আধুনিক পদ্ধতিতে জুমচাষের মাধ্যমে ধানসহ অন্যান্য ফসল স্বাভাবিক উৎপাদনের চেয়ে পাঁচগুণ বেশি উৎপাদন সম্ভব।গত রোববার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির যৌথ উদ্যোগে পরিচালিত কৃষি ও খাদ্যনিরাপত্তা প্রকল্পের আওতায় জুম গবেষণা-বিষয়ক কর্মশালায় এ তথ্য জানানো হয়। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সভাকক্ষে কর্মশালার আয়োজন করা হয়।কাপ্তাই রাইখালী কৃষি গবেষণাকেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এ এস এম হারুনর রশীদ ও রাঙামাটি সদর উপজেলার কৃষি কর্মকর্তা পবন কুমার চাকমার এক বছর সময় ধরে জুমচাষের ওপর পরিচালিত গবেষণায় জানা যায়, আদিবাসীরা জুমখেতে একসঙ্গে অনেক ফসল রোপণ করেন। কিন্তু তা না করে পরিকল্পিতভাবে পাশাপাশি বিভিন্ন ফসলের চাষ করলে উৎপাদন বাড়বে তিন থেকে পাঁচগুণ। গবেষকেরা জানান, তাঁরা গবেষণার অংশ হিসেবে চারটি উপজেলায় জুমখেতে সমপরিমাণ পাহাড়ে পৃথকভাবে ধান, ভুট্টা, চিনা ও বরবটি চাষ করেন। তাতে দেখা যায়, এক জমিতে অনেকগুলো ফসলের চাষ একসঙ্গে না করে পৃথকভাবে বিভিন্ন ফসল পাশাপশি চাষ করলে ফলন বাড়ে।এ ছাড়া আদিবাসীদের চাষ করা জুম ধানের পরিবর্তে চান্দিনা ও নারিকা ধানের উৎপাদন বেশি হয় এবং এক মাস আগে ফসল ঘরে তোলা সম্ভব বলে জানানো হয়। কর্মশালার প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বৃষকেতু চাকমা, অংসুচাইন চৌধুরী, ইরফান শরীফ, বি কে বালা, উদয় শংকর মুৎসুদ্দি, সুপ্রিয় ত্রিপুরা প্রমুখ।