আধুনিক হচ্ছে কাপ্তাইয়ের কাঠ প্রক্রিয়াজাতকেন্দ্র
কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের কাঠ প্রক্রিয়াজাতকেন্দ্র (লাম্বার প্রসেসিং কমপ্লেক্স ও করাতকল-এলপিসি) আরও আধুনিক করার উদ্যোগ নেওয়া হচ্ছে। কেন্দ্রে নতুন যন্ত্রপাতি স্থাপন করার পাশাপাশি অবকাঠামো উন্নয়ন এবং লোকবল-সংকট দূর করার উদ্যোগ নেওয়া হয়েছে। বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান প্রশান্ত ভূষণ বড়ুয়া ৯ জুন এই কেন্দ্র পরিদর্শনে এসে এসব উদ্যোগ নেওয়ার কথা জানান।এলপিসির প্রকল্প পরিচালক মো. মোস্তাক আহমদ জানান, প্রায় ৬০ বছর আগে এই কেন্দ্র চালু হয়। এই কেন্দ্রে রেলের স্লিপার, বিদ্যুতের খুঁটি, বিদ্যুতের তার রাখার জন্য কাঠের বিশেষ গোলাকার চাকা, সরকারি ও বেসরকারি খাদ্যগুদামের পাটাতন, নৌবাহিনীর কাঠের সরঞ্জাম তৈরিসহ সব ধরনের কাঠজাত কাঠামো নির্মাণ করা যায়। এলপিসিতে বিশেষ প্রক্রিয়ায় কাঠের যেসব সরঞ্জাম নির্মিত হয় তা ঝড়, বৃষ্টি ও রোদে পড়ে থাকলেও ২৫ থেকে ৩০ বছরের মধ্যে কখনো নষ্ট হয় না। জানা গেছে, গত অর্থবছরে এ কেন্দ্রটি প্রায় অর্ধকোটি টাকা মুনাফা করেছিল। কেন্দ্রের কর্মকর্তারা জানান, যান্ত্রিক ও অবকাঠামো সমস্যা না থাকলে এবং নিয়মিত ভালোমানের কাঠ পেলে কেন্দ্রের আয় বাড়বে। এ ব্যাপারে বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান প্রশান্ত ভূষণ বড়ুয়া বলেন, এই কারখানায় নতুন যন্ত্রপাতি বসানোর জন্য তালিকা তৈরির কাজ চলছে। এর পাশাপাশি নতুন করে দক্ষ শ্রমিক নিয়োগেরও উদ্যোগ নেওয়া হয়েছে।’