রাঙামাটিতে সমাবেশে সন্তু লারমা
আদিবাসী নারীদের অধিকার প্রতিষ্ঠায় শান্তিচুক্তির বাস্তবায়ন করতে হবে
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি ও আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা বলেছেন, ‘পার্বত্য চট্টগ্রামের নারীদের অধিকার প্রতিষ্ঠায় পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন করতে হবে। নারীরাই সবচেয়ে বেশি নিপীড়ন ও শোষণের শিকার। তাই নারীর প্রতি সহিংসতা রোধে পুরুষদের এগিয়ে আসতে হবে।’আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাঙামাটিতে অনুষ্ঠিত সমাবেশে এসব কথা বলেন তিনি। শিল্পকলা একাডেমী চত্বরে সমাবেশে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির সভাপতি মাধবীলতা চাকমা। বক্তব্য দেন আদিবাসী ফোরামের পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক শাখার আহ্বায়ক প্রকৃতিরঞ্জন চাকমা, টুকু তালুকদার, আরতি চাকমা, সুনীল কান্তি দে, প্রণতি বিকাশ চাকমা, জোনাকি চাকমা, শরেজ্যাতি চাকমা প্রমুখ। বক্তারা বাঘাইহাটের সহিংস ঘটনায় নিহত বুদ্ধপুদি চাকমা আদিবাসী নারীর অসহায়ত্বের প্রতীক বলে মন্তব্য করেন। পরে শিল্পকলা একাডেমী চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তরের উদ্যোগে রাঙামাটি শহরে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সুশাসনের জন্য প্রচারাভিযান, বাংলাদেশ মহিলা পরিষদসহ বিভিন্ন বেসরকারি সংগঠন অংশ নেয়। পরে রাঙামাটি পৌরসভা মিলনায়তনে মহিলা পরিষদের সভাপতি কনিকা বড়ুয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সৌরেন্দ্রনাথ চক্রবর্তী। বক্তব্য দেন জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা তানজিলা বেগম, সাবেক প্রধান শিক্ষক নিরূপা দেওয়ান ও সুস্মিতা চাকমা প্রমুখ।