আধ্যাত্মিক চিকিৎসায় অন্য রকম প্রতারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পরীক্ষায় ভালো ফলাফল, ভালোবাসার মানুষকে কাছে পাওয়া, স্বামী-স্ত্রীর সম্পর্কে উন্নতি, ব্যবসায় উন্নতির জন্য আধ্যাত্মিকভাবে চিকিৎসা করা হয়’—এ রকম বিজ্ঞাপনে প্রলুব্ধ হচ্ছে একশ্রেণীর সাধারণ মানুষ। শেষ পর্যন্ত এসব লোক প্রতারণার শিকার হচ্ছে। বছর দুয়েক ধরে নগরের বিভিন্ন স্থানে এ ধরনের নামসর্বস্ব আধ্যাত্মিক চিকিৎসাকেন্দ্রের কর্মকাণ্ড বৃদ্ধির চিত্র দেখা যাচ্ছে।এ প্রসঙ্গে জেলা সিভিল সার্জন মো. আবু তৈয়ব বলেন, ‘ব্যাঙের ছাতার মতো এসব প্রতিষ্ঠান গড়ে উঠছে। এসব ভুয়া প্রতিষ্ঠানে কুসংস্কারে বিশ্বাসী নিরীহ লোকজন যাতায়াত করে। তাদের কাছ থেকে নানা কৌশলে টাকা হাতিয়ে নেওয়া হয়।’ এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিতে পারে বলে তিনি জানান।অনুসন্ধানে জানা যায়, হাজিরা দেখা, তাবিজ-কবজ দেওয়ার নামে এরা ব্যবসা করে থাকে। তাবিজ-কবজের জন্য ৩০০ থেকে এক হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নেওয়া হয়।দেওয়ানহাট এলাকায় পোর্ট সিটি কমপ্লেক্সে খাজা রুহানি দরবার শরিফ নামে এ রকম একটি চিকিৎসাকেন্দ্র রয়েছে। ওই কেন্দ্রে থাকা মো. বেলাল জানান, ‘হুজুরের পরামর্শ ফি ৫০০ টাকা দিলে ব্যবস্থাপত্র দেওয়া হবে।’উত্তর কাট্টলী এলাকার এক গৃহবধূ বলেন, ‘আমার স্বামীর সঙ্গে মনোমালিন্য সৃষ্টি হওয়ার পর কথিত ওই হুজুরের কাছে গেলে তিনি স্বামী-স্ত্রীর মধ্যে মিল করে দেওয়ার নামে ১৫ হাজার টাকা নেন। কাজের কাজ কিছুই হয়নি।’দক্ষিণ পাহাড়তলীতে রয়েছে দরবারে নূরানী শেফা, কাদেরিয়া দরবার শরিফসহ বিভিন্ন নামের আধ্যাত্মিক চিকিৎসাকেন্দ্র। এসব কেন্দ্রের বিজ্ঞাপন কেব্ল (ডিশ) লাইনের নিজস্ব সম্প্রচার টিভিতে প্রতিনিয়ত প্রচারিত হচ্ছে। এতে গরিব ও কম শিক্ষিত সাধারণ মানুষ বেশি প্রলুব্ধ হচ্ছে। নগরের দেওয়ানহাট, হালিশহর, বন্দরটিলা, বহদ্দারহাট, ষোলশহর, পাহাড়তলী ইত্যাদি এলাকায় এসব প্রতিষ্ঠান দিন দিন বাড়ছে।অভিযোগ সম্পর্কে জানার জন্য দরবারে নূরানী শেফা নামের আধ্যাত্মিক প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে দেওয়া নম্বরে ফোন করলে ফারুক হোসেন নামের একজন বলেন, ‘এখানে হাজিরা দেখা হয়। আমাদের প্রতিষ্ঠানটি অন্যদের মতো ভুয়া নয়। তাবিজ-কবজ দিয়ে টাকা নেওয়া হয়। প্রতি সাক্ষাতের জন্য ২৭০ টাকা নেওয়া হয়।’যদি লেখাপড়াই না করে, তাহলে কীভাবে তাবিজের মাধ্যমে ফলাফল ভালো করবে—এমন প্রশ্নের জবাবে ফারুক জানান, ‘তাবিজ-কবজে কাজ হলেও হতে পারে।’ এমরান হোসেন সিরাজী নামের এক হুজুর এ ব্যবস্থাপত্র দেন বলে তিনি জানান।জানা গেছে, এসব কেন্দ্রের মূল লক্ষ্য নিম্ন আয়ের লোকজন। তাদের দুর্বলতার সুযোগে টাকা-পয়সা হাতিয়ে নেওয়া হয়। এমনকি অনেকে আধ্যাত্মিক চিকিৎসার নামে নারীদের সঙ্গে অশালীন আচরণ করে বলেও অভিযোগ রয়েছে।নগরের চকবাজারের এক কলেজছাত্রী বলেন, ‘আমি একটা বিষয় নিয়ে চকবাজারে এক আধ্যাত্মিক লোকের কাছে গিয়েছিলাম। একটি অন্ধকার ঘরে নিয়ে গিয়ে ধ্যানের নামে নানা ধরনের অশালীন কথা বলতে শুরু করলে আমি চলে আসি।’জানা গেছে, এসব কেন্দ্র ও কথিত আধ্যাত্মিক ব্যক্তি নগরের বিভিন্ন স্থানে নিজেদের লোকজনের মাধ্যমে প্রচারণা চালান।