আদিবাসীদের নতুন সংগঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের নাগরিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অধিকার রক্ষার লক্ষ্যে ‘ইন্টারন্যাশনাল কাউন্সিল ফর দ্য ইন্ডিজেনাস পিপলস অব চিটাগাং হিলট্র্যাক্ট’ (আইসিআইপি-সিএইচটি) নামের একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। পার্বত্য চট্টগ্রামের প্রবাসী ব্যক্তিদের উদ্যোগে গত ২১ ও ২২ জুলাই থাইল্যান্ডের চিয়াংমাই শহরে অনুষ্ঠিত পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের প্রথম আন্তর্জাতিক সম্মেলনের মাধ্যমে আইসিআইপি-সিএইচটির আত্মপ্রকাশ হয়।গত রোববার সংগঠনের প্রকাশনা ও মিডিয়া শাখার সদস্য অস্ট্রেলিয়ার সিডনিপ্রবাসী কবিতা চাকমার স্বাক্ষরে ইন্টারনেটের মাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। যোগাযোগ করা হলে কবিতা চাকমা জানান, জুম্ম (পার্বত্য চট্টগ্রামের আদিবাসী) প্রতিষ্ঠান, সংগঠন ও নেটওয়ার্কগুলোর মধ্যে সমন্বিতভাবে কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে জুম্ম জনগণের নাগরিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অধিকার রক্ষায় কাজ করা আইসিআইপি-সিএইচটির মূল লক্ষ্য। এ ছাড়া একই উদ্দেশ্যে বাংলাদেশের অভ্যন্তরে ও বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রগতিশীল স্থানীয়, জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান, সংগঠন ও নেটওয়ার্কের সঙ্গে মৈত্রী সম্পর্ক গড়ে তুলবে আইসিআইপি-সিএইচটি।কবিতা চাকমা বলেন, সম্মেলনে কানাডা প্রবাসী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের প্রাক্তন শিক্ষক অধ্যাপক আদিত্য কুমার দেওয়ানকে প্রধান করে আইসিআইপি-সিএইচটির ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। সম্মেলনে এশিয়া, অস্ট্রেলিয়া, ইউরোপ, উত্তর আমেরিকাসহ বিভিন্ন দেশে বসবাসকারী পার্বত্য চট্টগ্রামের আদিবাসীরা অংশ নিয়েছেন। এ ছাড়া মানবাধিকার ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ে কাজ করা বিশ্বের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।