আদির গয়না প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশানের ১০৯ নম্বর রোডের এক রেস্টুরেন্টের নিচতলায় অতিথিদের আনাগোনা। ভোজনরসিকদের তালিকায় বিদেশিদের সংখ্যাই বেশি। খাওয়ার আগে-পরে একটু খোলা বাতাসের জন্য ছাদে এসেছেন, তাঁদের অবাক হওয়ার পালা। মাথার ওপরে খোলা আকাশ। প্রবল বাতাসে উড়ছে মাথার অবাধ্য চুল। এর মধ্যেই চলছে আদির গয়না মেলা। গত শনিবার বিকেল চারটা থেকে শুরু হওয়া এ মেলা শেষ হলো রাত ১০টায়। বিকেল হতে না হতেই তাই হেরিটেজের ছাদে বেড়ে যায় গয়নাপ্রেমীদের আনাগোনা। ভোজনরসিকেরাও একবার করে ঢুঁ মারলেন খোলা ছাদে। এ যেন এক ঢিলে দুই পাখি মারা। খাবার খেতে আসা অতিথিদের মতো গয়না মেলার অধিকাংশ দর্শক, ক্রেতাও বিদেশি। তারা খুঁটে খুঁটে দেখছেন দেশীয় অ্যান্টিক ঘরানার ডিজাইনের গয়না। পুরোনো আমলের পাঁচ পয়সা, দশ পয়সার গয়না তো আছেই। পাথর থেকে শুরু করে ইটের টুকরাও আছে গয়নার তালিকায়। তবে উপস্থাপনটা একটু সাবেকি আমলের। সুপারিসহ বেশ কয়েক প্রজাতির ফলও স্থান পেয়েছে গয়নার উপকরণে। এত কিছু থাকতে ফল কেন? আদির প্রধান ডিজাইনার আম্মান রশিদ বললেন, ‘আমরা আমাদের গয়নাগুলো অ্যান্টিক ধাঁচের করার চেষ্টা করেছি। পুরোনো আমলের পয়সা, সুতা, পিতল, তামা, কাঁসা, ইত্যাদি ব্যবহার করেছি। বিভিন্ন ধরনের বনজ ফল ব্যবহার করেছি আরও ভিন্নতা আনতে। তবে সবকিছুতেই আছে পুরোনো আমলের বনেদি ধাঁচ।’ পুরোনো ধাঁচের এই গয়নাগুলোই সবাই বেশ আগ্রহ নিয়ে দেখছে। বিক্রিও হচ্ছে মোটামুটি। তবে দাম সাধারণের নাগালের বাইরে। কর্তৃপক্ষ জানাল গয়না নিয়ে দিনব্যাপী আয়োজনের সাফল্য আশার আলো দেখাচ্ছে। ভবিষ্যতে এ ধরনের প্রদর্শনী আরও হবে বলে জানাল আদি।