আদিবাসীদের প্রথাগত আইন পরিবর্তনের সময় এসেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের প্রথাগত আইনগুলো যুগোপযোগী করার সময় এসেছে বলে মনে করেন পার্বত্য চট্টগ্রামের সুশীল সমাজের প্রতিনিধিরা। স্থানীয় উন্নয়নকর্মী ও পেশাজীবীদের মতে, ভূমি ও সম্পত্তির উত্তরাধিকার, বিয়েসহ সামাজিক শৃঙ্খলা রক্ষায় প্রচলিত আদিবাসী নিয়ম-কানুন না পাল্টালে পাহাড়ে স্থায়ী সুশাসন নিশ্চিত করা যাবে না।জানা গেছে, প্রথাগত আইন সংস্কারে বেসরকারি সংগঠন আশিকা মানবিক উন্নয়নকেন্দ্র ও নওজোয়ান বর্তমানে যৌথভাবে একটি প্রকল্পের অধীনে কাজ করছে। এই প্রকল্পে সহায়তা দিচ্ছে রাজকীয় ডেনিশ দূতাবাস। আদিবাসীদের প্রথাগত আইন সংস্কার জরুরি বলে মনে করেন চাকমা সার্কেল প্রধান ও জাতিসংঘ আদিবাসীবিষয়ক স্থায়ী ফোরামের সদস্য রাজা দেবাশীষ রায়। সম্প্রতি আদিবাসী জনগোষ্ঠীর বিবাহ নিবন্ধন বিষয়ে রাঙামাটিতে আয়োজিত এক কর্মশালায় তিনি বলেন, ‘প্রথাগত আইনও কার্যকর আইন হতে পারে যদি তা মানবাধিকারের সঙ্গে সাংঘর্ষিক না হয়।’ তাঁর মতে, প্রথা পরিবর্তনশীল। সেই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে আদিবাসীদের মৌজাপ্রধান ও গ্রামপ্রধানদের সামাজিক শৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকা রাখতে হবে। উন্নয়ন সংস্থা আশিকা ও নওজোয়ানের প্রতিনিধিরা জানান, দেশের প্রচলিত আইন কাঠামোর সঙ্গে পার্বত্য চট্টগ্রামের প্রথাগত আইনের সমন্বয় সাধনে তাঁরা কাজ করে যাচ্ছেন। এ ক্ষেত্রে প্রথমে তাঁরা জনগণকে সচেতন করার উদ্যোগ নিয়েছেন। রাঙামাটির বিভিন্ন উপজেলার আদিবাসী নেতা ও জনপ্রতিনিধিদের সঙ্গে এ ব্যাপারে আলাপ আলোচনা চলছে বলে তাঁরা জানান।আশিকা মানবিক উন্নয়নকেন্দ্রের নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা জানান, পার্বত্য চট্টগ্রামের আদিবাসীরা প্রচলিত প্রশাসনিক ব্যবস্থার পাশাপাশি ঐতিহ্যগতভাবে প্রথাগত শাসন কাঠামোর ওপর নির্ভরশীল। তাই আদিবাসীদের আইন যুগোপযোগী করার ব্যাপারে জনসচেতনতা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। রাঙামাটি জেলা হেডম্যান অ্যাসোসিয়েশনের সহসভাপতি সুজিত দেওয়ান বলেন, আদিবাসীদের ভূমি, বিয়েসহ বেশ কিছু বিষয়ে প্রথাগত আইনের সংস্কারের প্রয়োজন রয়েছে। এ বিষয়ে প্রথমে মাঠপর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম চালানো প্রয়োজন।পার্বত্য চট্টগ্রামের নারী অধিকার কর্মী ও নারী নেত্রী টুকু তালুকদার এ বিষয়ে বলেন, আদিবাসীদের উত্তরাধিকার, বিবাহ বিচ্ছেদ ইত্যাদি নিষ্পত্তি হয়ে থাকে প্রথাগত আইনে। বিধিবদ্ধ সামাজিক আইন না থাকায় এ ক্ষেত্রে বিভিন্ন ধরনের আইনগত সমস্যার সৃষ্টি হচ্ছে। সে কারণে যুগের সঙ্গে তাল মিলিয়ে আদিবাসীদের প্রথাগত আইনের সংস্কার প্রয়োজন।