আদির ছোঁয়ায় আধুনিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উজ্জ্বল রং। অভিজাত নকশার বুনন। আদিবাসী বা ট্রাইবাল কাপড়ে প্রথমেই নজর কেড়ে নেয় এ দুটি বিষয়। আদিবাসী তাঁতের বোনা থামি এবং ওড়নার চল দেখা যাচ্ছে অনেক দিন ধরেই। এই ফ্যাশনে ভিন্নতা আনতে পারেন বাজারে চলতি কাপড়গুলোর সঙ্গে মানানসইভাবে আদিবাসী কাপড় ব্যবহার করে। অল্প একটু ছোঁয়াফ্যাশনে কিছুদিন পরপরই পরিবর্তন আসে। যোগ হয় নতুন কাটছাঁট। চলতি স্টাইলের সঙ্গেই মিলিয়ে নিতে পারেন আদি ঐতিহ্যের রং আর নকশা। ফ্যাশন ডিজাইনার এমদাদ হক জানান, ‘আদিবাসী পোশাকের মূল আকর্ষণ হলো রং ও চমৎকার বুনন। আদিবাসীদের জীবনধারাটিই ফুটে ওঠে তাদের পোশাকে। সেগুলোকে নতুন একটু ছোঁয়া দিলেই আধুনিক পোশাকে নতুনভাবে উপস্থাপন করা যায়। পোশাকে তৈরি হয়ে যায় নতুন আমেজ।’বাড়িতে অনেক সময় আদিবাসী তাঁতে বোনা ওড়না, থামি কিংবা চাদর থেকে যায়। সেখান থেকেই কিন্তু পছন্দসই পোশাকে আনতে পারেন চমক। তৈরি করতে পারেন একদম নতুন ঢঙের ব্লাউজ, লম্বা ঝুল দেওয়া কামিজের পাড়, পাঞ্জাবির গলা অথবা শাড়ির পাড়। খুব বেশি না, ছোট্ট এক টুকরো কাপড়ই বাড়িয়ে দেবে আপনার পোশাকের সৌন্দর্য।‘মারমাদের ওড়না দিয়ে আধুনিক কাটের ব্লাউজ তৈরি করেছি। বিভিন্ন রঙের ওড়না কেটে প্যাচওয়ার্কের মতো করে ইয়ক তৈরি করেছি। এমনভাবে সেটা পোশাকে বসিয়েছি যা দেখে মনে হবে অনেক কাজ করা। পোশাকগুলোতে কাচ, পুঁতি, ব্লক, প্রিন্ট, ঝিনুকের ব্যবহার করেছি। ওদের স্টাইলটিই আমাদের আধুনিক স্টাইলের সঙ্গে মিলিয়েছি’, জানান এমদাদ হক। এ ছাড়া ছেলেদের পাঞ্জাবিতেও আনা যায় নতুনত্ব। লুসাইদের জমকালো উজ্জ্বল রঙের চাদরের কিছুটা অংশ পাঞ্জাবির গলায় দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে স্টাইলিশ এথনিক লুক। আদি সৌন্দর্যএই ফ্যাশনে এমব্রয়ডারি বা পুঁতির কাজ নেই, এমন পোশাক বা কাপড় বেছে নিলে ভালো। শাড়িতে আদিবাসীদের পোশাকের মতো জ্যামিতিক প্যাটার্নের প্রিন্ট ব্যবহার করা যায়। দুই-তিন রঙের পাড় ব্যবহার করলে ভালো লাগবে দেখতে। অনেক সময় এত বেশি কাপড় না-ও থাকতে পারে। সে ক্ষেত্রে পাড়ের কাপড়ের ওপর আদিবাসী পোশাকের আদলে কোনো নকশা ব্লকপ্রিন্ট বা সাধারণভাবে প্রিন্ট করে নিতে পারেন। তবে পোশাকের কাপড়টি একটু ভারী হতে হবে। বেছে নিতে পারেন এন্ডি, খাদি, মটকা অথবা ভারী সুতির কাপড়। দুই-তিন ধরনের কাপড় মিশিয়ে যত বেশি রঙের খেলা তুলে আনতে পারবেন, পোশাকটি দেখতে ততই আকর্ষণীয় হবে। তবে রং ও নকশার কোলাজের বিষয়টি যাতে মাত্রাতিরিক্ত না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। উপযোগী গয়নাযেহেতু পোশাকে এথনিক ছোঁয়া, গয়নাটাও সে রকম হলে মানাবে বেশ। শাড়ির সঙ্গে বিছা পরতে পারেন। গলায় পরতে পারেন মোটা হার। প্রবর্তনার ফ্যাশন ডিজাইনার শাহিদ হোসেন শামীম জানান, ‘এ ধরনের কাপড়ের সঙ্গে রূপার গয়নাই সবচেয়ে ভালো মানাবে। স্বর্ণ একেবারেই না। চাইলে রুপা এবং পুঁতির মালা মিলিয়ে পরা যায়। এ ছাড়াও ঝিনুকের গয়নাও মানাবে।’ মেকআপ এবং চুল বাঁধার সময় আধুনিক এবং এথনিক দুই ধরনের সাজই ভালো লাগবে। চুল কখনো নিচু করে তো কখনো টেনে উঁচু করে বাঁধতে পারেন। একটু বড় টিপ পরুন।