আধিপত্য বিস্তার ও ভাগ-বাঁটোয়ারার বিরোধে খুন হয়েছেন রাউজানের মো. হারুন। তিনি নিজেও পুলিশের তালিকাভুক্ত ডাকাত ছিলেন। ঘটনার সাড়ে তিন মাস পর এক আসামি গ্রেপ্তার হলে আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উঠে আসে খুনের চিত্র। ওই আসামির নাম মো. ফরিদ হোসেন।
২০১৬ সালের ১৪ অক্টোবর রাতে রাউজান উপজেলার নোয়াপাড়া এলাকায় বাড়ির পাশ থেকে মো. হারুনের লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় হারুনের মা আয়েশা বেগম বাদী হয়ে রাউজান থানায় হত্যা মামলা করেন। প্রথমে মামলাটি থানা-পুলিশ তদন্ত করে। কোনো রহস্য উদ্ঘাটন না হওয়ায় পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মামলাটির তদন্ত শুরু করে।
মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি চট্টগ্রামের পরিদর্শক মো. ইকবাল বাহার তাঁর কার্যালয়ে প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ১ ফেব্রুয়ারি রাতে নগরের কল্পলোক আবাসিক এলাকা থেকে ফরিদকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে খুনের ঘটনা স্বীকার করেন তিনি। পরদিন তাঁকে আদালতে পাঠানো হলে পুরো ঘটনার বর্ণনা দিয়ে চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. হেলাল উদ্দিনের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। এতে তিনি স্বীকার করেন, ঘটনার দিন একটি প্রাইভেট কারে করে তাঁকে দুই ব্যক্তি নগর থেকে রাউজানে নিয়ে যান। দুই ব্যক্তি হারুনের পূর্বপরিচিত ছিলেন। তাঁরা রাউজানের শীর্ষ সন্ত্রাসী ফজল হকের অনুসারী ছিলেন। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দুই ব্যক্তি এলাকা ছেড়ে শহরে চলে যান। এলাকায় থাকেন হারুন। এরপর হারুনের সঙ্গে আধিপত্য বিস্তার, এবং ডাকাতি ও চাঁদাবাজির ভাগ-বাঁটোয়ারা নিয়ে দ্বন্দ্ব চলতে থাকে। এই জেরে ফরিদের সঙ্গে দুই ব্যক্তির চুক্তি হয়। ঘটনার দিন হারুনকে খুন করে ফরিদ পার্শ্ববর্তী শ্মশানে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ফেলে দেন। পরে নগরের অক্সিজেন মোড় হয়ে শহরে তাঁর ভাড়া বাসায় চলে আসেন।
তদন্ত কর্মকর্তা আরও বলেন, ফরিদের জবানবন্দিতে আসা দুই ব্যক্তিকে গ্রেপ্তারে অভিযান চলছে। তাঁদের সঙ্গে খুন হওয়া হারুনের সখ্য ছিল। তাঁরা একত্র হয়ে বিভিন্ন অপকর্মও করেন। দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা গেলে হত্যার পুরো রহস্য উদ্ঘাটিত হবে। নিহত হারুনের বিরুদ্ধে রাউজান ও রাঙ্গুনিয়া থানায় ডাকাতির দুটি মামলা রয়েছে।
হারুনের মা আয়েশা বেগম বলেন, তাঁর ছেলেকে বাড়ির পাশে যারা নির্মমভাবে খুন করেছে তিনি তাদের বিচার চান।