আদিবাসীদের বর্জনে এখনো বন্ধ বাঘাইহাট বাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন্ধ দোকানপাট খোলেনি গত পাঁচ বছর। বসে না সাপ্তাহিক হাট। ব্যবসা গুটিয়ে বাঘাইহাট বাজারের ব্যবসায়ীরা এখন শ্রমিকে পরিণত হয়েছেন l প্রথম আলো
বন্ধ দোকানপাট খোলেনি গত পাঁচ বছর। বসে না সাপ্তাহিক হাট। ব্যবসা গুটিয়ে বাঘাইহাট বাজারের ব্যবসায়ীরা এখন শ্রমিকে পরিণত হয়েছেন l প্রথম আলো

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা সাজেক ইউনিয়নের বাঘাইহাট বাজারের দোকান মালিক মো. জসিম উদ্দিন (৪৩) এখন দিনমজুর। ২০১০ সালে আদিবাসী-বাঙালিদের সংঘর্ষের পর বাজারে হাট না বসায় ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হন তিনি। বাঘাইহাট বাজারের ২০০ ক্ষুদ্র ব্যবসায়ীর দশাও তাঁর মতো।
জসিম উদ্দিন বলেন, ‘আমার এক মেয়ে দীঘিনালা কলেজে দ্বাদশ শ্রেণিতে ও এক ছেলে নবম শ্রেণিতে পড়ছে। বাকি তিন ছেলেমেয়ে প্রাথমিক বিদ্যালয়ে পড়ে। পাঁচ বছর আগে সব ছিল। এখন বাঁশ ও গাছ ডিপোতে কাজ করে প্রতিদিন ৩০০ থেকে ৪০০ টাকা আয় হয়। তা দিয়ে ছেলেমেয়েদের লেখাপড়া খরচ মিটিয়ে কোনো রকমে সংসার চলে। ব্যবসা চলাকালে দুজনের কাছ থেকে ১ লাখ ২০ হাজার টাকা ঋণ নিয়েছিলাম। প্রতি মাসে ওই ঋণও পরিশোধ করতে হচ্ছে।’
বাঘাইহাট বাজার কমিটি সূত্রে জানা গেছে, উপজেলা সবচেয়ে বড় বাজার বাঘাইহাট বাজার। প্রতি রোববারে হাট বসত বাজারে। হাটের দিন কয়েক লাখ টাকা লেনদেন হতো। ছোট-বড় মিলে ৩৬০টি দোকান ছিল। বর্তমানে মাত্র ৪০টি দোকান রয়েছে। এর কিছু দোকান প্রায় সময় বন্ধ থাকে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ২০১০ সালে বাঘাইহাটের আদিবাসী-বাঙালিদের মধ্যে সহিংস ঘটনা ঘটে। এতে নয়টি গ্রামের ৪১টি আদিবাসী ও ৫৭টি বাঙালি পরিবারের বাড়িঘর পুড়ে যায়। এ ঘটনায় গুচ্ছগ্রামের বুদ্ধপদি চাকমা (৩০) ও তিন দোজরী গ্রামের লক্ষ্মী বিজয় চাকমা (৩৫) নিহত হন। অহত হন কমপক্ষে অর্ধশত আদিবাসী-বাঙালি। এ সহিংস ঘটনার জন্য বাঘাইহাট বাজারের কিছু ব্যবসায়ীসহ বহিরাগত বাঙালিদের দায়ী করেন আদিবাসীরা। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে আদিবাসীরা কয়েকটি দাবি নিয়ে বাঘাইহাট বাজার বর্জনের ডাক দেয়।
থানা সূত্রে জানা গেছে, এ ঘটনার পর আদিবাসী-বাঙালিদের পক্ষ থেকে একে অপরকে দোষারোপ করে পাল্টাপাল্টি মামলা করা হয়। আদিবাসীদের পক্ষে হত্যা মামলা করেন সহিংসতায় নিহত বুদ্ধপদি চাকমার স্বামী উত্তম কুমার চাকমা। এ মামলায় ২৫ জনকে আসামি করা হয়। আর বাঙালিদের পক্ষে ১০ জনের নাম উল্লেখসহ দুই শতাধিক আদিবাসীকে আসামি করে অগ্নিসংযোগের অভিযোগ এনে পাল্টা মামলা করেন বাঘাইহাট এলাকার মো. দেলোয়ার হোসেন। এই দুই মামলায় দীর্ঘ পাঁচ বছরেও কোনো আসামি ধরা হয়নি।
আদিবাসী নন্টু চাকমা ও বিজয় চাকমা বলেন, ‘তাঁরা যে দাবি করছিলেন, প্রশাসন তা পূরণ করতে পারেনি। ঘটনার মামলা নিয়েও প্রশাসন পক্ষপাতমূলক আচারণ করেছে। হত্যা মামলার কোনো আসামি গ্রেপ্তার হয়নি। অথচ অভিযুক্ত ব্যক্তিরা বাঘাইহাট বাজারসহ পুলিশের নাগের ডগায় ঘুরে বেড়াচ্ছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত বাজার বর্জন অব্যাহত থাকবে বলে তাঁরা জানান।
বাঘাইহাট বাজার কমিটির সভাপতি মো. নাজিম উদ্দিন প্রথম আলোকে বলেন, আদিবাসীরা কেনাকাটা না করায় বাজারটি বিলুপ্তির পথে। ৩৬০ দোকানের মধ্যে এখন মাত্র ৪০টি দোকান সচল রয়েছে। অন্যদের ব্যবসা গুটিয়ে অন্য পেশায় যেতে হয়েছে। দীর্ঘ পাঁচ বছর ব্যবসা বন্ধ থাকায় অধিকাংশ ব্যবসায়ী এখন শ্রমিকের কাজ করছেন। তাঁরা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল হক বলেন, বাঘাইহাটে আদিবাসী-বাঙালির সংঘর্ষের পর হওয়া দুটি মামলার আসামিদের গ্রেপ্তারি পরোয়ানা সাজেক থানায় পাঠানো হয়েছে। এখন থেকে সাজেক থানা মামলাগুলো দেখবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী বলেন, প্রশাসনের পক্ষ থেকে বাজার চালু করার ব্যাপারে একাধিকবার উভয় পক্ষকে নিয়ে বৈঠক করা হয়েছে। কিন্তু কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়েছে। আদিবাসীদের দাবি বাঙালিরা মানছেন না, আর আদিবাসীরা তাঁদের দাবি নিয়ে অনড়। এখন উভয় পক্ষ বসতে চাইলে প্রশাসন সহযোগিতা করবে বলে তিনি জানান।