আদিবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙামাটির রাজবন বিহারে কঠিন চীবর দান উপলক্ষে এক লাখ মানুষের বসার উপযোগী করে টাঙানো হয়েছে প্যান্ডেল l প্রথম আলো
রাঙামাটির রাজবন বিহারে কঠিন চীবর দান উপলক্ষে এক লাখ মানুষের বসার উপযোগী করে টাঙানো হয়েছে প্যান্ডেল l প্রথম আলো

আজ বৃহস্পতিবার রাঙামাটির রাজবন বিহারে শুরু হচ্ছে কঠিন চীবরদান উৎসব। এ উপলক্ষে রাজবন বিহার মাঠে তৈরি করা হয়েছে এক লাখ মানুষের বসার প্যান্ডেল। সাজানো হয়েছে চীবর তৈরির ‘বেইনঘর’। বিভিন্ন প্রত্যন্ত গ্রাম থেকে আদিবাসীরা চীবর তৈরির জন্য জমা দিয়ে রেখেছেন জুমখেতে উৎপাদিত তুলা।
এবার রাঙামাটি রাজবন বিহারে ৪১তম কঠিন চীবরদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই উৎসবে ২৪ ঘণ্টার মধ্যে তুলা থেকে সুতা বের করা, রং করা, কোমর তাঁতে বোনা ও বিশেষ কায়দায় সেলাই করে বৌদ্ধভিক্ষুদের চীবরদান করা হবে। হাজার হাজার মানুষের শ্রমে চীবর তৈরির সময় উৎসবের আমেজ সৃষ্টি হয় বলে এ অনুষ্ঠানকে কঠিন চীবরদান উৎসব বলে অভিহিত করা হয়।
বৌদ্ধ ধর্ম মতে, পৃথিবীতে যত প্রকার দান আছে তার মধ্যে কঠিন চীবরদান হচ্ছে সর্বশ্রেষ্ঠ। আর যেকোনো দান যেকোনো সময় করা গেলেও কঠিন চীবরদান করতে হয় আশ্বিন মাসের পূর্ণিমা থেকে কার্তিক মাসের পূর্ণিমার মধ্যে।
কঠিন চীবরদানের উৎপত্তি: বৌদ্ধশাস্ত্র মতে, গৌতমবুদ্ধের মহাপরিনির্বাণ লাভের আগে বর্ষাবাস পালনকারী ৩০ জন ভিক্ষু তাঁর সঙ্গে দেখা করতে আসেন। ওই সময় একটানা ব্যবহারের ফলে তাঁদের পরনের কাপড় ছিল ছিন্নপ্রায়। ভিক্ষুদের সেই অবস্থা দেখে গৌতমবুদ্ধের মহাউপাসিকা বিশাখা হাজার হাজার মানুষের সমাগম ঘটিয়ে ২৪ ঘণ্টার মধ্যে তৈরি করে ভিক্ষুদের পরনের কাপড় বা চীবরদান করেন।
যেভাবে শুরু হবে দানোৎসব: নতুন চাকমা রানি য়েন য়েন চরকায় সুতা কেটে চীবর তৈরি কার্যক্রমের উদ্বোধন করবেন। বিভিন্ন দুর্গম এলাকা থেকে আসা সব বয়সের আদিবাসী নারী–পুরুষের প্রিয় চাকমা রানিকে দেখার বিশেষ আগ্রহ রয়েছে। সে কারণে চীবরদান কার্যক্রমের শুরুতে লোকসমাগম বাড়বে বলে সবাই ধারণা করছেন। এ বছর চীবর তৈরির জন্য সর্বাধিক দেড় শতাধিক বেইন এবং ৫০টির বেশি চরকা ব্যবহার করা হবে। উৎসবে রানি য়েন য়েন চরকায় সুতা কাটার আগে বেইনঘর উদ্বোধন করবেন চাকমা রাজা দেবাশীষ রায়।
শেষ হবে প্রতীক্ষার প্রহর: রাঙামাটির শহর ও আশপাশের আদিবাসী বৌদ্ধধর্মাবলম্বী অধ্যুষিত পাড়া–মহল্লা ঘুরে দেখা গেছে, কঠিন চীবরদান উৎসবকে ঘিরে সবখানেই ব্যাপক উৎসাহ–উদ্দীপনা। চলছে উৎসবে যোগদানের নানা প্রস্তুতি। বিভিন্ন গ্রামে তৈরি করা হয়েছে ‘কল্পতরু’ নামের কৃত্রিম গাছ। কয়েক দিন আগে থেকে কল্পতরুতে নগদ টাকা, বই-খাতা, সুতাসহ নানা দানসামগ্রী টানিয়ে দেওয়া শুরু হয়েছে। উৎসবের শেষ দিন যথাযোগ্য মর্যাদায় ধর্মীয় জয়ধ্বনিসহকার নেচেগেয়ে, বাদ্য বাজিয়ে কাঁধে তুলে নিয়ে যাওয়া হবে কঠিন চীবরদান উৎসবের মূল অনুষ্ঠানে। তারপর তা দানসামগ্রীসহ হস্তান্তর করা হবে বৌদ্ধভিক্ষুদের।