আধুনিক রূপে সেজেছে কাপ্তাইয়ের জুম
কাপ্তাইয়ের বিনোদনকেন্দ্র জুমকে আরও আধুনিক রূপে সাজানো হয়েছে। এখানে রাতে থাকার জন্য আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন কটেজ নির্মাণ করা হয়েছে। পাহাড়ের চূড়ায় উঠে দূরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের জন্য তৈরি করা হয়েছে স্বর্গের সিঁড়ি। গড়ে তোলা হয়েছে ছোট্ট চিড়িয়াখানা। জুমে পর্যটকের সংখ্যাও দিন দিন বাড়ছে। ৪ রাইফেল ব্যাটালিয়ন তথা ওয়াগ্গাছড়া বিডিআর জোনের সার্বিক তত্ত্বাবধান ও ব্যবস্থাপনায় পরিচালিত জুমকে আকর্ষণীয়ভাবে সাজানোর পরিকল্পনার কথা জানান ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আকরামউজ্জামান। তিনি বলেন, নবদম্পতি ও যেকোনো পরিবার যাতে অনায়াসে জুমে দিনরাত অবস্থান করতে পারে সে জন্য আধুনিক সুযোগ-সুবিধা রেখে নির্মাণ করা হয়েছে মধুচন্দ্রিমা (হানিমুন) কটেজ। পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার ১৬ ডিসেম্বর এটি উদ্বোধন করেন। একই দিন তিনি এখানে একটি ছোট্ট চিড়িয়াখানাও উদ্বোধন করেন। আগাম বুকিং দিয়ে অত্যন্ত কম খরচে যে কেউ জুমে অবস্থান করতে পারবেন। স্বর্গের সিঁড়ি বেয়ে পাহাড়ের চূড়ায় উঠে নদী—পাহাড় পরিবেষ্টিত পার্বত্য এলাকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যাবে যেকোনো সময়।জুমের সৌন্দর্যের প্রশংসা করে প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার বলেন, ‘সময় ও সুযোগ থাকলে সবার উচিত এখানে ভ্রমণ করা। ভ্রমণে হতাশা দূর হয়, মনে প্রফুল্লতা আসে।’ আর জুমের মতো এরকম আকর্ষণীয় জায়গায় ভ্রমণ করতে পারা আরও আনন্দের বলে তিনি মন্তব্য করেন।জুমে দিন দিন পর্যটকের সংখ্যা বাড়ছে উল্লেখ করে বিডিআরের অধিনায়ক বলেন, ‘আমরা জুমের আকর্ষণ আরও বাড়ানোর কথা ভাবছি। জুম এলাকা থেকে কর্ণফুলী নদীতে সোনার তরীতে ভেসে পর্যটকেরা যাতে ঐতিহাসিক সীতা পাহাড়, চিত্মরম, জাতীয় উদ্যান, কাপ্তাই খালের মুখসহ বিস্তীর্ণ এলাকায় ভ্রমণ করতে পারেন তারও ব্যবস্থা রাখার চেষ্টা চলছে।’ অচিরেই এ ব্যবস্থা চালু করা যাবে বলে তিনি আশা করেন। পর্যটকেরা যাতে আরও কম খরচে পছন্দের খাবার খেতে পারেন তারও ব্যবস্থা থাকবে এখানে। পর্যটক মো. ইলিয়াছ জানান, ‘জুমের আকর্ষণে আমি বার বার এখানে ছুটে আসি। এর সৌন্দর্য যত দেখি ততই মুগ্ধ হই।’ জুমে একসঙ্গে ছোট বড় ২০০ গাড়ি রাখার সুবিধা রয়েছে। এখানে একসঙ্গে পাঁচ শতাধিক পর্যটক ভ্রমণ করতে পারবেন বলে জুম ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরা জানান।