আদিবাসী নারীকে অসামাজিক কাজে বাধ্য করার দায়ে শিক্ষক বরখাস্ত
রাঙামাটির রাজস্থলীর বাঙ্গালহালিয়া উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইদ্রিস মিয়াকে অসামাজিক কাজের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আদিবাসী নারীকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অসামাজিক কাজে লিপ্ত করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।গত বুধবার সকাল সাড়ে ১১টায় রাঙামাটি শহরের কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিদ্যালয় পরিচালনা কমিটির (এসএমসি) সভাপতি খ্যামাচারা ভিক্ষু লিখিত বক্তব্যে এ তথ্য জানান। এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষক ইদ্রিস মিয়ার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, ‘গত ২০ জুলাই বিদ্যালয়ে আয়ার চাকরি প্রার্থী এক আদিবাসী নারীকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইদ্রিস মিয়া নিজের আবাসিক কক্ষে নিয়ে যান। সন্ধ্যা সোয়া সাতটার দিকে তাঁকে অসামাজিক কাজে বাধ্য করেন। এ সময় স্থানীয় আদিবাসী ও বাঙালিরা মিলে ইদ্রিস মিয়া ও ওই আদিবাসী নারীকে হাতেনাতে ধরে ফেলেন। বিক্ষুব্ধ এলাকাবাসী লাঠিসোটা নিয়ে মিছিল বের করলে পুলিশ এসে তাঁদের নিরাপত্তা হেফাজতে নিয়ে যায়। এ ঘটনায় বিদ্যালয় পরিচালনা কমিটি ও অভিভাবকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ায় ইদ্রিস মিয়াকে বরখাস্ত করা হয়েছে বলে খ্যামাচারা ভিক্ষু জানান। সংবাদ সম্মেলনে বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি পুলক বড়ুয়া, অভিভাবক মংক্যউ মারমা ও বিশ্বনাথ চৌধুরী উপস্থিত ছিলেন।