
ক্যাম্পাসে সাজ সাজ রব। মৌসুমি ফলের ম-ম গন্ধ। রকমারি খাবারের আয়োজন। রয়েছে বইয়ের সম্ভারও। শিক্ষার্থীদের বাঁধভাঙা উচ্ছ্বাস। ক্লাস-পরীক্ষা ফেলে অন্য রকম দিন।
গত ৩০ মে চিটাগং ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের (সিআইইউ) জামালখান ক্যাম্পাসে আয়োজন করা হয় এ আনন্দ আয়োজন। তাদের ভাষায় ‘ওপেন ডে’।
বেলা ১১টায় ক্যাম্পাসে গিয়ে দেখা যায়, ফলের স্টলে শিক্ষার্থীদের ভিড়। কারও হাতে আম, কারও হাতে লিচু। মজাদার ফলে তৃপ্তির ঢেকুর। বেলা সাড়ে ১১টার দিকে ফলের স্টলের সামনের জটলা কমতে শুরু করল। এবার গন্তব্য বইয়ের স্টলে। তখন সেখানে প্রথমা প্রকাশনের বইয়ের স্টল উদ্বোধন করছিলেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী। উদ্বোধন শেষে বইয়ের স্টলেও দেখা গেল ভিড়। এভাবে নানা আয়োজনে সারা বেলা মেতে ছিলেন সিআইইউর শিক্ষার্থীরা।
সকাল ১০টায় সূচনা হয় দিনব্যাপী এ আয়োজনের। প্রকৌশলী রশিদ আহমেদ চৌধুরীর সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য দেন আয়োজনের সমন্বয়ক নূরুল আবসার। এতে অতিথি ছিলেন দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক, বারকোড ক্যাফের স্বত্বাধিকারী মঞ্জুরুল হক ও যুক্তরাজ্যের সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ প্রতিনিধি রেজাউল করিম। সমাপনী বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য ইরশাদ কামাল খান। আলোচনা সভা শেষে বেলুন উড়িয়ে আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিরা।
দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে ছিল ফল উৎসব, ক্যারিয়ার ক্লিনিক, বইমেলা, ইংরেজি শেখা, অনলাইনে বই পড়া, চলচ্চিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা, উচ্চশিক্ষাবিষয়ক কর্মশালা এবং যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তিবিষয়ক তথ্য প্রদর্শনী। এ আয়োজনে অংশ নিতে এসেছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরাও।