আদিবাসীদের ওপর সন্ত্রাসী হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদা না পেয়ে একদল সন্ত্রাসী রাঙ্গুনিয়ার সরফভাটা ইউনিয়নের বড়খোলা গ্রামের পাহাড়ে আদিবাসীদের ওপর হামলা চালিয়েছে। সন্ত্রাসীরা এ সময় কিরিচ দিয়ে কুপিয়ে চার আদিবাসীকে গুরুতর আহত করে মূল্যবান জিনিসপত্র লুট করে। ১১ মার্চ সন্ধ্যায় এ ঘটনা ঘটে।আদিবাসীরা জানান, ১৫-১৬ সন্ত্রাসীর একটি দল বন্দুক ও ধারালো কিরিচ নিয়ে বড়খোলা গ্রামে হানা দিয়ে আদিবাসীদের এলোপাতাড়ি মারতে থাকে। তাঁরা প্রাণভয়ে পালাতে শুরু করলেও মং খ্যউ মারমা (৩০), থু ম মারমা (২৮), ছিং চা থুই মারমা (২৭) ও মংসি প্রু মারমাকে (৩২) কিরিচ দিয়ে কুপিয়ে আহত করে। সন্ত্রাসীরা এ সময় নগদ টাকা, মুঠোফোনসহ মূল্যবান জিনিসপত্র লুট করে। আহতদের ১২ মার্চ সকালে উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। পল্লির কার্বারী মাস্টার অনন্ত মারমা জানান, সরফভাটা ইউনিয়নের কুখ্যাত সন্ত্রাসী বাবুল গ্রুপের সদস্যরা গত দু-তিন মাস ধরে বড়খোলা গ্রামের পাহাড়ি আদিবাসীদের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা আদায় করছে। চাঁদা দিতে না পারায় সন্ত্রাসীরা সংশ্লিষ্টদের ওপর এ হামলা চালানো হয়। এ ব্যাপারে রাঙ্গুনিয়া থানায় মামলা করা হয়েছে।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান বলেন, ‘ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। হামলায় জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হবে।’