আদিবাসী ঐতিহ্যের ফ্যাশন
সিঁড়িতে চোখ পড়তেই চমক—দেয়ালের এক পাশে বম সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বাঁশরি, অন্য পাশে ম্রোদের ঢোল। ঢোল-বাঁশির বিস্ময় ঠেলে ভেতরে ঢুকে দেখি বাড়ির পরতে পরতে আদিবাসী জীবনের বৈচিত্র্যময় ছোঁয়া। ইট-কংক্রিটের শহরে এ যেন এক অন্যজীবন। ডাইনিং টেবিলে বিছানো গারোদের পিনন, চাকমাদের কাপড় দিয়ে সাজানো জানালার পর্দা, বমদের কম্বল দিয়ে তৈরি করা হয়েছে সোফার কভার, বমদের পিনন দিয়ে কুশন। ম্রোদের কাপড় দিয়ে তৈরি দেয়ালচিত্র মন কেড়ে নেয়। চট্টগ্রামের চান্দগাঁও আবাসিক এলাকায় ফ্যাশন ডিজাইনার আইভি হাসানের বাসায় গিয়ে এমন চিত্র দেখা গেল। এখানে আদিবাসী জীবনের সঙ্গে মিলেমিশে একাকার গ্রাম ও শহর। তার কারণ বললেন আইভি—‘আমি দীর্ঘদিন ধরে আদিবাসী পোশাক নিয়ে কাজ করছি। তাদের কৃষ্টি, ঐতিহ্য তুলে আনতে চেয়েছি পোশাকে। সে জন্য বারবার ছুটে যাই বান্দরবানের দুর্গম চিম্বুকে, ম্রোদের পাড়ায়। চষে বেড়াই পাহাড়—রাঙামাটি, খাগড়াছড়ি। বাসায়ও আদিবাসীদের সহজ-সরল জীবনটা আত্মস্থ করার চেষ্টা করি।’ আইভি দেড় দশক ধরে আদিবাসী পোশাক নিয়ে কাজ করছেন। তাঁর কাজ দেশে-বিদেশে প্রশংসা পেয়েছে। তাঁর পথ ধরে শুরু করেছেন লুৎফা সানজিদা আর আমিনা রহমানরা। তবে তারও আগে ১৯৬৫ সালে মঞ্জুলিকা চাকমার হাত ধরে শুরু হয়েছিল আদিবাসী পোশাকের জয়যাত্রা। ৫৫ বছর আগে রাঙামাটিতে ছোট পরিসরে কাজ শুরু করেছিলেন মঞ্জুলিকা, আজ দেশের গণ্ডি পেরিয়ে বাইরেও বেশ কদর পাচ্ছে তাঁর কাজ। ইতিমধ্যে চট্টগ্রাম ডিজাইনারস ফোরামের ব্যানারে ১২ জন ফ্যাশন ডিজাইনার ১২টি পোশাক তৈরি করছেন। ১২ ফেব্রুয়ারি চট্টগ্রাম ক্লাবে ‘ব্র্যান্ডিং চিটাগং ২০১১’ শীর্ষক এক অনুষ্ঠানে ফ্যাশন শোর মাধ্যমে পাহাড়ি ও সমতলের মানুষের জীবনযাত্রা তুলে ধরা হবে। আইভি হাসান চারুকলার ছাত্রী। পাহাড়ি সহপাঠীদের পোশাকের বুনন সেই বিশ্ববিদ্যালয়-জীবনে মাথা ঘুরিয়ে দিয়েছিল তাঁর। ১৯৯৬ সালে গ্রামীণ চেক দিয়ে ফ্যাশন ডিজাইন শুরু তাঁর। ১৯৯৭ সালে এজাজ মাহমুদ নোঙরের ব্যানারে পোশাক প্রদর্শনীর আয়োজন করেন। বড় মঞ্চ পেয়ে ৪৮টি আদিবাসী পোশাক তৈরি করলেন আইভি। ওই প্রদর্শনীতে বেশ সুনাম হলো। এরপর থেকে অন্য পোশাকের পাশাপাশি পাহাড়ি পিনন নিয়ে কাজ করে যাচ্ছেন। এখনো চলছে স্বপ্নযাত্রা। তিনি পোশাকের পাশাপাশি বাঁশ, পুঁতি আর হাঁসুলি দিয়ে তৈরি করেছেন বাহারি গয়না।আইভি হাসান বলেন, ‘ভাবলে অবাক হতে হয়, কী বৈচিত্র্যময় ম্রো সম্প্রদায়ের তৈরি পিনন! তাঁদের সমাজে কুমারী মেয়েরা বিয়ের আগে পিনন বানায় কিন্তু বিয়ের পর আর নয়। তাদের পিননে বাঙালি জীবনটাও নিয়ে আসার চেষ্টা করেছি।’ আইভি হাসানের আদিবাসী পিনন যায় আমেরিকা, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে। এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে যেসব বিদেশি অতিথি আসে, তাঁদের জন্য উপহার হিসেবে আইভির তৈরি পোশাক, গয়না, জুতো নিয়ে যায় কর্তৃপক্ষ। আমিনা রহমানের শুরুটা চার-পাঁচ বছর আগে চাকমাদের পিনন দিয়ে। সঙ্গে গয়না, অফিস ব্যাগ, ফাইল, বাচ্চাদের ব্যাগও তৈরি করছেন। আদিবাসী পোশাক নিয়ে চট্টগ্রাম ও জাতীয় পর্যায়ে অনেক পুরস্কার পেয়েছেন তিনি। এদিকে ব্র্যান্ডিং চিটাগাং ২০১১-এ ১২ জন ডিজাইনার বেছে নিয়েছেন ১২টি বিষয়। আহমেদ নেওয়াজ আরাকান সওদাগরের জীবনধারা, আমিনা রহমান চাক ও খুমি, এইচ এম ইলিয়াস তঞ্চঙ্গ্যা, আইভি হাসান বম ও ম্রোদের পোশাক তৈরি করেছেন। এ ছাড়া সেহতাজ পারভিন পাংখোয়া, কুমার শৈবাল সাহা খাদি, লুৎফা সানজিদা ত্রিপুরা, মোহসেনা কোরেশি চাকমা, নাজমা আকতার লুসাই, রওশন আরা চৌধুরী মারমা, সুলতানা নুরজাহান থামাইরা গারোর জীবন তুলে এনেছেন তাঁদের পোশাকে। ফোরামের সবচেয়ে কনিষ্ঠ ডিজাইনার সালেহ রবি রাখাইনদের পোশাক বানাচ্ছেন। এইচ এম ইলিয়াস জানান, তিনি আগে পাহাড়ি জনগোষ্ঠীর পোশাক নিয়ে কাজ করেননি। ব্র্যান্ডিং চিটাগাং উপলক্ষে তঞ্চঙ্গ্যাদের পোশাক নিয়ে কাজ করতে গিয়ে তাদের সমৃদ্ধ ঐতিহ্য দেখে বিস্মিত হয়েছেন। পোশাকে তিনি তা-ই তুলে ধরার চেষ্টা করছেন। সালেহ রবি জানান, ‘রাখাইনেরা হলো একমাত্র উপজাতি, যাঁরা সমতলে বাস করে। পোশাকে আমি সাগরপারের বিশেষ বুনন তুলে ধরব।’