চট্টগ্রাম আদালতপাড়ায় প্রতারণা ফাঁদ পেতেছে একদল প্রতারক। এঁরা কখনো আইনজীবী, কখনো সাংবাদিক কিংবা মানবাধিকারকর্মীর ভুয়া পরিচয়ে বিচারপ্রার্থীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছেন। এ নিয়ে ভুক্তভোগী কেউ প্রতিবাদ করলে তাঁদের মামলা দিয়ে হয়রানির হুমকি দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
প্রতারকদের আনাগোনা বেড়ে যাওয়ায় তাঁদের ধরতে মাঠে নামে জেলা আইনজীবী সমিতির ১১ সদস্যের টাউট উচ্ছেদ কমিটি। গত ২০ দিনে প্রতারকচক্রের আট সদস্যকে আটক করেন কমিটি সদস্যরা। প্রতারকদের সঙ্গে কোনো ধরনের লেনদেন না করতে বিচারপ্রার্থীদের অনুরোধ জানিয়েছেন সমিতির নেতারা।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি কফিল উদ্দিন চৌধুরী প্রথম আলোকে জানান, চট্টগ্রাম আদালতে প্রতিদিন গড়ে হাজারের বেশি বিচারপ্রার্থী আসেন। তাঁদের বেশির ভাগই গ্রাম থেকে আসা। তাঁরা মামলা পরিচালনা সম্পর্কে জানেন না। আর প্রতারকচক্রের সদস্যরা এঁদেরকেই ফাঁদে ফেলেন। আদালত ভবনের মূল ফটকের সামনে দাঁড়িয়ে থাকেন প্রতারকেরা। কেউ কেউ আদালত প্রাঙ্গণেও ঘোরাঘুরি করেন। গ্রাম থেকে কোনো বিচারপ্রার্থী এলে চক্রের সদস্যরা নিজেদের জ্যেষ্ঠ আইনজীবীর সহকারী পরিচয় দিয়ে কথা বলতে শুরু করেন। কম টাকা দিয়ে মামলা পরিচালনা, জামিন ও আসামিদের গ্রেপ্তার করানোর প্রতিশ্রুতি দেন। এসব বাবদ বিচারপ্রার্থীদের কাছ থেকে টাকাও নিয়ে নেন। কিন্তু প্রতারকদের টাকা দিলেও কোনো কাজ না হওয়ায় বিচারপ্রার্থীরা বারবার ধরনা দিতে থাকেন। একপর্যায়ে তাঁদের বিরুদ্ধে সমিতিতে অভিযোগ জানানোর কথা বললে মামলা দিয়ে হয়রানি করারও হুমকি দেয় প্রতারকেরা। এ কারণে সহজ-সরল লোকজন ঝামেলায় যেতে চান না।
টাউট উচ্ছেদ কমিটির আহ্বায়ক ও জেলা আইনজীবী সমিতির সহসাধারণ সম্পাদক মোহাম্মদ রাসেল বলেন, প্রতারকচক্রের সদস্যদের কাছ থেকে আইনজীবী, সাংবাদিক ও মানবাধিকারকর্মীর ভুয়া পরিচয়পত্র এবং বিভিন্ন মামলার কাগজপত্র উদ্ধার করা হয়। তাঁদের মধ্যে চারজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা ও বাকি চারজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আদালতপাড়ায় এ চক্রের আরও ১০ থেকে ১৫ জন সদস্য রয়েছেন বলে জানা গেছে। তাঁদের ধরতে নিয়মিতভাবে উচ্ছেদ কমিটির কার্যক্রম চলছে।
টাউট উচ্ছেদ কমিটির সদস্যরা জানান, গত ২১ ফেব্রুয়ারি সুলতান তাওহীদ, মামুনুর রশিদ ও আসাদুজ্জামান নামের তিন প্রতারককে আটক করা হয়। তাঁরা আইনজীবী, সাংবাদিক ও মানবাধিকার কর্মী পরিচয় দিয়ে বিচারপ্রার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার কথা স্বীকার করেন। ভবিষ্যতে এ ধরনের কাজ করবেন না বলে মুচলেকা নিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়।
দুই দিন পর অতনু ভট্টাচার্য নামের আরেক প্রতারককে আদালতের সমন, সমিতির জামিননামার মনোগ্রাম, দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের একটি জাল পরিচয়পত্রসহ আটক করা হয়। পরে মামলা করে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। ২ মার্চ শাহনাজ বেগম নামের এক ভুয়া সাংবাদিক এবং ৭ মার্চ আবদুল মুবিন ও আমানত খান নামের আরও দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। এঁরা নিজেদের আইনজীবী ও সাংবাদিক পরিচয় দেন বিচারপ্রার্থীদের কাছে।
আইনজীবী না হয়েও আইনজীবী পরিচয়ে বিচারপ্রার্থীদের কাছ থেকে টাকা আদায়ের সময় হাতেনাতে ধরা পড়ে মুচলেকা দিয়ে ছাড়া পান বাকলিয়া চাক্তাই এলাকার রফিকুল ইসলাম। তিনি প্রথম আলোকে মুঠোফোনে বলেন, ‘আত্মীয়স্বজনের মামলা–মোকদ্দমার জন্য কোর্টে যেতাম। সমিতি ধরার পর আর যাই না।’ তবে কোনো বিচারপ্রার্থীর কাছ থেকে টাকা নেওয়ার কথা অস্বীকার করেন তিনি।
বাকলিয়া এলাকার নুরুল ইসলাম ও ফটিকছড়ির শাহেদুজ্জামান অভিযোগ করে বলেন, কম টাকা দিয়ে মামলা পরিচালনার কথা বলে প্রতারক আবদুল মুবিন ও অতনু ভট্টাচার্য তাঁদের কাছ থেকে গত জানুয়ারিতে তিন হাজার টাকা নেন। কিন্তু তঁারা ভুয়া জানার পর টাকা ফেরত চাইলে মামলা করার হুমকি দেন।
প্রতারকদের সম্পর্কে বিচারপ্রার্থীদের সচেতন থাকার অনুরোধ জানান জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এস এম জাহেদ বীরু। তিনি বলেন, যেসব মক্কেলদের সামর্থ্য আছে, তাঁরা নিজস্ব আইনজীবী দিয়ে মামলা পরিচালনা করবেন। আর যাঁদের সামর্থ্য নেই, তাঁরা জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা (লিগ্যাল এইড) চট্টগ্রাম কার্যালয়ের মাধ্যমে মামলা পরিচালনা করতে পারেন বিনা পয়সায়। চট্টগ্রাম আদালতে নিচতলায় এ সংস্থার কার্যালয় অবস্থিত।