নাচ, গান আর মেজবানের স্বাদে একটি অন্য রকম সময় কাটালেন ডাক বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। ২৩ ডিসেম্বর ‘পোস্ট অফিস নাইট-২০১১’ শিরোনামের এ অনুষ্ঠানে আনন্দ আড্ডায় মেতে ওঠেন ডাক পরিবারের সদস্যরা। কিছু সময়ের জন্য বেরিয়ে আসেন দৈনন্দিন একগুঁয়েমি থেকে। আর কেউ কেউ ২০ টাকায় কেনা লটারির বিপরীতে ফ্রিজ, টেলিভিশন ও মোবাইল ফোনসেট জিতে নিয়ে ভাগ্যের পরীক্ষায়ও উত্তীর্ণ হয়েছেন। ডাক বিভাগ কর্মচারী ইউনিয়ন চট্টগ্রাম জেলা শাখা আয়োজন করে এই অনুষ্ঠান।এতে প্রধান অতিথি ছিলেন সাংসদ সামশুল হক চৌধুরী। পোস্ট অফিস ইউনিয়নের সভাপতি সৈয়দ আহামদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, যুগের সঙ্গে তাল মিলিয়ে ডাক বিভাগকেও ডিজিটাল হতে হবে। তাহলেই এই সংস্থার হারানো ভাবমূর্তি ফিরে আসবে। এ জন্য ডাক কর্মচারীদের আরও আন্তরিক হতে হবে। আরও বক্তব্য দেন ডাক বিভাগ পূর্বাঞ্চলের পোস্টমাস্টার জেনারেল সৈয়দ আলী আহম্মদ, জাপা নেতা সোলায়মান আলম শেঠ, হূদেরাগ বিশেষজ্ঞ এস এম মোস্তফা কামাল, জ্যেষ্ঠ পোস্টমাস্টার মো. ইউসুফ, ডাক কর্মকর্তা ইউনিয়নের কেন্দ্রীয় মহাসম্পাদক রশীদ উল্লাহ, জ্যেষ্ঠ সহসভাপতি মোসলেম হালদার, যুগ্ম মহাসম্পাদক মো. ফরিদ মিয়া, চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম চৌধুরী প্রমুখ।রাত আটটা থেকে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। শুরুতেই ছিল সুমাইতা তাবাসসুম, স্বর্ণা, জুয়েনা, ইনা, মিথিলা দাশগুপ্ত, প্রিয়ন্তি বড়ুয়া ও শ্রাবণী চক্রবর্তীর নাচ। এরপর মঞ্চে আসেন পলি শারমিন। এ ছাড়া গান পরিবেশন করেন পিংকি দাশ, প্রীতম ও সন্দীপন। পলি শারমিন ‘এক নজর না দেখিলে বন্ধু’, ‘মিলন হবে কত দিনে’, ‘সাধের লাউ...’সহ ৩০টির মতো গান পরিবেশন করেন। এভাবে গানের সুরে নেচে-গেয়ে মধ্যরাত পর্যন্ত চলে অনুষ্ঠান। ফাঁকে ফাঁকে চলে র্যাফেল ড্র।অনুষ্ঠান পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক সরওয়ার আলম চৌধুরী, আদিনাথ ভট্টাচার্য ও অনিমেষ দাশ।