আদিনাথ মেলায় পুণ্যার্থীদের ঢল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালীর আদিনাথ মেলায় প্রতিবছরের মতো এবারও পুণ্যার্থীদের ঢল নেমেছে। মন্দিরে শিবদর্শন করতে দেশের বিভিন্ন এলাকা থেকে তীর্থযাত্রীরা এসেছেন। ৭ মার্চ থেকে শুরু হয়েছে মেলা, চলবে ১৪ মার্চ পর্যন্ত।
গত বৃহস্পতিবার দুপুরে গিয়ে দেখা গেছে, মন্দির প্রাঙ্গণে হাজারো মানুষের ভিড়। তবে কোনো ধাক্কাধাক্কি নেই। তীর্থযাত্রীরা লাইনে দাঁড়িয়ে শিব দর্শন করছেন। ফলে এবার ভোগান্তি কম। সহজেই শিব দর্শন করে ফিরছেন তীর্থযাত্রীরা। এদিকে মন্দিরের আশপাশ ও নিচে বসেছে দুই শতাধিক স্টল। এসব স্টলে গৃহস্থালি পণ্য, প্রসাধনসামগ্রী, জুতা, কাপড়-চোপড় থেকে শুরু করে খাবারদাবার পাওয়া যাচ্ছে।
মেলায় জুতার দোকানদার সাতকানিয়ার ব্যবসায়ী নাছির উদ্দিন বলেন, প্রথম দিনে বিক্রি তেমন হয়নি। দুই দিন পর থেকে তীর্থযাত্রীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও মেলায় আসেন। তখন থেকেই বিক্রি জমজমাট।
গোরকঘাটার বাসিন্দা আবদুর রহিম ও গোলাম মোস্তফা বলেন, এ মেলাকে ঘিরে মহেশখালীর বিভিন্ন স্থানের মানুষ আসে। বিশেষ করে বাড়ির প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য স্থানীয় নারীদের সমাগম ঘটে বেশি।
মেলায় আসা তীর্থযাত্রীরা জানান, গাড়িযোগে যাঁরা মন্দিরে এসেছেন তাঁদের ভোগান্তিতে পড়তে হয়নি। কিন্তু নৌপথে কক্সবাজার থেকে মহেশখালী আসতে দুর্ভোগ পোহাতে হয়েছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে স্পিডবোটের জন্য।
চট্টগ্রামের বঁাশখালী থেকে আসা তীর্থযাত্রী সুজিত দে, রবীন্দ্র চন্দ্র দে ও আশীষ দে বলেন, কক্সবাজার ঘাটে এসে বোটের জন্য দুই ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে। তাও যে বোটে চড়ে এসেছি তাতে ছিল অতিরিক্ত যাত্রী।
একই কথা বললেন চট্টগ্রামের লোহাগাড়ার বাসিন্দা নির্মল কান্তি দে। তিনি বলেন, ‘এ রকম কষ্ট হবে জানলে মহেশখালীতে আসতাম না।’
আদিনাথ মেলার আয়োজকেরা জানান, অন্যান্য বছর আদিনাথ মন্দিরের মেলাকে ঘিরে জুয়া, গান ও নাচের আসর বসলেও এবার চিত্র ভিন্ন। স্থানীয় প্রশাসন মেলায় কোনো ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের অনুমতি দেয়নি। যার জন্য কোনো গোলযোগ নেই।
আদিনাথ মেলা সুপারভাইজার কমিটির কার্যকরী সভাপতি আশিষ দত্ত বলেন, আদিনাথ মন্দিরে শিব দর্শনের জন্য নেপাল, ভারত, মিয়ানমারসহ দেশের বিভিন্ন স্থান থেকে অন্তত ৫০ হাজার তীর্থযাত্রীর সমাগম ঘটেছে। তীর্থযাত্রীদের সেবা দেওয়ার জন্য মেলাপ্রাঙ্গণে কাজ করছেন ৫০ জন স্বেচ্ছাসেবক। তা ছাড়া সার্বক্ষণিক রয়েছে পুলিশের ১৫ সদস্যের দল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম বলেন, মেলা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে চলছে। মেলার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও একটি তদারকি কমিটি গঠন করা হয়েছে।