আদিবাসী তরুণীর শ্লীলতাহানির চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির আসামবস্তী সেতুর পাশের খেপ্যাপাড়ার একটি জঙ্গল থেকে নেশাগ্রস্ত অবস্থায় ১৮ বছর বয়সী এক মারমাকে তরুণীকে উদ্ধার করা হয় গত শনিবার। উদ্ধারের পর নারী অধিকার কর্মীরা অপরাজিতা (ছদ্মনাম) নামের তরুণীটিকে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করান। চিকিৎসকেরা জানান, তাঁকে নেশাজাতীয় দ্রব্যের মাধ্যমে অচেতন করে রাখা হয়েছিল। নারী অধিকার কর্মীদের দাবি, অপরাজিতার ওপর সহিংস নির্যাতন চালানো হয়েছে। এ ঘটনার অবশ্যই বিচার হতে হবে। ঘটনার ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তাঁরা জানান।হাসপাতাল সূত্র জানায়, ভর্তির পরের তিন দিন ভালোভাবে কথা বলতে পারেননি ওই তরুণী। তবে সোমবার সন্ধ্যা থেকে ঘটনার কিছু কিছু মনে পড়ে তাঁর। জানা যায়, শনিবার দুপুরে খেপ্যাপাড়ার এক বাঙালি নারী গরু আনতে গিয়ে জঙ্গলের ভেতরে অপরাজিতাকে দেখতে পান। নিজের বাড়িতে নিয়ে এসে স্নান করিয়ে আসামবস্তী এলাকার যুবক উবাচিং মারমাকে খবর দেন তিনি। উবাচিংকে নাম, পরিচয় আর বাবার মুঠোফোন নম্বর দেওয়ার পরই আবার অচেতন হয়ে যান তরুণীটি। খবর পেয়ে তাঁর বাবা এবং টুকু তালুকদারসহ নারী অধিকার কর্মীরা এসে হাসপাতালে ভর্তি করান তাঁকে।সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা বিনোদ শেখর চাকমা জানান, অপরাজিতা এখনো নেশাগ্রস্ত অবস্থায় রয়েছেন। জেনারেল হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা ন্যুয়েন খীসা জানান, অপরাজিতাকে ইনজেকশন দিয়ে নেশাগ্রস্ত করা হয়েছে। হাতে ইনজেকশন পুশ করার চিহ্ন রয়েছে। সোমবার হাসপাতালের বিছানায় শুয়ে নারী অধিকার কর্মী ও এ প্রতিবেদককে তরুণীটি জানান, তিনি উত্তর চট্টগ্রামের একটি উপজেলার একটি কলেজের এইচএসসি পরীক্ষার্থী। সম্প্রতি তিনজন বাঙালি ছাত্রীর সঙ্গে তাঁর পরিচয় হয়। গত ২৩ ফেব্রুয়ারি ওই ছাত্রীরা তাদের একজনের জন্মদিনের কথা বলে তাঁকে কলেজ থেকে সামান্য দূরে একটি রেস্টুরেন্টে নিয়ে যায়। খাওয়ার পর সেখান থেকে বেরিয়ে তাঁরা সিএনজিচালিত একটি অটোরিকশায় ওঠেন। এর পর তিনি অজ্ঞান হয়ে যান এবং পরে একটি জঙ্গলে নিজেকে আবিষ্কার করেন। সেখানে দেখেন একজন সরকারি চাকরিজীবীসহ পূর্ব পরিচিত রাঙ্গুনিয়া ও রাউজান উপজেলার দুই বাঙালি যুবক। যুবকেরা তাঁর শ্লীলতাহানির চেষ্টা করলে তিনি বাধা দেন। এ সময় তাঁকে মাথায় আঘাত করা হলেও তিনি ঘোরের মধ্যে সেখান থেকে পালিয়ে যান। কিছুক্ষণ পর আবার অজ্ঞান হয়ে যান। অপরাজিতার ধারণা, অজ্ঞান অবস্থায় যুবকেরা আবার তাঁর খোঁজ পেয়ে নেশার ইনজেকশন দেয়। এর মধ্যে একবার জ্ঞান ফিরে পেয়ে পার্শ্ববর্তী বাঙালিপাড়ায় গিয়ে আশ্রয় চাইলেও পরিস্থিতির কথা ভেবে বাঙালিরা তাঁকে আশ্রয় দিতে রাজি হননি। এদিকে অপরাজিতার সহপাঠী এক চাকমা তরুণী ও এক মারমা তরুণ ঘটনার সঙ্গে জড়িত বলে নারী অধিকার কর্মীরা সন্দেহ করছেন। ওই তরুণ-তরুণী হাসপাতালে এসে অপরাজিতার কাছে ঘটনা সম্পর্কে নানা কিছু জানতে চেয়ে তা মুঠোফোনে রেকর্ড করেছেন। নারী অধিকার কর্মীরা কৌশলে ওই রেকর্ডটি উদ্ধার করেছেন। সন্দেহভাজন চাকমা তরুণীটি স্বীকার করেন, অপরাজিতা যে দুই যুবকের নাম বলেছে, তাদের মধ্যে একজনের সঙ্গে চিৎমরমে তাঁর পরিচয় হয়। তাঁর মাধ্যমে ওই যুবকের সঙ্গে অপরাজিতার পরিচয় হয়েছিল। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ আন্দোলন, পার্বত্য চট্টগ্রামের আহ্বায়ক টুকু তালুকদার এবং পার্বত্য চট্টগ্রাম উইমেন্স অর্গানাইজেশন নেটওয়ার্কের কেন্দ্রীয় সভাপতি নাই উ প্রু বলেন, ‘অপরাজিতা সুস্থ হয়ে উঠলে মামলা করা হবে।’ রাঙামাটি জেলা পুলিশ সুপার (এসপি) আমেনা বেগম জানান, তিনি ঘটনাটি জেনেছেন। তবে এক সপ্তাহের বেশি সময় নিখোঁজ থাকলেও কেন পরিবারের পক্ষ থেকে থানাকে জানানো হয়নি, সে ব্যাপারে তিনি প্রশ্ন তোলেন।