কক্সবাজার সমুদ্রসৈকতের ডায়াবেটিক হাসপাতাল পয়েন্ট-সংলগ্ন ঝাউবাগানের ভেতরে স্থাপনা নির্মাণের অভিযোগে লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রধান ও সাংসদ কর্নেল (অব.) অলি আহমদকে তলব করেছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার তিনি আদালতে হাজির হয়ে ঝাউবাগানের ভেতর স্থাপনা তৈরির কারণ ব্যাখ্যা করবেন। হাইকোর্টের বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও জাহাঙ্গীর হেসেনের বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে গত বুধবার এই আদেশ দেন। আদেশে আজ মঙ্গলবার কর্নেল অলি আহমদকে আদালতে হাজির হয়ে ব্যাখা দিতে বলা হয়েছে। জানা যায়, গত বুধবার ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার-এ সৈকতে স্থাপনা নির্মাণসংক্রান্ত একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। আদালত তা আমলে নেন। প্রতিবেদনে বলা হয়, লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি ও সাংসদ অলি আহমেদ পরিবেশ আইন লঙ্ঘন করে কক্সবাজার সমুদ্রসৈকতে ঝাউবাগানের ভেতরে চারতলা একটি স্থাপনা নির্মাণ করছেন। ওই স্থানটি পরিবেশগত বিপন্ন এলাকার (ইসিএ) মধ্যে পড়েছে। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (২০১০ সালে সংশোধিত) অনুযায়ী ওই এলাকায় সব ধরনের স্থাপনা নির্মাণ নিষিদ্ধ।সূত্র জানায়, ‘আইপিএল স্যান্ড ক্যাসল’ নামে ওই স্থাপনা নির্মাণে অলি আহমেদ ইমপালস প্রোপার্টিজ নামের একটি রিয়েল এস্টেট কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হন। ২০১০ সালের নভেম্বর মাসে ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। আদালত একই সঙ্গে ওই স্থাপনা নির্মাণের অভিযোগে কেন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না এবং নির্মিত স্থাপনা ভেঙে ফেলতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন। ১২ দিনের মধ্যে পরিবেশসচিব, ভূমিসচিব, কক্সবাজারের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে রুলের জবাব দিতে বলা হয়েছে। ওই স্থানে আর কোনো নির্মাণকাজ যাতে না চলতে পারে, সে বিষয়ে ব্যবস্থা নিতে জেলা প্রশাসক ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশও দেওয়া হয়েছে। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির ইকবাল কবির এর সত্যতা নিশ্চিত করে জানান, আদালতের নির্দেশ অনুযায়ী অলি আহমদের আজ মঙ্গলবার হাইকোর্টে হাজির হয়ে কারণ ব্যাখ্যা করার কথা রয়েছে। পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক আবদুল্লাহ আল মামুন বলেন, ‘সমুদ্রসৈকতসংলগ্ন ঝাউবাগানের ভেতরে অবকাঠামো তৈরি সম্পূর্ণ নিষিদ্ধ। এর আগে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র বাধ্যতামূলক। কিন্তু কর্নেল অলি এ রকম কোনো ছাড়পত্র নেননি। তাই প্রতিবেশ সংকটাপন্ন ঝাউবাগানের ভেতরে স্থাপনার নির্মাণের দায়ে প্রতিষ্ঠানের বিরুদ্ধে নোটিশ দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে জবাব না দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ এ প্রসঙ্গে কর্নেল অলি আহমদ সাংবাদিকদের বলেন, ‘১৯৯১ সালে তৎকালীন বিএনপি সরকার নিয়মনীতি অনুসরণ করেই তাঁর নামে ঝাউবাগানের ভেতরে পাঁচ কাঠা জমি বন্দোবস্ত দেয়। এখন সেই জমিতে চারতলার একটি ভবন তৈরির প্রস্তুতি চলছে, যা দিয়ে কোনো ব্যবসা করা হবে না। এখন সরকারের এই জমি দরকার হলে ফেরত দিতে রাজি আছি, সে ক্ষেত্রে উপযুক্ত মূল্য ফেরত দিতে হবে।’ ঝাউবাগানের ভেতরে স্থাপনা তৈরি প্রসঙ্গে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জসিম উদ্দিন বলেন, বহু আগে কর্নেল অলি আহমদ এই জমিটি ভূমি মন্ত্রণালয় থেকে বন্দোবস্ত নিয়েছেন। এখন ওই জমির স্থাপনার নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়েছে। হাইকোর্টের নির্দেশে সম্প্রতি কক্সবাজার সমুদ্রসৈকতের সীমানা নির্ধারণ করা হয়েছে। এই স্থাপনাটি সীমানার ভেতরে পড়েছে। সুতরাং যেকোনো মুহূর্তে এটি উচ্ছেদ করা হতে পারে। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম তালুকদার বলেন, ঝাউবাগানের ভেতরে ওই জমিতে কেউ যেন স্থাপনা নির্মাণ করতে না পারে, সে জন্য পুলিশ তৎপর রয়েছে।