয়েছে। এ প্রসঙ্গে জানতে চাইলে পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. জাফর আলম প্রথম আলোকে বলেন, ‘তদন্ত কর্মকর্তার প্রয়োজন আটজন। আছেন মাত্র দুজন। তাঁদের দক্ষতার ঘাটতি থাকতে পারে, সেটা কিন্তু প্রশিক্ষণ দিয়ে কাটিয়ে তোলা সম্ভব। কিন্তু জনবল বাড়ানো না হলে আমরা কী করে মামলার তদন্ত শেষ করব? জনবল বাড়ানো হলে আমরা দ্রুত তদন্ত শেষ করে আদালতে প্রতিবেদন দাখিল করতে পারব।’জানা গেছে, পরিবেশ আদালতে পাহাড় কাটা, পলিথিন উৎপাদন ও বাজারজাত করা, পুকুর ভরাট, ইটভাটার মাধ্যমে দূষণ ছড়ানো ও গাছপালার ব্যবহার, প্যারাবন ধ্বংস করা, গাড়ির কালো ধোঁয়া নির্গমন ও জাহাজভাঙা শিল্পে পরিবেশ দূষণ করাসংক্রান্ত ঘটনায় মামলা রয়েছে। গত বছরের অক্টোবরের আগে প্রতিমাসে মামলার গড় নিষ্পত্তির হার চারটি করে ছিল বলে পিপি আবদুল হান্নান দাবি করেন।