আধুনিক জীবনধারার হাতছানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিল্লি শহরে নেমেই ভালো লাগে। কোথাও যানজটের চিহ্নমাত্র নেই। বিমানবন্দর থেকে হোটেল পর্যন্ত যাত্রাপথে গাড়ি দাঁড়াল কেবল একটি ট্রাফিক সিগন্যালে। গত ১০ বছরে ভারতের রাজধানীতে অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন হয়েছে। শহরের গণপরিবহনব্যবস্থার বিপ্লব মেট্রো রেল চালু হয়েছে। চালু হয়েছে বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) পদ্ধতি। বেশ কিছু উড়ালসড়ক ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে শহরের গতি বাড়িয়েছে অনেকগুণ। আমাদের গন্তব্য ছিল দিল্লির কূটনৈতিকপাড়া সর্দার প্যাটেল মার্গে আইটিসি মায়ুরে হোটেল। বাংলাদেশ থেকে আমরা গিয়েছিলাম স্যামসাংয়ের দক্ষিণ-পশ্চিম এশিয়া আঞ্চলিক ফোরামে অংশ নিতে। ভারত, বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কাকে নিয়ে স্যামসাংয়ের এই বাণিজ্যিক অঞ্চল গঠিত। বিশ্বের সবচেয়ে জনবহুল এই বাণিজ্যিক অঞ্চল স্যামসাংয়ের জন্য যে গুরুত্বপূর্ণ বাজার, সেটাও দিল্লির এই ফোরামে বারবারই উচ্চারিত হয়েছে।এই ফোরামের আয়োজন ছিল মূলত এ অঞ্চলের ইলেকট্রনিক, মুঠোফোন ও তথ্যপ্রযুক্তি বাজারে স্যামসাংয়ের আধিপত্যকে উদ্যাপন করা। ১৪ এপ্রিলের অনুষ্ঠানে স্যামসাংয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ কথাটিই বারবার উচ্চারণ করেছেন। জানা গেল, ২০১০ সালে কেবল এই বাজার থেকে স্যামসাংয়ের রাজস্ব আয় ৩৫০ কোটি ডলার। গত দু-তিন বছরে ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেপালে স্যামসাংয়ের ব্যবসায়িক প্রবৃদ্ধি প্রায় ৬০ শতাংশ। বিশ্বখ্যাত একটি ব্র্যান্ড হিসেবে স্যামসাংয়ের প্রতিষ্ঠার পর এটি একটি নতুন রেকর্ড। স্যামসাং ফোরামের মূল আনুষ্ঠানিকতার দিন ছিল ১৪ এপ্রিল। এ উপলক্ষে দিনভর বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছিল স্যামসাং। ছিল পণ্যের প্রদর্শনীও। সকালে দিল্লির বিলাসবহুল তাজ প্যালেস হোটেলে আয়োজিত এমনই একটি অনুষ্ঠানে ভারতসহ দক্ষিণ-পশ্চিম এশিয়ার অন্য দেশগুলোর বাজারে বিক্রির জন্য বেশ কয়েকটি নতুন ও আধুনিক পণ্যের পরিচিতি সবার সামনে তুলে ধরা হয়। এসবের মধ্যে রয়েছে ইন্টারনেট ব্যবহারের সুবিধাসহ নতুন এলইডি টেলিভিশন, ব্লু রে হোম থিয়েটার সিস্টেম, তিন ধরনের ক্যামেরা, নতুন তিন ধরনের গ্যালাক্সি ট্যাব ও স্মার্টফোনের নতুন চার ধরনের মডেল। এই নতুন পণ্য তৈরি হয়েছে স্যামসাংয়ের ‘আধুনিক জীবন’ ধারণার আদলে। যেগুলো মানুষের দৈনন্দিন জীবনধারাকে অনেক সহজ করে তার জীবনকে করে তুলবে দ্রুততর।শুভেচ্ছা বক্তব্যে স্যামসাং দক্ষিণ-পশ্চিম বাণিজ্যিক অঞ্চলের প্রধান জেএস শিন বলেন, মানুষের জীবনকে আধুনিক করে তুলতে, দ্রুততর করে তুলতে স্যামসাং কাজ করে যাচ্ছে। এ প্রতিষ্ঠানটির উদ্ভাবিত প্রতিটি পণ্যই আধুনিক জীবনের উপকরণ। জনসংখ্যা ও আয়তনের বিচারে ভারত যদিও অন্যান্য দেশের তুলনায় এগিয়ে রয়েছে, তাই বলে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেপালও স্যামসাংয়ের কাছে গুরুত্বপূর্ণ। বাংলাদেশ প্রসঙ্গ: সকালের অধিবেশনে ছিল ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেপালের সাংবাদিকদের উপস্থিতিতে প্রাণবন্ত সংবাদ সম্মেলন। সংবাদ সম্মেলনে সব দেশের সাংবাদিকেরা নিজদেশে ব্র্যান্ড হিসেবে স্যামসাংয়ের অবস্থান এবং কার্যক্রম সম্পর্কে প্রশ্ন করেন স্যামসাংয়ের কর্মকর্তাদের কাছে। এতে উপস্থিত ছিলেন স্যামসাং ইলেকট্রনিকসের ঢাকা শাখা ও ব্যবস্থাপনা পরিচালক কে এইচ লি। বাংলাদেশের বাজারে স্যামসাংয়ের বিভিন্ন পণ্যের অবস্থান সম্পর্কে তিনি বলেন, এ অঞ্চলের সবচেয়ে বড় দেশ ভারতের জন্য যে বিপণন কৌশল, বাংলাদেশের জন্যও স্যামসাং একই ধরনের কৌশল অবলম্বন করে ব্যবসা পরিচালনা করছে। এ অঞ্চলের বড় বাজার হিসেবে ভারতে স্যামসাংয়ের যেকোনো পণ্য সবচেয়ে আগে পাওয়া যায়। ভারতের বাজারে প্রবেশের দুই থেকে তিন মাসের মধ্যেই বাংলাদেশের বাজারে একই পণ্য কিনতে পাওয়া যায়। তবে তিনি কিছুটা দুঃখ প্রকাশ করে বলেন, ‘বাংলাদেশ এ অঞ্চলের দ্বিতীয় বৃহত্তম বাজার হলেও সরকারের কর পদ্ধতি ও বিভিন্ন আমলাতান্ত্রিক জটিলতার কারণে অনেক সময় পরিকল্পনামতো কার্যক্রম পরিচালনা করা যায় না।বাংলাদেশের মানুষের কাছে স্যামসাং খুবই পরিচিত ব্র্যান্ড। সরকার যদি করের হার কমিয়ে দেয়, তাহলে অনেক কম দামে স্যামসাংয়ের বিভিন্ন পণ্য বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দেওয়া যাবে।’ তাজ প্যালেসে বর্ণিল সন্ধ্যা: স্যামসাং দক্ষিণ-পশ্চিম এশিয়া ফোরামের সমাপ্তিলগ্নে তাজ প্যালেসের বলরুমে আয়োজন করা হয়েছিল জাঁকজমকপূর্ণ বিচিত্রানুষ্ঠান ও ভোজের। অনুষ্ঠানটি ছিল বৈচিত্র্যে পরিপূর্ণ। এটি উপস্থাপনা করেন সাবেক মিস ইন্ডিয়া সারাহ জেন ডায়াস। অসাধারণ বেহালা পরিবেশন করেন ব্রিটেনের ‘চার সুন্দরী’র ব্যান্ড ‘বন্ড’। ভারতীয় বিভিন্ন সংগীতের সঙ্গে অপূর্ব সব ফিউশন সৃষ্টি করে এই চার বেহালাবাদক মন্ত্রমুগ্ধ করে দেন উপস্থিত সবাইকে। অনুষ্ঠানের এক পর্যায়ে স্যামসাংয়ের দক্ষিণ-পশ্চিম এশিয়া বাণিজ্যিক অঞ্চলের প্রধান জে এস শিন ভারত, বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কার সব ব্যবসায়িক অংশীদারকে সঙ্গে নিয়ে মঞ্চে ওঠেন। তিনি বলেন, স্যামসাংয়ের ব্যবসায়িক মূলমন্ত্র ‘সফলতা’। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে চলছিল প্রীতিভোজ। একসময় বিদায় সুর বেজে উঠল। দক্ষিণ-পশ্চিম এশিয়ায় স্যামসাংয়ের ব্যবসায়িক সাফল্যের সুধা ছড়িয়ে দেওয়ার প্রত্যয় নিয়ে পর্দা নামল এশিয়া ফোরামের সব আনুষ্ঠানিকতার।