আদালতের রায় বাস্তবায়ন না করে সভা আহ্বান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় বাস্তবায়ন না করে নগরের বেসরকারি চিকিৎসাকেন্দ্র ন্যাশনাল হাসপাতালের শেয়ারহোল্ডারদের জরুরি সভা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির পরিচয় দিয়ে গত বৃহস্পতি ও শুক্রবার রাতে এই সভা করা হয়।সভায় অংশ নিতে গত বৃহস্পতিবার শেয়ারহোল্ডারদের কাছে মুঠোফোনে খুদে বার্তাও পাঠানো হয়। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে ব্যবস্থাপক (প্রশাসন) এই বার্তা পাঠান।জানা যায়, নগরের মেহেদীবাগ এলাকায় অবস্থিত ন্যাশনাল হাসপাতাল ও সিগমা ল্যাবের আর্থিক অনিয়ম এবং বার্ষিক সাধারণ সভা না করার অভিযোগ ওঠে। এতে ওই দুটি প্রতিষ্ঠানের পাঁচ পরিচালক গত বছরের ১৬ মে মামলা করেন।আদালত সূত্র জানায়, হাইকোর্ট বিভাগ ২০১১ সালের ১৪ আগস্ট ন্যাশনাল হাসপাতালের ২০০২ থেকে ২০১০ সাল পর্যন্ত এবং সিগমা ল্যাবের ২০০১ থেকে ২০১০ সালের সব সাধারণ সভা বাতিল করার আদেশ দেন, যে আদেশ সুপ্রিম কোর্টও বহাল রাখেন।আদালত ডা. মোহাম্মদ রফিককে চেয়ারম্যান করে পাঁচ সদস্যের কমিটি গঠনের আদেশ দেন। ওই কমিটিতে বাদীপক্ষের দুজন ও কোম্পানির মধ্য থেকে আরও দুজনকে সদস্য করার নির্দেশ দেওয়া হয়। আদেশে আবার অডিট করার নির্দেশও দেন উচ্চ আদালত। এরপর কমিটির তৎকালীন চেয়ারম্যান মোহাম্মদ রফিক গত ২ জুন পদত্যাগ করেন। পরে উচ্চ আদালত বাদী পক্ষের আরেকটি আবেদনের পরিপ্রেক্ষিতে নতুন চেয়ারম্যান হিসেবে ব্যারিস্টার কামাল উল আলমকে নিয়োগ দেওয়ার আদেশ দেন। এ-সংক্রান্ত আরেকটি মামলা আপিল বিভাগে বিচারাধীন আছে। মামলার বাদী পক্ষের একজন পরিচালক নাম প্রকাশ না করে বলেন, আদালতের আদেশ অনুযায়ী বাতিল হওয়া সাধারণ সভা ও আর্থিক ব্যবস্থাপনার পুনঃনিরীক্ষা না করে কেউ শেয়ারহোল্ডারদের জরুরি সভা ডাকতে পারেন না। বিষয়টি আমি উচ্চ আদালতের নজরে আনব। কারণ এই সভা করে বিবাদীপক্ষ আদালত অবমাননা করেছেন। শুক্রবার শেয়ারহোল্ডারদের সভায় অংশ নেওয়া একজন শেয়ারহোল্ডার নাম প্রকাশ না করে বলেন, ‘ব্যবস্থাপনা পরিচালক কী বলতে চেয়েছেন তা শুনতে গিয়েছি। তবে যে প্রক্রিয়ায় জরুরি সভা ডাকা হয়েছে তা আদালত অবমাননার মধ্যে পড়ে। যে কেউ বিষয়টি আদালতের নজরে আনলে সভা আহ্বানকারীদের সমস্যা হতে পারে বলে আমার আশঙ্কা।’সভা আহ্বানকারী ব্যবস্থাপনা পরিচালক ডা. মোহাম্মদ ইউসুফ বলেন, ‘সভা আহ্বান সুপ্রিম কোর্টের আদেশের সঙ্গে সাংঘর্ষিক হয়নি। কারণ আমরা তো দৈনন্দিন কাজ করতে পারি।’ শেয়ারহোল্ডারদের জরুরি সভা আহ্বান দৈনন্দিন কাজের আওতায় কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আদালতের রায় আগে হাতে আসুক।’ আদালতের রায় কি পাননি? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হ্যাঁ, পেয়েছি। তবে রায়ে পাঁচজনকে কোম্পানির সাধারণ সভা ও পুনঃনিরীক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে। এর বাইরে অন্য কোনো কাজ করতে তো অসুবিধা নেই।’