
আমাদের বাড়িওয়ালা প্রচণ্ড রাগী মানুষ। এতটাই রাগী যে তাঁকে সালাম দিতে গেলেও আমাদের গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। একদিন আমি রুমে বসে আছি। রুমমেট আনন্দ তখন গোসল করতে বাথরুমে ঢুকেছে। ঠিক সেই মুহূর্তে বাড়িওয়ালা রুমের দরজার সামনে এসে দাঁড়ালেন। বললেন, ‘তোমার রুমে কি আনন্দ আছে? আমার রুমে পাচ্ছি না। জরুরি একটা দরকার ছিল।’ আমি মৃদুস্বরে বললাম, ‘আঙ্কেল, আনন্দ তো বাথরুমে গেছে। আপনি প্লিজ একটু বসুন, এক্ষুনি এসে যাবে।’
আমার কথা শুনে বাড়িওয়ালা চোখ দুটো বড় বড় করে আমার দিকে তাকালেন। তারপর রুমে ঢুকে টেবিলের ওপরে রাখা প্রথম আলোর বৃহস্পতিবারের ক্রোড়পত্র ‘আনন্দ’টি হাতে তুলে নিলেন এক ঝটকায়। তারপর হনহন করে রুম থেকে বের হয়ে যেতে যেতে বললেন, ‘আজকালকার ছেলেপেলে এমন বদমাশ! কোনো আদবকায়দা নেই! মুরব্বিদের সাথেও ঠাট্টা-মশকারা করে!’ আমি ঠিক সেই মুহূর্তে কিছু বুঝে উঠতে না পেরে উদাস চোখে রুমের দরজার দিকে তাকিয়ে রইলাম...
গ্রন্থনা: আবু সাঈদ