আদালতের রায়ে বন্ধ ইটভাটা আবার চালু!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালতের রায়ে ২০১১ সালের ১২ এপ্রিল রাঙ্গুনিয়া উপজেলায় দুটি ইটভাটা বন্ধ করে দেয় পরিবেশ অধিদপ্তর। কিন্তু দুই মাস ধরে আবার চালু হয়েছে ভাটা দুটি। পুরোদমে চলছে ইট তৈরির কাজ। এই ইটভাটা দুটির অবস্থান বেতাগি ইউনিয়নের তিনচৌদিয়া গ্রামের বানিয়াখোলা এলাকায়। পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয় সূত্র জানায়, বেতাগি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ২০০৬ সালে তিনচৌদিয়া গ্রামের বানিয়াখোলা এলাকায় অনুমোদন ছাড়াই পাহাড়ের পাদদেশে কৃষি জমিতে খাজা আজমীর ব্রিকস (কেএমআর) নামে ইটভাটা গড়ে তোলেন। ২০১০ সালে কেএমআর-২ নামে নতুন আরও একটি ইটভাটা চালু করেন। ভাটায় পাহাড়ের মাটি ও ফসলি জমি কেটে এবং বনের কাঠ পুড়িয়ে ইট উৎপাদন করে আসছিলেন। ইটভাটা দুটির কালো ধোঁয়ায় এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে এ অভিযোগ এনে তিনচৌদিয়া গ্রামের জাফর আহমদ ইটভাটা দুটি বন্ধের আদেশ চেয়ে উচ্চ আদালতে মামলা করেন। আদালত ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি ইটভাটা মালিককে গ্রেপ্তার, ইট তৈরির কার্যক্রম বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে পরিবেশ অধিদপ্তর ও জেলা পুলিশ সুপারের প্রতি নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত ইটভাটা দুটি বন্ধ করে দেয়। চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহীন তানভীর গাজী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সরেজমিনে দেখা যায়, ইটভাটা দুটিতে প্রায় এক শ শ্রমিক ইট তৈরির কাজ করছে। ইট পোড়ানোর জন্য দুটি ভাটায় স্তূপ করে রাখা হয়েছে হাজার হাজার মণ জ্বালানি কাঠ। একটি ইটভাটায় উঁচু চিমনি থাকলেও অন্যটিতে টিনের চিমনি দিয়ে ইট পোড়ানো হচ্ছে। এতে এলাকার প্রাকৃতিক পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। জানতে চাইলে ইটভাটার মালিক জাহাঙ্গীর আলম বলেন, ‘ইটভাটার মূল মালিকানা আমার হলেও বেতাগি ও পোমরা ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগের আটজন নেতাকে অংশীদার করা হয়েছে। তাঁরাই ইটভাটা দুটি চালু করেছেন।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পরিবেশ অধিদপ্তর বা প্রশাসনের লোক বাইরের হয়ে যদি ছাড় দিতে পারে, তাহলে এলাকার লোক হয়ে আপনি কেন আমাদের ক্ষতি করতে চাইছেন।’এ প্রসঙ্গে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক মো. হারুন বলেন, আদালতের রায়ের আদেশের পরিপ্রেক্ষিতে ইটভাটা দুটিতে অভিযান চালানো হয়েছে। এরপর পুনরায় ভাটা দুটি চালুর ব্যাপারে কোনো কিছুই জানা নেই। খোঁজ নিয়ে ইটভাটা দুটি পুনরায় বন্ধের উদ্যোগ নেওয়া হবে।