আদিবাসী শিশুদের চাই মাতৃভাষায় শিক্ষা
আদিবাসী শিশুদের মানসম্মত শিক্ষা পাওয়া নিশ্চিত করতে তাদের মাতৃভাষায় শিক্ষাদানের বিকল্প নেই। সে কারণে বিভিন্ন বেসরকারি সংস্থা (এনজিও) বেশ কিছু এলাকায় প্রাক-প্রাথমিক স্তরে শিশুদের মাতৃভাষায় শিক্ষা দিচ্ছে। তবে মাতৃভাষায় শিক্ষাদানে সরকারিভাবে বা এনজিওগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগ নেই। যদিও পার্বত্য চুক্তি ও জাতীয় শিক্ষানীতিতে আদিবাসী শিশুদের মাতৃভাষায় শিক্ষালাভের অধিকার স্বীকার করে নেওয়া হয়েছে।অবশ্য সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং জাতীয় পাঠ্যপুস্তক ও শিক্ষাক্রম বোর্ড (এনসিটিবি) ছয়টি সম্প্রদায়ের আদিবাসী শিশুদের জন্য প্রাক-প্রাথমিক শ্রেণীর পাঠ্যপুস্তক প্রণয়ন ও শিক্ষক নিয়োগ-সংক্রান্ত নির্দেশিকা তৈরির সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট কর্মকর্তা ও গবেষকদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।পার্বত্য জেলাগুলোর আদিবাসী শিশুদের মাতৃভাষায় শিক্ষাদানের ক্ষেত্রে অগ্রণী ভূমিকায় আছে খাগড়াছড়ি পার্বত্য জেলার জাবারাং কল্যাণ সমিতি। এ সংগঠন বর্তমানে ১০৮টি প্রাক-প্রাথমিক এবং ১৪টি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মাতৃভাষায় শিক্ষার সুযোগ দিচ্ছে। এ প্রকল্পে ২০০৭ সাল থেকে সহযোগিতা করছে সেভ দ্য চিলড্রেন।জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা বলেন, ‘আমাদের প্রকল্প পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, মাতৃভাষায় শিক্ষা দেওয়া হলে শিশুদের বিশ্লেষণ দক্ষতা বাড়ে। এ ছাড়া শিশুদের পাঠ্যপুস্তকের প্রতি আকর্ষণ সৃষ্টি হয়। ফলে বিদ্যালয় থেকে ঝরে পড়ার হার অনেক কমে যায়।’জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন সহায়তা প্রকল্পের শিক্ষা ক্লাস্টারের কর্মসূচি কর্মকর্তা সুখেশ্বর চাকমা বলেন, কোনো শিশু খালি জ্ঞান নিয়ে বিদ্যালয়ে ভর্তি হয় না। সে তার পারিপার্শ্বিক ভাষা, সংস্কৃতি, পরিবেশ ধারণ করে বিদ্যালয়ে যায়। সে কারণে তার জানাশোনা থেকে শুরু হলে শিক্ষা গ্রহণে আগ্রহ সৃষ্টি হয়। শিক্ষার পদ্ধতিটা হলো, ‘জানা থেকে অজানা, সহজ থেকে কঠিনে যাওয়া।’ সেভাবে ইউএনডিপির পক্ষ থেকে আদিবাসী শিশুদের প্রাক-প্রাথমিক শিক্ষার উপকরণ তৈরি করা হয়েছে। এসব উপকরণ পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এনজিও সাতটি ভাষাভাষী শিশুদের প্রাক-প্রাথমিক শিক্ষায় ব্যবহার করছে।অন্যদিকে পাহাড় ও সমতলের ছয়টি ক্ষুদ্র জাতিসত্তার শিশুদের মাতৃভাষায় শিক্ষাদানের বিষয়ে ৩ ডিসেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং এনসিটিবির উদ্যোগে সভা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ওই সভায় উপস্থিত ছিলেন চাকমা ভাষা বিষয়ে গবেষক মৃত্তিকা চাকমা। তিনি বলেন, ‘ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নিজস্ব ভাষায় পাঠ্যপুস্তক প্রণয়নের পদ্ধতি ও কৌশল নির্ধারণ’ শীর্ষক ওই সভায় ২০১৩ সালের মধ্যে পাহাড়ের চাকমা, মারমা, ত্রিপুরা এবং সমতলের সাঁওতাল, গারো ও ওঁরাও সম্প্রদায়ের শিক্ষার কারিকুলাম ও সিলেবাস তৈরি করে ২০১৪ সাল থেকে মাতৃভাষায় শিক্ষাদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।সহযোগিতায়: ইউনিসেফ