আনন্দ আড্ডায় কিছুক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের জামালখান এলাকার একটি রেস্তোরাঁয় দৃষ্টির আয়োজনে হয়ে গেল জমজমাট আড্ডা। ১০ মে হাসি, আনন্দ আর কথামালার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় সংগঠনের ৭৫০তম আনন্দ আড্ডা। বিকেল গড়িয়ে সন্ধ্যা পর্যন্ত চলে এই প্রাণের ফোয়ারা।১৯৯৩ থেকে ২০১৩ সাল। এর মাঝে কেটে গেছে প্রায় ২০টি বছর। এই ২০ বছরে বিতর্ক, আবৃত্তি ও শিক্ষার্থীদের মেধা বিকাশে নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করেছে দৃষ্টি চট্টগ্রাম। আড্ডায় সংগঠনের বিগত দিনের নানা কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়। সংগঠনের সদস্য ও শুভানুধ্যায়ীরা স্মৃতিকাতর হয়ে ওঠেন আলোচনা করতে গিয়ে।প্রাণবন্ত এই আনন্দ আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসিনা জাকারিয়া, দেলোয়ার হোসেন, কবি ও সাংবাদিক ওমর কায়সার, জিন্নাহ চৌধুরী, নাট্যজন শুভ্রা বিশ্বাস ও মাসুদ রানা।আড্ডায় অংশ নেওয়া অতিথিরা বলেন, ‘নানা সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে আরও দীর্ঘদিন প্রাসঙ্গিক হয়ে থাকবে দৃষ্টি। তরুণদের যুক্তিবাদী করে তুলতে এই সংগঠন ভুমিকা রাখবে সামনের দিনগুলোতেও।’ অতিথিরা আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘শিশু-কিশোরদের মেধা বিকাশে কাজ করে যাচ্ছে দৃষ্টি। এ ধারা অব্যাহত থাকবে ভবিষ্যতেও।’ একটি সুস্থ সমাজ গড়ে তোলার জন্য দৃষ্টির সব আয়োজনে অতিথিরা বরাবরের মতো শামিল হবেন বলে জানান। দৃষ্টি চট্টগ্রামের প্রতিষ্ঠাতা সদস্য ও ডিবেট ক্লাবের পরিচালক মাসুদ বকুলের সঞ্চালনায় এই আড্ডায় অংশ নেন সংগঠনের সভাপতি কসশাফুল হক, সহসভাপতি সাইফ চৌধুরী ও বনকুসুম বড়ুয়া এবং সাধারণ সমপাদক শহিদুল ইসলাম। শেষে ৭৫০তম আনন্দ আড্ডার কেক কাটেন অতিথিরা।