আদিবাসী শিশুরা প্রথম পাঠ নিচ্ছে নিজস্ব বর্ণমালায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টিনের ছাউনি আর বেড়ার কক্ষটিতে মেঝেতে মাদুর পেতে বসে আছে একদল আদিবাসী শিশু। দেয়ালে ঝুলছে কক্বরক ভাষায় (ত্রিপুরা) বড় হরফে লেখা বর্ণমালা। আছে ওই ভাষার নানা ছড়া ও পশু-পাখির বর্ণনা। শিক্ষিকা একেকটা অক্ষর দেখিয়ে বলছেন, তাঁর সঙ্গে সঙ্গে সমস্বরে পড়ছে শিশুরাও। চিত্রটি খাগড়াছড়ি সদর উপজেলার চার মাইল এলাকার আলাধনপাড়া অঙ্কুর প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের।খাগড়াছড়ি জেলায় মাতৃভাষায় প্রথম পাঠ নিচ্ছে দুই হাজারের বেশি আদিবাসী শিশু। চারপাশের পরিচিত শব্দগুলোর মাধ্যমেই পড়াশোনা করছে তারা। প্রাক-প্রাথমিক বিদ্যালয়ে চার থেকে ছয় বছর বয়সী শিশুরা এই শিক্ষার সুযোগ পাচ্ছে। জানা যায়, জেলার তিন উপজেলা—খাগড়াছড়ি সদর, দীঘিনালা ও পানছড়ি উপজেলায় মোট ১০০টি প্রাক-প্রাথমিক বিদ্যালয়ে দুই হাজার ২৬ শিশু পড়ছে। এর মধ্যে ৫৫টি বিদ্যালয়ে চাকমা ভাষায়, ৪০টি কক্বরক (ত্রিপুরা) ও পাঁচটি মারমা ভাষায় পড়ানো হচ্ছে। বেসরকারি উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেনের একটি প্রকল্পের আওতায় এটি বাস্তবায়ন করছে স্থানীয় উন্নয়ন সংস্থা জাবারাং কল্যাণ সমিতি।প্রকল্প কর্মকর্তারা জানান, প্রাক-প্রাথমিক শিক্ষায় শিশুদের উপযোগী সুনির্দিষ্ট একটি পাঠ্যক্রমের মাধ্যমে শিশুদের পাঠদান করা হচ্ছে। প্রথম পর্যায়ে শিশুদের ছবি দেখে বলা ও লেখার দক্ষতা অর্জনের জন্য তাদের সামনে পরিচিত ৩৬টি বিষয় তুলে ধরা হয়। দ্বিতীয় পর্যায়ে মাতৃভাষার বর্ণমালার সঙ্গে পরিচিত করে লেখার দক্ষতা গড়ে তোলা হয়। আলাধনপাড়া অঙ্কুর প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা চন্দনা ত্রিপুরা বলেন, ‘এ বিদ্যালয়ে ২১ শিশু নিয়মিত ক্লাসে আসে। মাতৃভাষায় শিক্ষা কার্যক্রম হওয়াতে তাদের সঙ্গে আমার নিবিড় সম্পর্ক গড়ে উঠেছে।’ তিনি আরও বলেন, ‘শিশুরা মনোযোগ সহকারে স্বচ্ছন্দে শিক্ষা গ্রহণ করছে। তাদের মধ্যে আমি কখনো ভয়-ভীতি কাজ করতে দেখিনি।’অভিভাবকেরা জানান, প্রাক-প্রাথমিকে শিশুদের নিজস্ব ভাষায় শেখানো হয় বলে তাদের মধ্যে কোনো ভয়-ভীতি কাজ করে না। খুব সহজে তাদের বোঝানো সম্ভব হয়। তাঁরা এই ব্যবস্থাটি প্রাথমিক স্তর পর্যন্ত চালু করার দাবি জানান।প্রকল্পের তদরকি কর্মকর্তা শুভ রঞ্জন ত্রিপুরা জানান, প্রকল্পটি ২০০৬ সালের জুন মাস থেকে শুরু হয়। চলবে ২০১৩ সালের মার্চ পর্যন্ত। এর মধ্যে ২০১০ সাল পর্যন্ত এটি একটি পাইলট প্রকল্পের আওতায় ছিল। বেসরকারি উদ্যোগে নিজস্ব ভাষায় শিক্ষার সুযোগকে ইতিবাচক মন্তব্য করে শিক্ষাবিদ অধ্যাপক সুধীন কুমার চাকমা বলেন, ‘এই শিক্ষাব্যবস্থাটি বেসরকারি উদ্যোগে নয়, রাষ্ট্রকেই নিতে হবে। জাতীয় শিক্ষানীতিতে আদিবাসী ও ক্ষুদ্র জাতিসত্তার নিজস্ব ভাষায় প্রাথমিক স্তর পর্যন্ত শিক্ষাদানের কথা উল্লেখ আছে। তাই রাষ্ট্রকেই আদিবাসীদের নিজ মাতৃভাষায় শিক্ষার সুযোগদানে এগিয়ে আসতে হবে।’