আধুনিকায়নের ১৬ সুপারিশ বাস্তবায়নের খবর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগার আধুনিকায়নে একটি বিশেষজ্ঞ কমিটি ১৬ দফা সুপারিশ করেছিল আড়াই বছর আগে। কিন্তু সেই সুপারিশ এখনো ফাইলবন্দী পড়ে আছে। ফলে শিক্ষার্থীরা গ্রন্থাগারে আসতে আগ্রহ হারাচ্ছেন বলে জানা যায়।১৬ দফা সুপারিশের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে—শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের পাঠের সুবিধা এবং মূল্যবান গ্রন্থসামগ্রী সংরক্ষণে জরুরি ভিত্তিতে গ্রন্থাগার পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত করা, বই চুরি বন্ধে ক্লোজ সার্কিট (সিসি) টিভি ক্যামেরা স্থাপন, প্রশিক্ষণপ্রাপ্ত ও পেশাদার দক্ষ জনবল নিয়োগ দেওয়া, গ্রন্থাগারকে পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতির (অটোমোশন) আওতায় আনা, ইন্টারনেট সংযোগ ও শিক্ষক-গবেষকদের জন্য পাঠকক্ষের সুযোগ-সুবিধা বাড়ানো, গেইট ম্যান হিসেবে আনসার নিয়োগ, এক (সিঙ্গেল) কপির বই, সহায়ক (রেফারেন্স) এবং দুষপ্রাপ্য বই বাইরে ইস্যু বন্ধ করা এবং আধুনিক ফটোকপি যন্ত্র ক্রয় ও দক্ষ অপারেটর নিয়োগ ইত্যাদি।প্রশাসন সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের বই গণনার জন্য ২০০৭ সালের ১৮ জুলাই কর্তৃপক্ষ একটি কমিটি গঠন করে। ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের জন্য বইপত্র ও জার্নাল ইনভেনট্রি’ নামের এ কমিটি ২০০৮ সালের ১২ জুন প্রতিবেদন জমা দেয়। কমিটি গ্রন্থাগারের পরিবেশ উন্নত করার জন্য ১৬ দফা সুপারিশ করে।বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ও কমিটির প্রধান ইমরান হোসেন জানান, গ্রন্থাগারের পরিবেশ ও এর কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ১৬টি সুপারিশ দেওয়া হয়েছিল। জানা মতে, এসব সুপারিশের কোনোটিই আজও বাস্তবায়িত হয়নি।সুপারিশগুলো বাস্তবায়িত না হওয়ার বিষয়টি স্বীকার করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক এস এম আবু তাহের। এসব সুপারিশ সময়োপযোগী বলেও জানান তিনি। তিনি বলেন, সুপারিশগুলোর ব্যাপারে কর্তৃপক্ষ কোনো সিদ্ধান্ত নেয়নি। এসব সুপারিশ বাস্তবায়িত হলে গ্রন্থাগারে পাঠক বাড়ার সম্ভাবনা ছিল।এদিকে কমিটি সুপারিশ দেওয়ার পর পেরিয়ে গেছে আড়াই বছর। দীর্ঘ সময়ে বাস্তবায়িত হয়েছে মাত্র একটি সুপারিশ। আর তা হচ্ছে কম্পিউটার ল্যাব অন্যত্র সরিয়ে নেওয়া। গ্রন্থাগারের তিনটি পাঠকক্ষে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র ও সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়নি। সুপারিশ অনুযায়ী আনসার বাহিনীর কোনো সদস্যকে গেইট ম্যান হিসেবে নিয়োগও দেওয়া হয়নি।গ্রন্থাগার ব্যবহারকারী একাধিক শিক্ষক-শিক্ষার্থী জানান, গ্রন্থাগারের কার্যক্রম চলছে এখনো মান্ধাতা আমলের পদ্ধতিতে। এর ফলে এখান থেকে পর্যাপ্ত সুযোগ-সুবিধা পাওয়া যাচ্ছে না। জানা গেছে, গ্রন্থাগারের কার্যক্রম গতিশীল না হওয়ায় প্রতিনিয়ত কমছে পাঠকের সংখ্যা। স্বয়ং গ্রন্থাগারিক নিজেও বিষয়টি স্বীকার করেছেন।