এক যে ছিল রাজা। সুখী মানুষের জামা খুঁজতে গিয়ে যে রাজার কালঘাম ছুটে গিয়েছিল, ইনিই হচ্ছেন তিনি। রাজার ছিল একটিমাত্র মেয়ে। ফেসবুকে নিত্যনতুন সেলফি আপলোড করে রাজকন্যার দিনকাল বড় সুখেই কাটছিল। হঠাৎ একদিন তার মনে হলো, নাহ্! ফেসবুকে চ্যাটিং করে আজকাল কোনো মজা নেই। ফেসবুকে ভালো একটা বন্ধুও খুঁজে পাওয়া যায় না। যত সব ‘অ্যাড মি, আই অ্যাম বলক’ টাইপের পোলাপান দিয়ে ভর্তি।
এভাবে জীবন চলতে পারে, ফেসবুক তো চলতে পারে না। তাই রাজকন্যা দেশের সবচেয়ে সুখী আর হাসিখুশি মানুষটাকে ফ্রেন্ডলিস্টে দেখতে চাইল। কিন্তু হায়, ডাকফেস সেলফির ভিড়ে হাসিখুশি মানুষ খুঁজে পাওয়া কি চাট্টিখানি কথা?
কিন্তু রাজকন্যার ইচ্ছা বলে কথা। হ্যাকাররা ফেসবুকে হাসিখুশি মানুষের আইডি খুঁজতে বসলেন। পাইক-পেয়াদারা প্রতিটি গ্রুপের অলিতে, প্রতিটি পেজের গলিতে, ‘মেনশন করুন দুনিয়ার সবচেয়ে সুখী মানুষটাকে’—এই স্ট্যাটাস দিয়ে ভরিয়ে ফেলল। কিন্তু সুখী মানুষ তো আর ফেসবুক সেলিব্রিটিদের মতো সহজলভ্য নয় যে ইশারা দিলেই পাওয়া যাবে।
পোস্টে কাঁড়ি কাঁড়ি লাইক-কমেন্ট-হাহা মেলে, হাসিখুশি মানুষ আর মেলে না। হ্যাকার-পাইক-পেয়াদা তো বটেই, খোদ রাজকন্যাও যখন সুখী মানুষ পাওয়ার ব্যাপারে হাল ছেড়ে দিয়েছে, তখনই হঠাৎ মিলল একজনের দেখা। বছর কুড়ির একটা ছেলে, সে কী যেন একটা পড়তে পড়তে বেজায় হাসছিল। এই নিশ্চয়ই তাহলে সুখী মানুষ! পাইক-পেয়াদারা হুড়মুড় করে ঘিরে ফেলল ছেলেটাকে। ছেলেটির তাতে ভ্রুক্ষেপই নেই। সে একমনে হেসে চলছে বইটার দিকে তাকিয়ে।
‘কী করছ তুমি?’ পেয়াদা জিজ্ঞেস করল।
‘বই পড়ছি, শিবরামের। হা হা হা! এটা একটা দারুণ বই!’ ছেলেটির জবাব।
‘এত হাসছ যে, তাহলে তুমি নিশ্চয়ই খুব সুখী মানুষ?’
‘নিশ্চয়ই। আমি নিজের মতো বাঁচি। মনের আনন্দে বাঁচি।’
‘তার মানে তোমার পোস্টে লাইক-কমেন্ট-শেয়ারের সংখ্যা হাজারে হাজার, তুমি নিশ্চয়ই বিরাট কোনো ফেসবুক সেলিব্রিটি, তাই না?’
‘একদমই না, কারণ...’
‘আরে, কারণ-টারন ছাড়ো। তোমাকেই আমাদের দরকার। এত দিন কোথায় ছিলে? আইডি ডিঅ্যাকটিভ করে রেখেছিলে নাকি?’
‘না না, তা নয়। আসলে হয়েছে কী...’
‘ওহে সুখী মানুষ, একটু রোসো। মন দিয়ে এবার আনন্দের সংবাদটা শোনো। তোমার মতো সুখী মানুষকেই খুঁজছেন রাজকন্যা। তোমাকে তিনি তাঁর ফেসবুক ফ্রেন্ডলিস্টে ঢুকিয়ে ক্লোজ ফ্রেন্ডলিস্টেও রাখবেন বলেছেন।’
‘ফেসবুক?’ মাথা চুলকে ছেলেটি বলল, ‘দুঃখিত, কিন্তু আমার তো কোনো ফেসবুক অ্যাকাউন্টই নেই। এতক্ষণ ধরে তো আমি এটাই বলার চেষ্টা করছিলাম!’
বয়সী এক পেয়াদা রাজার সুখী মানুষের জামা খোঁজার কথা ভেবে দীর্ঘশ্বাস ফেলে বললেন, ‘সত্যি বাপু, ইতিহাস মরে না, অন দিস ডের মতো বারবার ঘুরেফিরে আসে!’