আদালতপাড়ায় নির্বাচনী আমেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি নির্বাচনের তফসিল এখনো ঘোষণা করা হয়নি, নির্বাচনও ২০ দিন পর। এর মধ্যেই বিরাজ করছে নির্বাচনী আমেজ। সম্ভাব্য প্রার্থীদের পদচারণে সরগরম আদালতপাড়া।
সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে গভীর রাত পর্যন্ত আইনজীবীদের কাছে ছুটে যাচ্ছেন প্রার্থীরা। কেউ নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে ভোটারদের হাতে তুলে দিচ্ছেন নিজের ছবিযুক্ত ক্যালেন্ডার। কেউ সমিতিকে আরও গতিশীল করার অঙ্গীকারে ভোট চাইছেন। আইনজীবীদের চেম্বারে কোনো না কোনো প্রার্থীর দেখা মিলছে।
আইনজীবী সমিতি সূত্র জানায়, নির্বাচনে নয়টি সম্পাদকীয়সহ ১৯টি পদে প্রতিদ্বন্দ্বিতা হবে। এবার প্রথম তথ্য ও প্রযুক্তি সম্পাদক নামে নতুন একটি পদ সৃষ্টি করা হয়েছে। তফসিল ঘোষণা করা হবে ২৫ জানুয়ারি, নির্বাচন আগামী ১০ ফেব্রুয়ারি।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. আবদুর রশিদ বলেন, নির্বাচনের তফসিল ঘোষণা করা না হলেও চলতি মাসের শুরুতে তিনটি প্যানেল-আওয়ামী লীগ-সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ, মুক্তিযুদ্ধ সপক্ষের সমমনা আইনজীবী সংসদ ও বিএনপি-সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ প্রার্থী চূড়ান্ত করেছে। সম্ভাব্য প্রার্থীরা ভোটারদের মন জয় করতে সপ্তাহ খানেক ধরে প্রচারণা শুরু করেছেন।
আইনজীবীরা জানান, আওয়ামী লীগ-সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের পক্ষ থেকে সভাপতি পদে প্রচারণা চালাচ্ছেন মুজিবুল হক ও সাধারণ সম্পাদক পদে মেজবাহ উদ্দিন চৌধুরী। সমমনা আইনজীবী সংসদের সভাপতি পদে আখতার কবির চৌধুরী এবং সাধারণ সম্পাদক পদে এস এম জাহেদ বীরু প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এদিকে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের পক্ষ থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন কফিল উদ্দিন চৌধুরী। ওই প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে লড়বেন এনামুল হক। সভাপতি, সাধারণ সম্পাদক ছাড়াও বাকি পদগুলোর সম্ভাব্য প্রার্থীরাও মাঠে নেমে পড়েছেন।
আইনজীবী সমন্বয় পরিষদের নেতা ইব্রাহিম হোসেন চৌধুরী বলেন, সমন্বয় পরিষদ মুক্তিযুদ্ধের পক্ষের সংগঠন। এবারও জয়লাভ করলে আইনজীবীদের কল্যাণে কাজ করবেন তাঁরা। সমমনার নেতা জিয়াউদ্দিন আহমেদ বলেন, আইনজীবীদের কল্যাণ ও দুর্নীতিমুক্ত বিচারালয় প্রতিষ্ঠার জন্য কাজ করে যাবে সমমনা। জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের নেতা আবদুস সাত্তারও একই অভিমত ব্যক্ত করেন।
প্রসঙ্গত, সমিতির ভোটার তিন হাজার ২০০ জন। গত নির্বাচনে ১৮টি পদে আওয়ামী লীগ-সমর্থিত আইনজীবী সমন্বয় পরিষদ বেশির ভাগ পদে জয়লাভ করে।