আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠার জন্য চাই বৈষম্যহীন প্রশাসন ও সুশাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাকমা সার্কেল-প্রধান রাজা দেবাশীষ রায় বলেছেন, আদিবাসীদের অধিকার বিশেষ কোনো অধিকার নয়, এটা জাতিসংঘ-স্বীকৃত মানবাধিকার। এ অধিকার প্রতিষ্ঠার জন্য চাই বৈষম্যহীন প্রশাসন ও সুশাসন।
‘আদিবাসী জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় সুশাসন ও দুর্নীতি প্রতিরোধ’বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গত ২৭ ফেব্রুয়ারি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সহযোগিতায় রাঙামাটি সচেতন নাগরিক কমিটি (সনাক) এ মতবিনিময় সভার আয়োজন করে।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সম্মেলনকক্ষে সনাকের সভাপতি নিরূপা দেওয়ানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান, টিআইবির জ্যেষ্ঠ কর্মসূচি ব্যবস্থাপক ফজিলা খানম, অধ্যাপক সুধীন কুমার চাকমা, অধ্যাপক মং সানু চৌধুরী ও রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সুনীল কান্তি দে।
দেবাশীষ রায় আশা প্রকাশ করে বলেন, একদিন দেশ থেকে দুর্নীতি দূর হবে এবং সুশাসন ও আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা পাবে। তিনি বলেন, বর্তমান প্রজন্ম অনেক বেশি দায়িত্ববান ও প্রগতিশীল। তারা দুর্নীতি প্রতিরোধ এবং মানবাধিকার প্রতিষ্ঠায় কাজ করবে।
মতবিনিময় সভায় পার্বত্য চট্টগ্রামে ভূমিসমস্যা সমাধান, পার্বত্য চুক্তি বাস্তবায়ন, পার্বত্য জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠানসহ চুক্তি অনুযায়ী গঠিত প্রতিষ্ঠানগুলোকে যথাযথভাবে ক্ষমতা প্রদানের সুপারিশ করা হয়। অনুষ্ঠানে রাঙামাটি ও খাগড়াছড়ি পার্বত্য জেলার সুশীল সমাজ ও যুব সম্প্রদায়ের শতাধিক প্রতিনিধি অংশ নেন।