লুসিকে দেখার জন্য আমি অস্থির হয়ে উঠছি। কী সাংঘাতিক ব্যাপার! আজ থেকে ৩২ লাখ বছর আগে জন্ম নেওয়া এই মানবী যে শহরে এক কাচের বাক্সে বন্দী, আমি সেই শহরেই যাচ্ছি। আদ্দিস আবাবা বিমানবন্দরে নেমে একটি ছড়া মনে পড়ে গেল—‘তুই নাকি যাচ্ছিস আদ্দিস আবাবা/ আমাকেও নিয়ে যাস, বাদ দিস না বাবা।’ ছড়ার চাচাজির মতো আমিও ব্যাকুল, এই শহরের মাটিতে পা দিয়েই তা টের পাই। সমুদ্রপৃষ্ঠ থেকে আট হাজার কিলোমিটার উঁচুতে অবস্থিত বলে আদ্দিস আবাবায় এলে অনেকেরই শ্বাসকষ্ট হয়, কারও কারও নাক দিয়ে রক্ত গড়ায়, কথাটা আমাকে আদিসু, আমার ইথিওপিয়ান সহকর্মী আগেই বলে দিয়েছে। কিন্তু আমার সে রকম কিছু হচ্ছে না। বরং ইকুয়েটরের ওপর অবস্থিত চিরবসন্তের শহর আদ্দিসে নেমে আমি খানিকটা চাঙা হয়ে উঠেছি। কী মোলায়েম আবহাওয়া! তাপমাত্রা ২৩-২৪ ডিগ্রি সেলসিয়াস। হাইলে, যিনি আমাকে বিমানবন্দর থেকে নিতে এসেছেন, জানালেন আজকের তাপমাত্রা একটু বেশি। আদ্দিসের স্বাভাবিক তাপমাত্রা হলো ১৮-২০ ডিগ্রি সেলসিয়াস। কোনো শীত-গ্রীষ্ম নেই, সারা বছর একই আবহাওয়া। বাংলাদেশি সামরিক চিকিৎসক লে. কর্নেল রফিক আমার জন্য হোটেল ঠিক করে রেখেছেন। হোটেলে ঢুকে দেখি কোনো এসি বা ফ্যান নেই। আসলে পুরো আদ্দিস আবাবা শহরের কোথাও ফ্যান, এসি বা হিটারের কোনো ব্যবস্থা নেই, প্রয়োজন হয় না। রফিক ভাই জানালেন, আপনার হাতে সময় কম জেনে আপনার জন্য আমি আজ তিনটি প্রোগ্রাম রেখেছি। দুপুরে আমার বাসায় সব বাংলাদেশি আসবেন। বিকেলে ক্যাল্ডিস ক্যাফেটেরিয়ায়, কিছু পাকিস্তানি এবং ইন্দোনেশিয়ান সহকর্মীও থাকবেন। ওটা ফ্যামিলি পার্টি, সবাই পরিবার নিয়ে আসবেন। আর রাতে একটি রেস্টুরেন্টে, ওখানে আমাদের আন্ডার সেক্রেটারি জেনারেলসহ কিছু ভিআইপিও থাকবেন। আমাদের এক সহকর্মীর বিদায় অনুষ্ঠান, আপনিও আমন্ত্রিত। প্রথম দুটিতে অ্যাটেন্ড করে আমি কেটে পড়ি। কারণ রাতের অনুষ্ঠানটিতে আমার মনের খোরাক মেটে এমন কিছু থাকবে না, আমি জানি। আমি যে লুসির প্রেমে পড়ে গেছি। যত তাড়াতাড়ি পারেন আমাকে লুসির কাছে নিয়ে চলুন। ডাক্তার রফিক এক বছরের অধিক সময় এ শহরে থাকলেও ঘোরাঘুরি তেমন একটা করেননি, শহরের অলিগলি তেমন চেনেন না। লুসিকে দেখার জন্য আমাকে পুরো দুই দিন অপেক্ষা করতে হলো। তৃতীয় দিন সহকর্মী আসরাদেকে নিয়ে বেরিয়ে পড়লাম। সোজা ন্যাশনাল মিউজিয়ামে। সমতল থেকে অন্ধকার সিঁড়িপথ ভেঙে নামতে হলো আদিম গুহায়। তারপর অনেক আঁকাবাঁকা পথ পেরিয়ে পৌঁছে গেলাম লুসির কাছে। কাচের ওপর থেকেই এই আদিমানবীর হাতের আঙুল ছুঁয়ে বলে উঠি—‘লুসি, প্রিয়তমা মোর, আমাকে অমর করো। এ কী, এই কৃষ্ণমানবীর লোমশ শরীর কি কেঁপে উঠল টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরির এক যুবকের প্রেম নিবেদনে? আমি তো স্পষ্টতই দেখলাম, আবেশে ওর চোখ বুজে এসেছে। কেউ একজন আমাকে ধাক্কা দিল। তখনই খেয়াল হয়, আমি পথ রোধ করে দাঁড়িয়ে আছি একদল শ্বেতবর্ণের ইউরোপীয় পর্যটকের। ১৯৭৪ সালের ২৪ নভেম্বর ডোনাল্ড জনসন এবং টম গ্যারি লুসিকে খুঁজে পান ইথিওপিয়ার হেডের অঞ্চলে। প্রথম দিন খণ্ডিত হাড়ের ফসিল পাওয়ার পর থেকে দুই সপ্তাহের নিবিড় খোঁড়াখুঁড়ির পর মেলে লুসির ৪০ শতাংশ ফসিল, যা দিয়ে বিজ্ঞানী জনসন তৈরি করেন লুসির অবয়ব। লুসিকে আবিষ্কারের সেই রাতে আমোদে-উচ্ছ্বাসে ওরা সারা রাত শুনছিলেন বিটলসের সেই গান, ‘লুসি ইন দি স্কাই উইথ ডায়মন্ডস...’ সেই থেকে এই আদিমানবীর, যার জন্ম ৩২ লাখ বছর আগে, নাম হয়ে গেল লুসি। ওর একটি ইথিওপিয়ান নামও আছে, ডিস্কেনেশ। যার অর্থ হলো সুন্দরী। এ যাবৎ আবিষ্কৃত প্রাণিদেহের ফসিলের মধ্যে লুসিই সবচেয়ে প্রাচীন, যে মেরুদণ্ড সোজা করে হাঁটত। লুসি ছিলেন খুব ছোটখাটো এক নারী, যাঁর উচ্চতা সাড়ে তিন ফুট এবং ওজন ছিল ৬০-৬৫ পাউন্ড।এখন মধ্যরাত। আমি হোটেলের বারান্দায়। আকাশে লাখ লাখ তারা মিটমিট করে জ্বলছে। আদ্দিস আবাবার মিষ্টি হাওয়া মধ্যরাতের পাহাড় থেকে উড়ে এসে আমার কপালের চুলে বিলি কাটছে। দূরে কোথাও, ওই কালো পাহাড়ের ওপাশে এক অদ্ভুত শব্দ হচ্ছে, কান্নার মিহি সুর ভেসে আসছে শব্দের উৎস থেকে। ওখানেই তো মিউজিয়াম, যার বেসমেন্টে এক কাচের বাক্সে বন্দী লুসি। তাহলে কি লুসি কাঁদছে? আমি মুক্ত আকাশে জ্বলজ্বলে তারাদের দিকে তাকিয়ে গাইতে শুরু করি, ‘লুসি ইন দি স্কাই উইথ ডায়মন্ডস।’