বান্দরবানে বোমাং রাজপূণ্যাহ উৎসবে আসা হাজারো দেশি-বিদেশি পর্যটক দেখলেন আদিবাসী শিল্পীদের মনোমুগ্ধকর উপস্থাপনা। ১৯ ডিসেম্বর মারমা, ত্রিপুরা, বম, ম্রো, তঞ্চঙ্গ্যাসহ বিভিন্ন জনগোষ্ঠীর নাচ–গান নিয়ে আয়োজন করা হয় এই সাংস্কৃতিক অনুষ্ঠান।
১৯ ডিসেম্বর রাজপূণ্যাহর প্রথম দিনে বোমাং রাজা ও অতিথিদের বক্তব্য শেষে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। মারমা শিল্পীগোষ্ঠীর উদ্যোগে আয়োজিত হয় এই সাংস্কৃতিক অনুষ্ঠান।
আদিবাসী শিল্পীরা ঐতিহ্যবাহী পোশাকে নিজেদের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরেছেন। শুরুতেই ছিল মারমা শিল্পীদের পাখানাচ। ত্রিপুরা শিল্পীরা বোতলনাচের সঙ্গে হাতের আঙুলে ডালা ঘুরিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন।
এ ছাড়া বম শিল্পীরা রোখা তল্লা বা বাঁশনৃত্য, তঞ্চঙ্গ্যা শিল্পীরা জুমনাচ, ম্রো আদিবাসী শিল্পীরা সিয়াসত পল্লাই বা গো–হত্যানাচ পরিবেশন করেন।
জেলা শহরের রাজার মাঠ ও রাজবাড়ি মাঠে এবার বড় পরিসরে ১৭তম বোমাং রাজা উ চ প্রু চৌধুরীর প্রথম পূণ্যাহর আয়োজন করা হয়েছে। উৎসবের পরিসর বাড়ায় এবার লোক সমাগমও বেশি হয়েছে। পর্যটকদের ভিড়ে সমগ্র জেলা শহর উৎসবমুখর হয়ে উঠেছে। এবারে চার দিনব্যাপী আয়োজিত রাজপূণ্যাহ আগামীকাল সোমবার পর্যন্ত চলবে বলে রাজদরবারের সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।
পূণ্যাহ উপলক্ষে আয়োজিত সভায় বোমাং রাজা উ চ প্রু চৌধুরী বলেন, আদিবাসী জুমিয়াদের কাছ থেকে খাজনা আদায়ের উৎসব আনুষ্ঠানিকতা ১৮৭৫ সাল থেকে বান্দরবানের বোমাং রাজপরিবার আয়োজন করে আসছে।
এবার উৎসবে অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উ শৈ চিং।