
চারদিকে উৎসবের আমেজ। মঞ্চে নাচ-গানের জমজমাট আয়োজন আর ক্যাম্পাসের সেই পুরোনো বন্ধুদের কাছে পাওয়া। সব মিলিয়ে সারা বেলার আনন্দ আয়োজন। ৮ এপ্রিল নগরের এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত হলো চট্টগ্রাম কলেজের প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠান। কলেজের নবম এই পুনর্মিলনীর আয়োজনে উপস্থিত ছিলেন প্রায় দুই হাজার প্রাক্তন শিক্ষার্থী।
সকাল নয়টায় অনুষ্ঠান উদ্বোধন করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। জাতীয় পতাকা উত্তোলন করেন কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্যসচিব আবদুল করিম এবং পরিষদের পতাকা উত্তোলন করেন কলেজের ১৯৪৬-৪৮ ব্যাচের প্রবীণ ছাত্র ডা. ছৈয়দুর রহমান চৌধুরী। এরপর ছিল বর্ণিল শোভাযাত্রা। বেলা ১১টায় আবুল হাশেমের সঞ্চালনায় শুরু হয় কথামালা। এ টি এম নুরুল আলমের সভাপতিত্বে এই আয়োজনে কলেজের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা তাঁদের অভিমত তুলে ধরেন।
মধ্যাহ্নভোজের বিরতি পর ছিল ‘সম্প্রীতির সেতুবন্ধন’ শিরোনামের স্মৃতিচারণামূলক অনুষ্ঠান। প্রাক্তন শিক্ষার্থীদের সন্তানদের নিয়ে আয়োজিত ‘প্রজন্ম সম্প্রীতির নব ঠিকানা’ শিরোনামের আয়োজনও মুগ্ধ করে সবাইকে। ছিল স্বরচিত কবিতা পাঠ ও আবৃত্তি। এতে কবিতা পাঠ করেন ওমর কায়সার, আলী মনসুর, রণজিৎ রক্ষিত, নিশাত হাসিনা, মিলি চৌধুরী প্রমুখ। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান করেন ফাহমিদা রহমান, সেবা চৌধুরী, শুভ্র আজাদ প্রমুখ। ‘বন্ধু তোমার পথের সাথিকে’, ‘রসিক আমার মন ভাঙ্গিয়া’, ‘আগে কী সুন্দর দিন কাটাইতাম’ ও ‘সাধের লাউ’ গানগুলো জমিয়ে তোলে আয়োজন।