আধঘণ্টার যাত্রায় দেড় ঘণ্টার ঝক্কি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাদা পথ মাড়িয়ে কাঠের সাঁকো, সেটি পার হয়ে উঠতে হবে পাকা জেটিতে। এমন দুর্ভোগ নিয়ে পারাপার করছেন কক্সবাজার–মহেশখালীর যাত্রীরা। ছবিটি ৯ মার্চ মহেশখালীর গোরকঘাটার জেটিঘাট এলাকা থেকে তোলা l প্রথম আলো
কাদা পথ মাড়িয়ে কাঠের সাঁকো, সেটি পার হয়ে উঠতে হবে পাকা জেটিতে। এমন দুর্ভোগ নিয়ে পারাপার করছেন কক্সবাজার–মহেশখালীর যাত্রীরা। ছবিটি ৯ মার্চ মহেশখালীর গোরকঘাটার জেটিঘাট এলাকা থেকে তোলা l প্রথম আলো

বঙ্গোপসাগরের মহেশখালী চ্যানেল পাড়ি দিয়ে কক্সবাজার থেকে স্পিডবোটে মহেশখালী পৌঁছাতে সময় লাগে ১০-১২ মিনিট। আর কাঠের ইঞ্জিন নৌকায় ৩০-৩৫ মিনিটের মতো। তবে কক্সবাজার ও মহেশখালী এই দুই পয়েন্টে জেটি সংস্কার না হওয়ায় অল্প দূরত্বের এই পথও এখন ভোগান্তির আরেক নাম। ১০ থেকে ৩০ মিনিটের স্থলে গন্তব্যে পৌঁছাতে লাগছে এক থেকে দেড় ঘণ্টা।
মহেশখালী যেতে হলে কক্সবাজারের কোনো যাত্রীকে প্রথমে কাদা মাড়িয়ে উঠতে হয় বাঁকখালী নদীতে অপেক্ষমাণ নৌযানে। এই নৌযানে চ্যানেল পাড়ি দিয়ে মহেশখালীতে পৌঁছানোর পরও একই ঝক্কি পোহাতে হয় যাত্রীদের। সেখানকার গোরকঘাটা ও আদিনাথ জেটিতে উঠতে হলেও কাদা মাড়িয়ে অনেকক্ষণ হাঁটতে হয়। অথচ ছয় বছর আগেই সরকার বাঁকখালী নদীবন্দর তৈরির ঘোষণা দিয়েছিল। এই প্রকল্প বাস্তবায়িত হলে বাঁকখালীতে ড্রেজিং হতো, গড়ে উঠত জেটিসহ নানা অবকাঠামো। একই সঙ্গে সম্প্রসারণ করার কথা ছিল মহেশখালীর দুটি জেটিরও। কিছুই না হওয়ায় এই পথে নিয়মিত চলাচলকারী তিন লাখ যাত্রী ও পর্যটকের ভোগান্তি বহুগুণ বেড়েছে।
৯ মার্চ সকাল নয়টায় কক্সবাজার শহরের বাঁকখালী নদীর ছয় নম্বর জেটিঘাটে গিয়ে দেখা গেছে, নারী–শিশুসহ অর্ধশতাধিক যাত্রী ছোট একটি নৌকায় উঠে নদীর মাঝপথে যাচ্ছেন। তারপর সেখানে অপেক্ষমাণ স্পিডবোট ও কাঠের বোটে উঠে যাত্রীরা বঙ্গোপসাগর চ্যানেল দিয়ে মহেশখালী যাচ্ছেন। স্পিডবোটের ভাড়া মাথাপিছু ৭৫ টাকা আর ইঞ্জিন নৌকার ভাড়া ৩০ টাকা। কিন্তু কাদামাটি পার হয়ে স্পিডবোট অথবা ইঞ্জিন নৌকায় উঠতে যাত্রীদের মাথাপিছু অতিরিক্ত ১০ টাকা পরিশোধ করতে হচ্ছে।
বেলা ১১টায় মহেশখালীর গোরকঘাটা জেটিঘাটে গিয়ে দেখা গেছে একই অবস্থা। হাঁটুসমান কাদা মাটি পাড়ি দিয়ে যাত্রী ও পর্যটকেরা উঠছেন জেটিতে। তারপর রিকশায় যাচ্ছেন মহেশখালী।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) চট্টগ্রাম বন্দর ও পরিবহন বিভাগের উপপরিচালক নয়ন শীল জানান, ২০১০ সালের ৬ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির নির্দেশক্রমে (গেজেট প্রকাশের মাধ্যমে) বাঁকখালী নদীবন্দর ঘোষণা করা হয়। মহেশখালীর গোরকঘাটা ও আদিনাথ জেটি দুটিসহ নদী বন্দরের জন্য প্রস্তাবিত প্রায় ৭২১ একর জমি বিআইডিব্লউটিএকে হস্তান্তরের জন্য কক্সবাজার জেলা প্রশাসককে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। কিন্তু এ পর্যন্ত কিছুই হয়নি। ফলে নদীবন্দরের কার্যক্রম ঝুলে আছে। নদীর তীরবর্তী জমিও অবৈধ দখলে চলে যাচ্ছে।
বিআইডব্লিউটিএ সূত্র জানায়, নদীবন্দরের কার্যক্রম শুরু হলে প্রথমে যাত্রীদের নিরাপদ পারাপারের জন্য জেটি দুটির সম্প্রসারণ, নিরাপদ নৌচলাচলের জন্য বাঁকখালী নদী ও সাগর চ্যানেলে ডুবোচর চিহ্নিত করণ, একাধিক বয়া, বাতি, লাইট স্থাপন, ড্রেজিংসহ নানা অবকাঠামো নির্মাণের পরিকল্পনা ছিল।
৯ মার্চ স্ত্রী ও তিন ছেলেমেয়ে নিয়ে মহেশখালীর আদিনাথ মন্দির ভ্রমণে আসেন ঢাকার ধানমন্ডি এলাকার স্বপন কুমার নাথ। হাঁটুসমান কাঁদা মাটি ডিঙিয়ে তাঁদের উঠতে হয় নৌকায়। তারপর নৌকায় সেতুর ওপর দিয়ে হেঁটে উঠতে হয় কাঠের সাঁকোতে। সাঁকো পার হয়ে তবে উঠেছেন পাকা জেটিতে। ছোট ছেলেমেয়েদের নিয়ে তাঁকে চরম বেকায়দায় পড়তে হয়।
স্বপন কুমার নাথ (৪৭) বলেন, ‘আদিনাথ মন্দির দেখতে এত ভোগান্তি পোহাতে হবে কল্পনাও করিনি। শত শত পর্যটক চরম ঝুঁকি নিয়ে কক্সবাজার থেকে মহেশখালী আসা–যাওয়া করছেন। অথচ নিরাপত্তার বিষয়টি কেউ আমলে নিচ্ছে না।’
উপজেলার কুতুবজোমের ব্যবসায়ী মীর কাশেম জানান, ওই দিন সকালে স্পিডবোট থেকে নামার সময় তাঁর স্ত্রী পানিতে পড়ে যান। পরে তাঁকে উদ্ধার করা হয়। কিন্তু পানিতে ভিজে স্ত্রীর দুটি মোবাইল নষ্ট হয়ে গেছে বলে জানান তিনি।
মহেশখালী স্পিডবোট মালিক সমিতির সভাপতি সালাহ উদ্দিন জানান, ২০১০ সালে বাঁকখালী নদীবন্দর ঘোষণা করে সরকার। কিন্তু এ পর্যন্ত তার বাস্তবায়ন না হওয়ায় কক্সবাজার ও মহেশখালীর প্রায় তিন লাখ মানুষের চরম ভোগান্তি পোহাচ্ছেন। তা ছাড়া মহেশখালীর জেটি দুটির সম্প্রসারণকাজে হাত দিতে পারছে না বিআইডব্লিউটিএ। জেটি সম্প্রসারণ হলে মহেশখালীতে দেশি–বিদেশি পর্যটকের আগমন কয়েক গুণ বেড়ে যাবে।
এ প্রসঙ্গে জেলা প্রশাসক মো. আলী হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এ ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে।