কক্সবাজারে আসা পর্যটকদের একটি অংশ সাগর পাড়ি দিয়ে চলে আসছেন মহেশখালীতে। সাগর-পাহাড়ের মিতালি আর পাহাড়চূড়ার আদিনাথ মন্দিরের টানে ছুটে আসছেন পর্যটকেরা। এখন প্রতিদিন ছয় থেকে সাত হাজার পর্যটক মহেশখালীতে ভ্রমণে আসছেন বলে জানান সংশ্লিষ্ট ব্যক্তিরা।
গত রোববার সরেজমিনে দেখা যায়, আদিনাথ মন্দিরের মৈনাক পাহাড়, মন্দির ও জেটিতে পর্যটকদের উপচে পড়া িভড়। কেউ জেটিতে ছবি তোলায় ব্যস্ত। কেউ সিঁড়ি ভেঙে উঠছেন মন্দিরে। অনেকে আদিনাথ মন্দিরে ওঠার সিঁড়ির পাশের রাখাইন নারীদের দোকান থেকে কাপড় কিনছেন।
কথা হয় বেড়াতে আসা ঝিনাইদহ শৈলকুপা থেকে আসা পর্যটক চিন্ময় চন্দের সঙ্গে। তিনি বলেন, আদিনাথ মন্দিরের পাশাপাশি পাহাড় আর জেটির দৃশ্য দেখে বেশ ভালো লেগেছে। কিন্তু এখানে পর্যটকদের জন্য থাকার ব্যবস্থা নেই। থাকার ব্যবস্থা করলে ভবিষ্যতে পর্যটকের সংখ্যা আরও বাড়বে।
ঢাকা থেকে আসা পর্যটক মোহাম্মদ রুবেল বলেন, জেটির দুপাশে সারিবদ্ধভাবে সাজানো প্যারাবনের দৃশ্য দারুণ।
আদিনাথ মন্দির সংস্কার কমিটির সভাপতি শান্তি লাল দে বলেন, গত বছরের তুলনায় এবার পর্যটকদের আনাগোনা বেশি। আগে মন্দিরে পর্যটকদের বসার কোনো স্থান না থাকলেও এবার যাত্রীছাউনি হওয়ায় বিশ্রাম নেওয়ার সুযোগ হয়েছে।
আদিনাথ মন্দির সংস্কার কমিটির সাধারণ সম্পাদক প্রণব কুমার দে বলেন, এখন প্রতিদিন পাঁচ থেকে সাত হাজার পর্যটক মন্দির দেখার জন্য আসছেন।