আদিবাসী ভোটারদের কাছে টানার চেষ্টা প্রার্থীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য উপজেলা নির্বাচনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে কাপ্তাইয়ে। এই উপজেলায় চেয়ারম্যান পদে লড়াই হবে মূলত আওয়ামী লীগ, বিএনপি এবং জনসংহতি সমিতি সমর্থিত প্রার্থীর মধ্যে। উপজেলায় ৪০ হাজার ভোটারের সমর্থন পেতে জোর প্রচারণা চালচ্ছেন প্রার্থীরা। তবে বিশ্লেষকেরা বলছেন, উপজেলার আদিবাসী ভোটাররা এবার জয়-পরাজয় নির্ধারণে ভূমিকা রাখতে পারেন। এ কারণে তিন দলের চেয়ারম্যান প্রার্থীই বাঙালি ভোটারদের পাশাপাশি আদিবাসী ভোটারদেরও মন জয় করতে চাইছেন।
রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদার ও জেলা বিএনপির সভাপতি দীপেন দেওয়ানের হস্তক্ষেপের ফলে এবার কাপ্তাই উপজেলায় আওয়ামী লীগ এবং বিএনপি একক প্রার্থী দিয়েছে। তবে ভাইস চেয়ারম্যান পদে দুই দলেরই একাধিক প্রার্থী রয়েছে। এই উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সমর্থন নিয়ে মো. মফিজুল হক (আনারস), বিএনপির সমর্থন নিয়ে মো. দিলদার হোসেন (দোয়াত কলম) এবং জনসংহতি সমিতির সমর্থন নিয়ে চাই হ্লা প্রু মারমা (হেলিকপ্টার) নির্বাচন করছেন।
বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী দলীয় প্রার্থী মো. মফিজুল হকের সমর্থনে মনোনয়ন প্রত্যাহার করেছেন। দলীয় প্রার্থী মফিজুল হক বাঙালি ভোটারদের পাশাপাশি আদিবাসী ভোটারদেরও সমর্থন পাবেন বলে জানান রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদার।
অপর দিকে, রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপেন দেওয়ান কাপ্তাইয়ে বিএনপির প্রার্থীর জয়ের ব্যাপারে আশাবাদী।
এদিকে, স্থানীয় আদিবাসী নেতারাও আওয়ামী লীগ, বিএনপি ও জনসংহতি সমিতির প্রার্থীর সমর্থনে প্রচারণায় নেমেছেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থোয়াই চিং মারমা বলেন, মফিজুল হক চন্দ্রঘোনা ইউনিয়নের দুবারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। বাঙালিদের পাশাপাশি আদিবাসী ভোটারদের মধ্যেও তিনি জনপ্রিয়।
অপর দিকে, বিএনপির পক্ষে প্রচারণায় নেমেছেন উপজেলা বিএনপির সহসভাপতি টি এস তালুকদারসহ আদিবাসী নেতারা।
প্রচারণায় পিছিয়ে নেই জনসংহতি সমিতির প্রার্থীও। জনসংহতি সমিতির স্থানীয় নেতা ও ভাইজ্জাতলী মৌজার হেডম্যান থোয়াই অং মারমা বলেন, ‘উপজেলার ভোটারদের একটি অংশ আদিবাসী। এদের সবাই চাই হ্লা প্রু মারমাকে (ওরফে এসপি মারমা) ভোট দেবেন। পাশাপাশি বাঙালি ভোটারদের ভোটও তিনি পাবেন বলে আশা করছি।’
আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মফিজুল হক বলেন, ‘অতীতে যখন চন্দ্রঘোনা ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম তখন সমগ্র উপজেলার মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করেছি। নির্বাচিত হতে পারলে সব সম্প্রদায়ের মানুষকে সঙ্গে নিয়ে উপজেলার উন্নয়ন করব।’ বিএনপি সমর্থিত প্রার্থী মো. দিলদার হোসেন বলেন, ‘কাপ্তাই উপজেলার উন্নয়ন করার জন্যই প্রার্থী হয়েছি। নির্বাচিত হতে পারলে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব।’ জনসংহতি সমিতি সমর্থিত প্রার্থী চাই হ্লা প্রু মারমা বলেন, ‘আদিবাসী ছাড়াও এলাকার সব শ্রেণীর মানুষের সঙ্গে আমার সুসম্পর্ক রয়েছে। নির্বাচিত হলে পাহাড়ি-বাঙালি নির্বিশেষে সবার জন্য কাজ করব।’