আদিবাসী : বাংলাদেশ নরওয়ের অভিজ্ঞতা কাজে লাগাতে পারে
নরওয়ের আদিবাসীরা সামিস্ক বা সামের নামে পরিচিত। সংখ্যায় তাঁরা খুব বেশি নয়। নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড ও রাশিয়ায় তাঁদের বসবাস। এই চার দেশে বর্তমানে পঞ্চাশ হাজার সামের রয়েছে।সামের আদিবাসীর প্রায় অর্ধেক বাস করেন নরওয়েতে। উত্তর নরওয়ের আলটা ও কাউটুকাইনু নামক স্থানে তাঁদের বসবাস সবচেয়ে বেশি। পৃথিবীর উত্তর গোলার্ধের এ অঞ্চলের আদিবাসীদের সঙ্গে নরডিক জনগণের সম্পর্ক এবং রাষ্ট্রীয় ও রাজনৈতিক সিদ্ধান্তের মাধ্যমে আদিবাসীদের এলাকা উল্লিখিত চারটি দেশের মধ্যে ভাগ করা হয়।
আঠারো শতকের প্রথমার্ধে সামেরদের আবাসভূমিতে রাইন-ডিয়ারের সংখ্যা বৃদ্ধি পায়। তখন জীবিকার জন্য রাইনডিয়ারদের কৃষিখামারের ওপর নির্ভরশীল সামের আদিবাসীদের সংখ্যাও বাড়ে। এ সময় নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড ও রাশিয়ার শাসকরা সামেরদের এলাকায় কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা চালুর মাধ্যমে আগের চেয়ে অধিকতর শোষণ কায়েম ও করের পরিমাণ বৃদ্ধি করে৷ স্পিরিট জাতীয় মদের বৈধ ও অবৈধ ব্যবসায়ী এবং মদের ব্যবসার সঙ্গে যুক্ত ধর্মযাজকদের কর্মকান্ড সামেরদের অর্থনীতি, কল্যাণ, সমাজব্যবস্থা ও বৈষয়িক ভিওির উপর মারাত্মক আঘাত হানে। গীর্জার উদ্যোগে নরওয়ের ভাষায় সামেরদের খ্রিস্টানধর্ম শিক্ষা দেওয়া শুরু হয়। তাঁদের খ্রিস্টানধর্মে দিক্ষিত করার জন্য যথেষ্ট অর্থও ব্যয় করা হয়।
এক পর্যায়ে সামেররা বুঝতে পারে তাঁরা বিভিন্নভাবে বঞ্চনা ও শোষণের শিকার। ১৮৫২ সালের ৮ নভেম্বর নরওয়ের সরকারী কর্তৃপক্ষ ও সুইডেনের ব্যবসায়ীর ওপর একদল সামের যুবক আক্র্মণ করে। এই ঘটনায় একজন ব্যবসায়ী ও একজন পুলিশ এবং তিনজন সামের নিহত হয়। পরে বিদ্রোহী সামেরদের ৩৩ জনের বিচার করা হয়। বিচারে দুই জনকে মৃত্যুদন্ড এবং বাকিদের বিভিন্ন ধরনের সাজা দেওয়া হয়। সামেরদের সংগ্রামের ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা।
নরওয়ের সমাজের সঙ্গে সামেরদের একীভূত বা মিশে ফেলার বিরুদ্ধে ১৮৪০ সাল থেকে মূলতঃ তাঁরা প্রতিবাদ-প্রতিরোধ গড়ে তোলে। প্রথম বিশ্বযুদ্ধের পর সামেরদের অর্থনৈতিক অবস্থা মারাত্ম্ক সংকটের সম্মুখীন হয়। ঐতিহ্যগতভাবে পশু শিকার, খোলা মাঠে ফসল উৎপাদন, মৎস্য চাষ, রাইনডিয়ার এগুলো হচ্ছে সামেরদের অর্থনীতির ভিত্তি। এসবের ওপর তাঁদের দীর্ঘদিনের যৌথ মালিকানার স্বীকৃতি নরওয়ের সরকার দেয়নি। সামপ্রতিক ইতিহাসে দেখা যায় অভিবাসীর আগমণ, সাংস্কৃতিক আগ্রাসন এবং রাষ্ট্রের পক্ষ থেকে সামেরদেরকে প্রধান জনগোষ্ঠীর একীভূত করার প্রক্রিয়ার মাধ্যমে তাঁদের ইতিহাস, ঐতিহ্যকে মুছে ফেলার চেষ্টা করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ্ পর্যন্ত এই প্রবণতা চলতে থাকে।
আদিবাসীদের বিভিন্ন্ সমস্যার সমাধান ও অধিকার আদায়ের প্রশ্নে ১৯৪৮ সাল থেকে মূলতঃ তাঁরা ব্যাপকভাবে সংগঠিত হতে শুরু করে। বিংশ শতাব্দীতে তাদের আন্দোলনে কোনো বড় ধরনের রক্তক্ষয়ী ঘটনা ঘটেনি। এ সময় তাঁদের আন্দোলন-সংগ্রাম, সভা-সমাবেশ, শোভযাত্রা, প্রতিবাদ-প্রতিরোধ ইত্যাদির মাধ্যমে চলতে থাকে।
১৯৪৮ থেকে ’৬৭ পর্যন্ত তাঁদের সংগঠনের নাম ছিল নরওয়ের রাইন-খামার সামের জাতীয় সমিতি। ১৯৬৮-’৭৭ পর্যন্ত তাঁদের সংগঠনের নাম ছিল নরওয়ের সামেরদের জাতীয় সমিতি। এরপর ১৯৭৮-’৮৭ সময়কালে সামেরদের শক্তিশালী আন্দোলন গড়ে ওঠে। শুরু থেকেই সামগ্রিক আন্দোলনে সামের আদিবাসী নারীরাও সক্রিয় ভূমিকা পালন করেন। সামেরদের সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনার ভিত্তিতে তাঁদের ভূমি ও পানির ওপর অধিকার এবং তাদের নিজস্ব এলাকায় নির্বাচিত সংস্থা স্থাপনের বিষয়ে ঐকমত্য তৈরি হয়।
১৯৮৭ সালে সামেরদের অধিকার প্রতিষ্ঠার আইন নরওয়ের জাতীয় সংসদে পাশ হয়। যাতে বলা হয় সামেররা তাদের নিজস্ব সংসদ গঠন করবে এবং নরওয়ের রাজা তা উদ্বোধন করবেন। একই বিধানে নরওয়ের সংসদ আইএলও চুক্তি মোতাবেক আদিবাসীদের সাংবিধানিকভাবে স্বীকৃতি দেয়। ৬ ফেব্রুয়ারি সামেরদের পতাকা দিবস। দিবসটি নরওয়ের সর্বত্র বিভিন্ন কর্মসূচি ও সাজসজ্জার মাধ্যমে উদযাপিত হয়।
সামেরদের সংসদ (সামেতিঙ্গেত) প্রতিষ্ঠিত হয় ১৮৮৯ সালের সেপ্টেম্বরে। ৯ অক্টোবর ১৯৮৯ কারাশোক নামক স্থানে নরওয়ের তৎকালীন রাজা ওলাভ আদিবাসীদের নিয়ে গঠিত সংসদ উদ্বোধন করেন। এই সংসদের সদস্য সংখ্যা ৩৯| চার বছর পরপর সামের আদিবাসীদের ভোটে তাঁরা নির্বাচিত হন। এই সংসদের মাধ্যমে সামের আদিবাসীগণ তাঁদের ভাষা, সংস্কৃতি ও সমাজ জীবনের সার্বিক উন্নতির পথে এগিয়ে যাচ্ছেb| এখন নরওয়ের রাষ্ট্রকাঠামোর অধীনে তাঁরা সর্বোচ্চ স্বায়ত্ত্বশাসনের অধিকারী। সুইডেন ও ফিনল্যান্ডেও সামেরদের সংসদ প্রতিষ্ঠিত হয়েছে। রাশিয়াতে এখনো হয়নি।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আদিবাসী প্রশ্নে বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটে| ইউরোপের কোনো কোনো দেশকে বিশ্বের আদিবাসীদের চতুর্থ দুনিয়া বলা হয়| আইএলও-এর উদ্যোগে আদিবাসী প্রশ্নে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় ১৯৫৭ সালে। এই বৈঠকে কনভেনশন ১০৭ অনুমোদিত হয়৷ ১৯৮৯ সালে অনুমোদিত হয় কনভেনশন ১৬৯| ডব্লিউসিআইপি (ওয়ার্ল্ড কাউন্সিল অব ইন্ডিজেনাস পিপলস) প্রতিষ্ঠিত হয় ১৯৭৫ সালে। ১৯৮৯ প্রতিষ্ঠিত হয় আইআইডব্লিউসি (ইন্টারন্যাশনাল ইন্ডিজেনাস ওমেনস কাউন্সিল)।
আদিবাসীদের সমস্যা সমাধানের প্রশ্নে বিশ্বব্যাপী জনগণ ও সরকারের সচেতনতা বাড়ছে। নরওয়ের আদিবাসীদের সংগ্রাম ও সফলতা সারা বিশ্বের আদিবাসীদের জন্য এক ঐতিহাসিক দৃষ্টান্ত ও অনুপ্রেরণার উৎস। এ বছর ২৪ সেপ্টেম্বর থেকে জাতিসংঘের উদ্যোগে নিউইয়র্কে সপ্তাহব্যাপী বিশ্ব আদিবাসী সম্মেলন অনুষ্ঠিত হবে। পর্যবেক্ষকদের ধারণা তখন আদিবাসীদের স্বার্থের অনুকূলে সিদ্ধান্ত গৃহীত হবে।
ইউএনডিপি-এর রিপোর্ট অনুযায়ী নরওয়ে এ বছর মানবসম্পদ উন্নয়ন সূচকে প্রথম স্থান অধিকার করেছে। এখানকার আদিবাসীরাও এই উন্নত মানবসম্পদের অংশ। বাংলাদেশের পার্বত্য তিন জেলাসহ সারাদেশে ৩০ লাখের মতো আদিবাসী বসবাস করেন। তাঁদের জন্য আমাদের অনেক কিছু করার রয়েছে। মানবসম্পদ উন্নয়ন সূচকে এবার বাংলাদেশের অবস্থান ১৪২। বাংলাদেশ সরকার ১৯৯৭ সালে পার্বত্য উপজাতিদের সঙ্গে শান্তি-চুক্তি স্বাক্ষর করেছিল। এ চুক্তি বাস্তবায়িত হলে আমাদের সকলের জন্যই তা কল্যাণ বয়ে আনবে বলে আমার বিশ্বাস। এর মাধ্যমে আমরা মানবসম্পদ উন্নয়ন সূচকের বর্তমান অবস্থান থেকে আরও অগ্রগতি করতে সক্ষম হবো।
খোরশেদ আহমেদ
ওসলো, নরওয়ে