আদিবাসীদের ক্ষোভ-অসন্তোষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি না দেওয়া ও জাতীয়তার পরিচয় বাঙালি হিসেবে নির্ধারণ করায় পার্বত্য চট্টগ্রামে ব্যাপক ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। এ নিয়ে বিভিন্ন পর্যায়ে চলছে আলোচনা-পর্যালোচনা। ইতিমধ্যে দুই আঞ্চলিক রাজনৈতিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এবং তিন পার্বত্য জেলার (রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান) দল নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে গঠিত পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটি পঞ্চদশ সংশোধনী প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেছে।গতকাল শনিবার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি রাঙামাটির জিমনেশিয়াম চত্বরে আয়োজিত প্রতিবাদ সমাবেশ থেকে সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল, আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও পার্বত্য শান্তিচুক্তির যথাযথ বাস্তবায়নের দাবি জানানো হয়েছে। এর আগে ইউপিডিএফ আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির দাবি ও আদিবাসীদের বাঙালি হিসেবে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে ১ জুলাই রাঙামাটির নানিয়ারচরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। এ ছাড়া বিভিন্ন স্থানে লাল পতাকা মিছিল করেছে। সংগঠনটির উদ্যোগে আগামী মঙ্গলবার মানববন্ধন কর্মসূচি পালন করা হবে বলে জানা গেছে।পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির রাঙামাটি ও বান্দরবান শাখা পৃথক সংবাদ সম্মেলন করে সংবিধানে পঞ্চদশ সংশোধনী পুনর্মূল্যায়নের মাধ্যমে আদিবাসী জনগোষ্ঠীর অস্তিত্ব যথাযথভাবে স্বীকৃতি দেওয়া ও পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নের রোডম্যাপ ঘোষণার দাবি জানানো হয়। এ ছাড়াও সরকার পার্বত্য শান্তিচুক্তির মাধ্যমে সারা বিশ্বে ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুললেও সংবিধানে পার্বত্য শান্তিচুক্তিকে সুরক্ষার ব্যবস্থা করেনি বলে অভিযোগ করা হয়। সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বিষয়ে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা সম্প্র্রতি একটি কর্মশালায় ক্ষোভ প্রকাশ করে বলেছেন, সরকার সংবিধানে আদিবাসীদের বাঙালি পরিচয়ে অন্তর্ভূক্ত করার মধ্য দিয়ে আদিবাসীসহ অবাঙালিদের অস্তিত্ব বিলুপ্তির প্রক্রিয়া শুরু করেছে। জাতিসংঘের আদিবাসীবিষয়ক স্থায়ী ফোরামের বিশেষজ্ঞ সদস্য ও চাকমা রাজা ব্যারিস্টার দেবাশীষ রায় বলেন, ‘সরকারের নীতি নির্ধারকদের ভুল দৃষ্টিভঙ্গির কারণে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়নি। এ ছাড়া আদিবাসীদেরও বাঙালি হিসেবে অন্তর্ভুক্ত করার বিষয়টি মেনে নেওয়া যায় না। আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি প্রদানে সরকারকে বাধ্য করতে আন্দোলন গড়ে তোলার ওপর তিনি জোর দেন।পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির কেন্দ্রীয় সভাপতি গৌতম দেওয়ান বলেন, ‘সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আদিবাসীদের স্বীকৃতি না দেওয়া ও বাঙালি হিসেবে জাতীয়তা নির্ধারণে আদিবাসীদের নয় বাংলাদেশের লজ্জিত হওয়া উচিত।’ তিনি বলেন, ‘বাংলাদেশের নীতি নির্ধারকদের হীনমন্যতা, অদূরদর্শীতা, পরম সহিষ্ণুতার অভাব প্রতিফলিত হয়েছে সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে।’ এদিকে, গত শুক্রবার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির এক দলীয় সভায় পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন ও আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির দাবি আদায়ে নেতা-কর্মীদের কাছ থেকে বিভিন্নমুখী আন্দোলন গড়ে তোলার প্রস্তাব এসেছে। তবে সে ব্যাপারে পরবর্তী সময়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।