আদিবাসীদের বাঁচার লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে আদিবাসীরা ভালো নেই। ভূমিদস্যু, ভূস্বামীদের সঙ্গে খোদ সরকারের পুলিশ বিভাগও খোঁড়া অজুহাত তুলে তাদের হয়রানি-নির্যাতন করছে। উড়িষ্যা রাজ্যে কোরাপুট জেলার নারায়ণপাটনায় পুলিশি অভিযানের পর ছয় সপ্তাহ পার হয়ে গেছে। কিন্তু এখনো সেখানে পুলিশ মারমুখী। অভিযানে দুজন আদিবাসী নিহত এবং বহু আহত হয়। সেখানে নিবর্তনমূলক গ্রেপ্তার অব্যাহত রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ১০৯ জন আদিবাসীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। যাদের মধ্যে শিশু রয়েছে কমপক্ষে ১২টি। এদের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তার মধ্যে রয়েছে ষড়যন্ত্র, দাঙ্গা, রাষ্ট্রদ্রোহ এবং রাজ্যের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হওয়া। ওই এলাকায় আদবাসীদের অধিকার রক্ষায় সক্রিয় রয়েছে চাষি মুলিয়া আদিবাসী সংঘ (সিএমএএস) নামের একটি সংগঠন। এ সংগঠনের কর্মীদের ধরতে অভিযান জোরদার করেছে পুলিশ ও আধাসামরিক বাহিনী। সিএমএএসের কর্মীরা গহিন জঙ্গলে আশ্রয় নিয়েছে। বলা হচ্ছে, সেখানে তাঁরা পুনরায় সংগঠিত হচ্ছে। কোরাপুটের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এশিয়া টাইমস অনলাইনকে বলেন, সিএমএএসের কর্মীদের পাকড়াওয়ে পুলিশের অভিযান এবং ভয়ভীতি দেখানোয় আদিবাসীরা পার্শ্ববর্তী জঙ্গলে আশ্রয় নিতে বাধ্য হচ্ছে। ওই জঙ্গলে রয়েছে মাওবাদীদের আস্তানা। পুলিশের দমন-পীড়নে আদিবাসীরা মাওবাদীতে পরিণত হচ্ছে। এটা শুধু নারায়ণপাটনার চিত্র নয় উড়িষ্যা, ছত্তিশগড়, ঝাড়খন্ড, পশ্চিমবঙ্গ ও অন্ধ্র প্রদেশে আদিবাসী অধ্যুষিত শহর ও গ্রামে একই চিত্র বিরাজ করছে। পুলিশি নিপীড়ন মাওবাদীদের প্রতি সমর্থন জোগাতে আদিবাসীদের উদ্বুদ্ধ করছে। ভারতে আদিবাসীরা সবচেয়ে বেশি কোণঠাসা। তাদের অবস্থান দলিতদের (যাঁদের আগে বলা হতো অচ্ছুত) চেয়েও খারাপ। ভারতে প্রায় ৪৯ দশমিক পাঁচ ভাগ আদিবাসী দারিদ্র্যসীমার নিচে বাস করে। ৭৬ দশমিক দুই শতাংশের চিকিত্সার সামর্থ্য নেই। তাঁরা নিজেদের ভূমি থেকে বিতাড়িত এবং চাকরির বাজারে বৈষম্যের শিকার। অবশিষ্ট যেটুকু জমি তাদের আছে সেটুকু রক্ষা করতে তারা এখন সংগ্রাম করছে। আদিবাসীদের শান্তিপূর্ণ বিক্ষোভ করতে দেওয়া হয় না। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো তাঁদের ক্ষোভ লাঘব করতে ও ন্যূনতম ন্যায়বিচার নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে। এভাবে ভারতীয় গণতন্ত্রে আদিবাসীদের বিচ্ছিন্নকরণ ব্যাপকভাবে বাড়ছে। এই ক্ষোভ ও বিচ্ছিন্ন করে দেওয়ার ফলে আদিবাসীদের সমর্থন যাচ্ছে মাওবাদীদের প্রতি। মাওবাদী মতাদর্শ গ্রহণও করছে তাদের অনেকে।স্বাধীন বাসভূমি ও আর্থসামাজিক পরিবর্তনের জন্য ভারতে মাওবাদীরা সশস্ত্র সংগ্রামে বিশ্বাসী। অনেক আদিবাসী বলছেন, তাঁরা সহিংসতার বিরোধী ছিলেন। কিন্তু পুলিশ ও আধাসামরিক বাহিনীসহ রাষ্ট্রীয় সহিংসতা মোকাবিলায় বন্দুক হাতে তুলে নেওয়া ছাড়া তাঁদের সামনে কোনো বিকল্প নেই। বহু আদিবাসী এখনো রাজপথে মিছিল ও সভা-সমাবেশের মাধ্যমে তাঁদের ক্ষোভ প্রকাশ করছেন। কিন্তু রাষ্ট্র তাঁদের সশস্ত্র সংগ্রামে লিপ্ত হওয়ার পথে ঠেলে দিচ্ছে।আদিবাসীদের রাজনৈতিক তত্পরতা এবং মাওবাদীদের সশস্ত্র সংগ্রামের মধ্যে রেখা টানা কষ্টসাধ্য। কারণ আদিবাসীদের বিভিন্ন কাজে সহযোগিতায় এগিয়ে আসে মাওবাদীরা। বেশির ভাগ সময়েই মাওবাদীদের সহিংসতার লক্ষ্যবস্তু হয় ভূস্বামী, পুলিশ ও ঋণদাতাদের মতো লোকজন; যারা আদিবাসীদের শোষণ ও নির্যাতন করে।বিশ্লেষকেরা বলেছেন, আদিবাসীদের ক্ষোভ লাঘব করতে না পারা রাষ্ট্রের ব্যর্থতা। আর এ ব্যাপার মাওবাদীদের প্রতি আদিবাসীদের সমর্থন বাড়ানোর পাশাপাশি দেশে মাওবাদীদের প্রভাব বাড়াতে ভূমিকা রাখছে। কিন্তু রাষ্ট্র মনে করছে, সামরিক বাহিনীর মাধ্যমে মাওবাদীদের দমন করলেই সমস্যার সমাধান হবে।মহারাষ্ট্র, ছত্তিশগড় ও উড়িষ্যায় মাওবাদীদের দমনে সম্প্রতি ব্যাপক সামরিক অভিযান শুরু করা হয়েছে। এসব এলাকায় প্রায় ৮০ হাজার সেনা মোতায়েন করা হয়েছে। আগামী কয়েক সপ্তাহে আরও ২০ হাজার সৈন্য পাঠানো হবে। ওই তিন রাজ্যে ২০ লাখ লোকের বাস। যাদের অর্ধেকেরও বেশি আদিবাসী। যুদ্ধক্ষেত্রের অনেক দূরে বসে কর্মকর্তারা অভিযানের সাফল্যের ব্যাপারে আশা প্রকাশ করলেও লড়াইয়ের ময়দানে যাঁরা আছেন তাঁরা কিন্তু আশাবাদী নন। এ রকম একটা ধারণা রয়েছে যে মাওবাদীদের বিরুদ্ধে অভিযান জোরদার করা হলে আদিবাসীরা রাষ্ট্র থেকে বেশি বিচ্ছিন্ন হবে। কোরাপুটের ওই কর্মকর্তা সতর্ক করে বলেন, সিএমএএস বিস্তার লাভ করবে, শক্তিশালী হবে এবং কোরাপুট দখলে নেবে। পুলিশ কর্মকর্তারা বলছেন, সিএমএএসের কর্মীরা সহিংসতায় লিপ্ত হওয়ায় পুলিশ তাঁদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে। তবে এই ধারণা দূর করা কষ্টসাধ্য যে ওই এলাকার শক্তিশালী মহলের স্বার্থ রক্ষায়ই আদিবাসী সংগঠনের কর্মীদের বিরুদ্ধে পুলিশি অভিযান জোরদার করা হচ্ছে।অবৈধভাবে দখল হওয়া জমি অ-আদিবাসী ভূমিদস্যু ও ঋণদাতাদের কাছ থেকে উদ্ধারে সিএমএএস আদিবাসীদের সমাবেশ ঘটাচ্ছে। সংগঠনটি ইতিমধ্যে প্রায় আট শ হেক্টর জমি পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে। এর ফলে অ-আদিবাসী ভূস্বামীরা ক্ষুব্ধ হয়েছে। অবশ্য এটা বিস্ময়ের কোনো ব্যাপার নয়। সিএমএএস দৃঢ় অবস্থান নেওয়ায় খনি কোম্পানি ও মাদক মাফিয়ারাও বিরক্ত। বেসরকারি খনি কোম্পানি, মাদক মাফিয়া, ভূমিদস্যু ও ঠিকাদারেরা কোরাপুট, মালকানগিরি ও অন্যান্য জেলায় সিএমএএসের মতো আদিবাসী সংগঠনকে রুখতে শান্তি কমিটি গঠন করেছে বলে খবর রয়েছে।উড়িষ্যা খনিজ সম্পদে সমৃদ্ধ। দেশের ৭০ শতাংশ বক্সাইট, নিকেল ও ক্রোমিয়াম আকরিকের ৯০ শতাংশ এবং ২৪ শতাংশ কয়লার মজুদ আছে উড়িষ্যায়। কিন্তু খনিজ সম্পদ সমৃদ্ধ বেশির ভাগ এলাকায়ই আদিবাসীরা বসবাস করে। ভারতীয় ও বহুজাতিক খনি কোম্পানিগুলো এই সম্পদ আহরণে মুখিয়ে আছে। তাদের এই আকাঙ্ক্ষা পূরণে বাধা হয়ে দাঁড়িয়েছে আদিবাসীদের ক্ষোভ ও মাওবাদীদের সহিংসতা। কোরাপুটের একাধিক নির্ভরযোগ্য সূত্র জানায়, সিএমএএসসহ একই ধরনের অন্যান্য আদিবাসী সংগঠনের বিস্তার রোধে খনি কোম্পানিগুলো শান্তি কমিটির পেছনে অর্থ ঢালছে। কিন্তু কোরাপুট ও মালকানগিরির শান্তি কমিটির সদস্যরা বলছে, সিএমএএস ও অন্যান্য সংগঠনের সদস্যদের শস্য লুট ও জোরপূর্বক ভূমি দখল রোধে তাঁরা ‘স্বতঃস্ফূর্তভাবে’ একত্র হয়েছে। কিন্তু তাঁদের একত্র করতে স্থানীয় প্রশাসনের ভূমিকা রয়েছে বলে মনে করা হচ্ছে।শান্তি কমিটির সদস্যদের সমর্থন দেওয়া জঘন্য ব্যাপার। শান্তি কমিটির সদস্যরা আদিবাসীদের ওপর হামলা করছে, তাঁদের পেটাচ্ছে, এমনকি হত্যাও করছে। নিরপেক্ষ ঘটনা অনুসন্ধানী কমিটি গত নভেম্বরে পুলিশের গুলি ছোড়ার ঘটনা তদন্তে গেলে তাঁদেরও পেটানো হয়। এ ঘটনায় দায়ী শান্তি কমিটির সদস্যদের বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কোরাপুটের উপপুলিশ সুপার পি কে সাহনি বলেন, শান্তি কমিটির কর্মকাণ্ড ‘শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও আইনসম্মত’। এই সংগঠনের সদস্যরা আইন নিজেদের হাতে তুলে নিচ্ছে না। তাঁদের বিরুদ্ধে কোনো মামলাও নেই।