আধিপত্য বিস্তারে আওয়ামী লীগ সংগঠন গোছাতে ব্যস্ত বিএনপি
রাঙ্গুনিয়ায় আওয়ামী লীগের সাংগঠনিক তৎপরতা চলছে অনেকটা ঢিমেতালে। সংগঠন শক্তিশালী করার চেয়ে বিভিন্ন ক্ষেত্রে সরকারি বরাদ্দ, ব্যবসা ও দরপত্র নিয়ন্ত্রণসহ আধিপত্য বিস্তারের লড়াইয়ে ব্যস্ত উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। অপর দিকে আওয়ামী লীগের সাংগঠনিক দুর্বলতাকে পুঁজি করে ভেতরে ভেতরে সংগঠন গোছাচ্ছে বিএনপি ও তার সহযোগীরা। ফলে সাংগঠনিকভাবে এখন সুবিধাজনক অবস্থানে উঠে আসছে বিএনপি। উভয় দলের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে এমন চিত্রই পাওয়া গেছে। রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. ফরিদ জানান, ২০০৮ সালে সংসদ নির্বাচনের আগেই উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনগুলোর মেয়াদ শেষ হয়। ২০১০ সালের মাঝামাঝি সময়ে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠিত হয়। এরপর চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কুতুব উদ্দিন বাহার রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের কমিটি গঠনের উদ্যোগ নেন। ইতিমধ্যে উপজেলা ও পৌরসভা যুবদল এবং ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বর্তমানে আহ্বায়ক কমিটির সদস্যদের নিয়ে ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি গঠনের কাজ চলছে। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কুতুব উদ্দিন বাহার এ প্রসঙ্গে বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বিএনপি রাঙ্গুনিয়ায় প্রকাশ্যে সাংগঠনিক কোনো কার্যক্রম চালাতে পারেনি। ২০১০ সালের শেষের দিকে পৌরসভার কাদের নগর এলাকায় সালাউদ্দিন কাদের চৌধুরীর বাসভবনে দুটি সভা চলাকালে হামলা চালান আওয়ামী লীগ ও যুবলীগ নেতা-কর্মীরা। একই বছর লালদীঘির ময়দানে বিএনপির জনসভায় আসার পথে রানীরহাট এলাকায় রাঙামাটি ও কাউখালি এলাকার দলীয় নেতা-কর্মীদের ওপর হামলা চালায় সরকারি দলের লোকজন। অথচ এ ঘটনায় উল্টো রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির ১৫০ নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়। এভাবে এ বছর জানুয়ারি মাসে পৌরসভার মেয়র নির্বাচন নিয়ে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের দুই পক্ষের অবরোধ কর্মসূচিতে ভাঙচুর মামলায় বিএনপি নেতা খোরশেদ আলমসহ অনেককে আসামি করাসহ বিভিন্ন সময় আরও পাঁচটি মিথ্যা মামলা দেওয়া হয়।’ তিনি জানান, এসব সত্ত্বেও নেতা-কর্মীরা সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় অংশ নিচ্ছেন। অন্যদিকে, আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, ২০০৪ সালের এপ্রিল মাসে অনুষ্ঠিত কাউন্সিলের মাধ্যমে রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠিত হলেও চার বছর আগেই মেয়াদ শেষ হয়ে গেছে। ওই কাউন্সিলে রাঙ্গুনিয়া পৌরসভার বর্তমান মেয়র খলিলুর রহমান চৌধুরী সভাপতি ও কাজী মো. জসিম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি গঠনের লক্ষ্যে ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে বলে দলীয় সূত্র দাবি করলেও সার্বিকভাবে সাংগঠনিক কোনো কার্যক্রম তেমন দেখা যাচ্ছে না। এ ছাড়া রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সহযোগী সংগঠনগুলো দীর্ঘ সময় ধরে আহ্বায়ক কমিটি দিয়ে চলছে। তবে আগামী ১৩ মে রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের কাউন্সিল অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে উপজেলা আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মী জানান, সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় না থাকলেও দলীয় ও সহযোগী সংগঠনের অনেকেই বিভিন্ন খাল, নদী ও ছড়া থেকে বালু উত্তোলন, কাঠ পাচার, টেন্ডারবাজি, উন্নয়ন প্রকল্প ভাগাভাগিসহ আধিপত্য বিস্তারের লড়াইয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। এদের বেশির ভাগই আওয়ামী লীগে নতুন এসেছে। সংগঠনের সঙ্গে তাঁদের তেমন সম্পর্ক না থাকলেও প্রভাবশালী নেতা-কর্মীদের সঙ্গে সুসম্পর্কের কারণে প্রকৃত নেতা-কর্মীরা কোণঠাসা। ফলে রাগে, ক্ষোভে, অভিমানে অনেকে সাংগঠনিক কার্যক্রম থেকে দূরে রয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতা-কর্মী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘কমিটি গঠনে নানা অনিয়মের কারণে সংগঠনে স্থবিরতা বিরাজ করছে, দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এমনকি এত বছর পর উপজেলা আওয়ামী লীগ একটি দপ্তর পর্যন্ত গড়ে তুলতে পারেনি।’ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান চৌধুরী দলে স্থবিরতা কিংবা বিভিন্ন ক্ষেত্রে নেতা-কর্মীদের প্রভাব বিস্তারের কথা অস্বীকার করেন। তিনি বলেন, ‘গুটিকয়েক নেতা হয়তো ধান্ধার তালে আছে, সবাই নয়। যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগসহ কয়েকটি সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি না থাকলেও সাংগঠনিক কার্যক্রম থেমে নেই। উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠনের লক্ষ্যে ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের কমিটি গঠনের কাজ চলছে। কয়েকটি ইউনিয়নের কমিটি গঠন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।’ আগামী বছরের দিকে উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি গঠনের জন্য কাউন্সিল অনুষ্ঠান সম্ভব হবে বলে তিনি আশা করেন। উপজেলা যুবলীগের আহ্বায়ক শামসুদ্দোহা সিকদার বলেন, ‘উপজেলা যুবলীগের কাউন্সিল অনুষ্ঠানের উদ্যোগ আমি নিয়েছি। কাউন্সিলের তারিখ দুবার নির্ধারণ করেও স্বার্থান্বেষী মহলের চক্রান্তের কারণে তা স্থগিত করতে হয়েছে। পুনরায় কাউন্সিলের তারিখ নির্ধারণের চেষ্টা চলছে।’উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক নাসির উদ্দিন বলেন, ‘আহ্বায়ক কমিটির মাধ্যমে স্বেচ্ছাসেবক লীগের কার্যক্রম খারাপ কী চলছে! সংগঠনের কার্যক্রম নিয়ে তো কারও অভিযোগ নেই।’ তবে পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান। একই রকম কথা বলেন, রাঙ্গুনিয়া উপজেলা কৃষক লীগের আহ্বায়ক মো. শফিকুল ইসলামও।