আধুনিক চাষাবাদে প্রশিক্ষণের বিকল্প নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাহাড়ে খাদ্য নিরাপত্তার জন্য প্রত্যন্ত ও দুর্গম এলাকার কৃষকদের আধুনিক চাষাবাদ পদ্ধতি বিষয়ে প্রশিক্ষণ ও কৃষক-কৃষি কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং সর্বোপরি পণ্য সংরক্ষণের জন্য হিমাগার স্থাপনের ওপর গুরুত্ব দিয়েছেন তৃণমূল পর্যায়ের কৃষকেরা। মঙ্গলবার খাগড়াছড়ি সদরের মিলনপুরম রেগা গ্রন্থাগার মিলনায়তনে অনুষ্ঠিত ‘খাদ্য নিরাপত্তা অর্জনে কমিউনিটির সৃজনশীলতা: প্রেক্ষিত পার্বত্য চট্টগ্রাম’ শীর্ষক সেমিনারে কৃষকেরা এ মত ব্যক্ত করেন।রাঙামাটিভিত্তিক বেসরকারি উন্নয়ন সংস্থা টংগ্যার উদ্যোগে আয়োজিত সেমিনারে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শানে আলম, উপজেলা পশুসম্পদ কর্মকর্তা পলাশ কান্তি চাকমা, উদ্যানতত্ত্ববিদ ওমর ফারুক, অমর সাধন চাকমাসহ বিভিন্ন গ্রামের কার্বারি ও হেডম্যান। খাগড়াছড়ি সদরের হরিনাথপাড়ার গ্রামপ্রধান অরুণ জ্যোতি কার্বারি বলেন, প্রত্যন্ত ও দুর্গম এলাকার কৃষকদের আধুনিক চাষাবাদ পদ্ধতি সম্পর্কে জানাতে হবে। বিশেষ করে কৃষকদের কীটনাশক ও সার প্রয়োগে প্রশিক্ষণ দেওয়া দরকার। গঞ্জপাড়া গ্রামের পাইম্রাসং মারমা বলেন, কৃষি কর্মকর্তার কার্যালয়ে গেলে ভাষাগত সমস্যার কারণে কৃষকেরা মূল বিষয়টি উপস্থাপন করতে পারেন না।উন্নয়নকর্মী তুহিন চাকমা বলেন, পার্বত্য এলাকায় হিমাগার স্থাপন করা গেলে উৎপাদিত পণ্য সংরক্ষণ করা সম্ভব হবে এবং এতে কৃষকেরা উপকৃত হবে।