আদিবাসী উলকির ফিরে আসা

প্রায় ৫০০ বছর আগে এশিয়ার এই গহিন অরণ্যঘেরা দ্বীপাঞ্চলে পৌঁছে স্প্যানিশ বিজেতারা একে বলেছিলেন ‘রঙে রাঙানোদের দ্বীপ’। গত পাঁচ শতকে পুরো বিশ্ব মানচিত্রেরই রং পাল্টেছে বহুবার। একদা রঙিন আলো ঝলমলে অনেক সংস্কৃতি তার রং হারিয়ে বিবর্ণ হয়ে গেছে, নানা সংস্কৃতি হয়েছে নতুন রঙে রঙিন। ফিলিপাইন দ্বীপপুঞ্জের কালিঙ্গা আদিবাসীদের শরীরজুড়ে বহু বর্ণিল উলকি আঁকার ঐতিহ্যও তেমনি হারিয়ে যেতে বসেছে। কিন্তু কিছু মানুষ এই ঐতিহ্যকে টিকিয়ে রাখতে চাইছেন। এই প্রচেষ্টায় নতুন করে জনপ্রিয়ও হচ্ছে আদিবাসী উলকি। বিবিসি এক প্রতিবেদনে এ সম্পর্কে জানিয়েছে।
উলকি শিল্পী হাং-ওদ
আট দশকেরও বেশি সময় ধরে কালিঙ্গা গোত্রের মুণ্ডুশিকারি যোদ্ধা আর নারীদের শরীর নানা রঙের উলকিতে রাঙিয়ে চলেছেন ৯৪ বছর বয়সী উলকি শিল্পী হাং-ওদ। এই নারী উলকি আঁকেন হাজার বছরের পুরোনো স্থানীয় রীতিতেই। স্থানীয়ভাবে কালমানসি হিসেবে পরিচিত একজাতীয় লেবুগাছের কাঁটা দিয়ে শরীরের ত্বক ফুঁড়ে ফুঁড়ে উলকি আঁকেন তিনি। বাঁশের কঞ্চির মাথায় বাঁধা এই কাঁটা তরল চারকোলে ভিজিয়ে রেখে পরে তা দিয়ে সরাসরি ত্বকের ওপর ইচ্ছামতো ছবি আঁকা হয়।
পার্বত্য অঞ্চলের প্রকৃতিতে ছড়িয়ে থাকা চারপাশের পরিবেশ থেকেই নকশাগুলো আঁকেন এই শিল্পী। বিছা, সাপ, গাছপালা এবং ত্রিভুজ-চতুর্ভুজ ও হিরার আকৃতির মতো নানা মৌলিক জ্যামিতিক আকৃতি দিয়েই উলকির নকশা করেন হাং-ওদ। নিজের আট দশকের অভিজ্ঞতার কথা উল্লেখ করে এই শিল্পী বলেন, ‘দুনিয়ায় ঈশ্বরের এই প্রতিনিধিরা আপনাকে শত্রু আর খারাপ আত্মার হাত থেকে রক্ষা করবে।’
আদিম এই পদ্ধতিতে শরীরে উলকি করা খুবই কষ্টদায়ক। এই পদ্ধতিতে বড় আকারের কোনো উলকি করতে এমনকি কয়েক মাসও লেগে যেতে পারে। শিল্পী হাং-ওদের নিজের শরীরেও আছে এভাবে আঁকা নানা নকশার বেশ কিছু উলকি। তবে, সে যাই হোক, সম্ভবত কালিঙ্গা গোত্রের একজন হিসেবে ঐতিহ্যবাহী উলকিশিল্পের শেষ চর্চাকারী অশীতিপর এই নারী।

প্রজন্মান্তরে উলকির প্রশিক্ষণ
ঐতিহ্য অনুসারে এই শিল্প-দক্ষতা কেবল পারিবারিক রক্তধারাতেই প্রবহমান থাকা সম্ভব। একই পরিবারের নয় এমন কাউকে এই প্রশিক্ষণ দিলে এবং সেও এমন উলকি করতে শুরু করলে নাকি এই ‘উলকিশিল্প সংক্রামিত হয়ে যাবে এবং এর আধ্যাত্মিক মাহাত্ম্য হারাবে’। কিন্তু ২৫ বছর বয়সে এক দুর্ঘটনায় প্রেমিককে হারানোর পর আর বিয়ে থা করেননি হাং-ওদ। ফলে তাঁর নিজের কোনো সন্তানও নেই। কিন্তু তাঁর এক বোনের মেয়ে আছে, যাঁকে এখন উলকি আঁকার প্রশিক্ষণ দেওয়া চালিয়ে যাচ্ছেন এই বৃদ্ধা।
কিন্তু নতুন প্রজন্মের তরুণ-তরুণীদের মধ্যে প্রবীণদের এই উলকি নিয়ে বিশেষ কোনো আগ্রহ নেই। অনেকটা আক্ষেপ নিয়েই হাং-ওদ জানান, তাঁর ভাগনি উলকি আঁকা শেখার চেয়ে শিক্ষক হওয়ার জন্য লেখাপড়া নিয়েই বেশি ব্যস্ত।

দেশ থেকে দেশান্তরে উলকি
স্বদেশে কালিঙ্গা উলকি বিলুপ্ত হওয়ার পথে থাকলেও কয়েক হাজার মাইল দূরে মহাসমুদ্রের আরেক পাড়ে এই ঐতিহ্য ধরে রাখার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন ফিলিপাইনের প্রবাসী একটি গোষ্ঠী। ফিলিপিনো-আমেরিকানদের প্রচেষ্টায় প্রায় পনেরো বছর আগে লস অ্যাঞ্জেলেসে গড়ে ওঠে ‘মার্ক অব দ্য ফোর ওয়েভস ট্রাইব’ নামের একটি সংগঠন।
ঐতিহ্য রক্ষায় আগ্রহী বিশ্বজুড়ে ফিলিপিনো বংশোদ্ভূতদের একটা মোর্চায় পরিণত হয়েছে এই সংগঠনটি। বিশেষত আদিবাসীদের এই উলকিশিল্পকে জীবন্ত রাখার প্রয়াসে এককাট্টা তাঁরা। এখন নিজেদের শরীরে এই বহু বর্ণিল উলকি এঁকে এঁকে এই ঐতিহ্য টিকিয়ে রাখছেন তাঁরা। সংগঠনটির সহ-প্রতিষ্ঠাতা এল্লে ফেসটিন বলেন, ‘মানুষ তাঁর নিজের ত্বকে উলকি এঁকে
পিতৃপুরুষের এই শিল্পধারাকে বিস্মৃতির হাত থেকে রক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।’ তিনি মনে করেন, উলকির এই নকশাগুলোকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করার একমাত্র পথ এইটাই।
মাত্র ১৫ বছর আগে ফিলিপাইন ছেড়ে আমেরিকায় চলে আসা এই সংগঠক মনে করেন, যুক্তরাষ্ট্রে বেড়ে উঠতে গিয়ে তিনি নিজের দেশের সাংস্কৃতিক ঐতিহ্য থেকে যে বিচ্ছিন্নতার শিকার হয়েছিলেন এই উলকিশিল্প তা থেকে তাঁকে রক্ষা করেছে। তিনি বলেন, ‘ফিলিপাইনে বসবাসকারী ফিলিপিনোদের হয়তো নিজেকে চিহ্নিত করার প্রয়োজন হয় না। কিন্তু প্রবাসী ফিলিপিনোদের মধ্যে অনেকেই নিজস্ব ঐতিহ্যের সঙ্গে একটা যোগসূত্র খুঁজে বেড়ান।’

উলকির ঐতিহ্য বিলীনের নেপথ্যে
হিস্পানিকরা আসার আগে ফিলিপাইনের আদিবাসী গোত্রগুলোর মধ্যে উলকি আঁকা খুবই গুরুত্বপূর্ণ বিষয় ছিল। বিভিন্ন গোত্রের নেতাদের মধ্যে এবং সাধারণভাবেও সমাজে বিভিন্ন ব্যক্তির পদমর্যাদার প্রতীক হিসেবেও গণ্য করা হতো এই উলকি। এটা মানুষকে আধ্যাত্মিক নিরাপত্তাবোধ দিতো এবং স্থায়ী অলংকরণ হিসেবেও চর্চা করা হতো।
মধ্য-ফিলিপাইনের উলকি-নৃবিজ্ঞানী লারস ক্রুতাক বলেন, স্প্যানিশ সেনাবাহিনীর উপস্থিতি এবং গির্জার প্রভাবে ১৭০০ সালের দিকেই স্থানীয় উলকিচর্চার ঐতিহ্য বিলুপ্ত হতে শুরু করে। কিন্তু দেশটির দক্ষিণাঞ্চলের মিন্দানাও দ্বীপপুঞ্জে এবং করডিলেরাস পার্বত্য অঞ্চলে এই চর্চা কিছুটা হলেও টিকে থাকে। দুর্গম এই এলাকাগুলোর আদিবাসী যোদ্ধা গোত্রগুলো উপনিবেশকারী স্প্যানিশসহ অন্যান্য বিদেশিদের হাত থেকে নিজেদের মাতৃভূমিকে রক্ষা করতে সক্ষম হওয়ায় এই ঐতিহ্য টিকে থাকে।

তীর্থ থেকেই শিকড়ের শিক্ষা
চাইলেই যে কেউ নিজের গায়ে একটা ফিলিপিনো উলকি এঁকে নিতে পারবেন না। এ জন্য তাঁকে অবশ্যই কোনো না কোনোভাবে ফিলিপিনো ঐতিহ্যের সঙ্গে সম্পৃক্ত হতে হবে। ঐতিহ্যবাহী উলকিশিল্পীরা সতর্কতার সঙ্গে উলকি আঁঁকতে আগ্রহী ব্যক্তির বংশধারার খোঁজখবর নেন এবং তাঁর পারিবারিক ইতিহাসের সঙ্গে মিল রেখেই তাঁর জন্য উলকির নকশা করেন। লস অ্যাঞ্জেলেসের ফিলিপিনো-আমেরিকান উলকিশিল্পী এল্লে ফেসটিন কালিঙ্গা গোত্রের প্রবীণতম উলকিশিল্পী হাং-ওদের কাছ থেকেই এ শিক্ষা নিয়েছেন।
ফেসটিন জানান, প্রথমবার ফিলিপাইনে গিয়ে হাং-ওদের সঙ্গে দেখা করার সময় তিনি ভয় পাচ্ছিলেন যে, প্রবীণ ওই উলকিশিল্পী তাঁদের উদ্যোগতে গ্রহণ করবেন কিনা। কিন্তু ২০০৮ সালেও ওই সাক্ষাতে দারুণ অনুপ্রাণিত হয়েছিলেন ফেসটিন। হাল জামানার উন্নততর কলাকৌশলে উলকি আঁঁকা দেখে উচ্ছ্বসিত হন হাং-ওদ। ফেসটিনের যন্ত্রপাতি দেখে উত্সাহিত হয়ে তাঁকে নিজের শরীরে একটা উলকি আঁঁকার জন্য বলেন হাং-ওদ। এরপর আদিবাসী কালিঙ্গা গোত্রের বিশ্বাস এবং উলকির রীতি-নীতি নিয়েও অনেক কথা হয় তাঁদের মধ্যে।
আদিবাসী উলকির নকশাগুলোকে খানিকটা রূপান্তর ঘটিয়ে এতে আধুনিকতা আনলেও ফিলিপিনো উলকির মূল রীতি-নীতিগুলো ভালোভাবেই মেনে চলেন ফেসটিন এবং তাঁদের সংগঠনের উলকিশিল্পীরা। একইসঙ্গে তাঁরা এ বিষয়েও সচেতন যে, কেবল ফ্যাশন হিসেবে উলকি করতে যেয়ে কেউ যাতে এই ঐতিহ্যের মর্যাদাহানি না ঘটান। ফিলিপাইনে এখন আর আগের মতো পুরো শরীরে উলকি আঁকা নারী-পুরুষের দেখা না মিললেও লস অ্যাঞ্জেলেসের এই সংগঠনের উদ্যমী তরুণ-তরুণীরা আদিবাসী উলকির এই ধারাকে বহমান রাখার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।