আনন্দ আয়োজনে ইন্টারনেট কর্মশালা
বিদ্যালয়ের গেট, মাঠ, বারান্দা—সবদিকেই সাঁটানো রয়েছে ফেস্টুন। শিক্ষার্থীরা গভীর আগ্রহে তাকাচ্ছে। হবেটা কী? একে অন্যকে জিজ্ঞেস করছে।শ্রেণীকক্ষেও মৃদু গুঞ্জন। ‘অষ্টম, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা ছাড়া অন্যরা বাইরে যাও’—প্রিয় শিক্ষকের এ কথায় কেউ কেউ বেরিয়ে গেল। বাকিরা ঘাপটি মেরে পেছনে বসে রইল। এ রকম সুযোগ হাতছাড়া হয়ে যাবে; চাট্টিখানি কথা!শিক্ষার্থীদের এমন সরব উপস্থিতিতে আখাউড়ার রেলওয়ে সরকারি উচ্চবিদ্যালয়ে ইন্টারনেটের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। একই রকম উৎসাহ ছিল নাছরীন নবী পাইলট বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের মধ্যেও।কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী দীপা রানী ঘোষ বলে, ‘আমি মোবাইল ফোনে শুধু ক্ষুদেবার্তাই লিখতাম। কিন্তু এটার মধ্যে এত কিছু করা যায়, তা সত্যি ভাবতে পারিনি।’পাশ থেকে সাদিয়া সুলতানা বলে ওঠে, ‘এই কর্মশালা আমার জীবনে সত্যিই এক দারুণ অভিজ্ঞতা এনে দিয়েছে।’এ রকমই প্রাণবন্ত আয়োজন চলেছে গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসবের বিভিন্ন আই ক্যাম্পে। আয়োজনের দ্বিতীয় সপ্তাহেও ছিল শিক্ষার্থীদের সরব উপস্থিতি। যশোরের অভয়নগর নওয়াপাড়া মহাবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী নাজমুল ইসলাম ক্যাম্পের আয়োজন সম্পর্কে বলেন, ‘কম সময়ে ইন্টারনেট সম্পর্কে জানার জন্য এই আয়োজনটা সত্যিই ভালো।’সিলেটের বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী রাইয়ান জান্নাত জানায় তার অনুভূতি। কুইজ রাউন্ডের একটি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে পুরস্কার হাতে নিয়ে সে বলে, ‘মোবাইল ফোনে কথা বলা যায়। আর কিছু করাও সম্ভব, তা জানা ছিল না। আগে তথ্যের জন্য কত ছোটাছুটি করতে হতো। এখন যেকোনো তথ্য এক নিমেষেই পেয়ে যাব।’ বিয়ানীবাজারের খলিল চৌধুরী আদর্শ বিদ্যানিকেতনের শিক্ষার্থী রাফিদ রহমানের কাছে অংশগ্রহণ করাটাই ছিল স্বপ্ন। সে বলে, ‘ইবার আমারে বাদ দিতা ফারতা না। আমি ইবছর আই-জিনিয়াস অইমু।’ আই ক্যাম্পের কুইজ রাউন্ডের সব প্রশ্নের উত্তরই তার জানা। বাবা আতাউর রহমান জানান, অবসর সময়ে রাফিদ মোবাইল ফোনে গুগল ম্যাপসহ বিভিন্ন সাইটে সময় কাটায়।আয়োজনে অংশ নিতে এসে জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের শিক্ষার্থী হাবিবা নাঈমা বলে, ‘ক্যাম্প থেকে অনেক কিছুই শিখলাম। আশা করি, এই অভিজ্ঞতা ইন্টারনেট উৎসবে বেশ কাজে লাগবে।’ জামালপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী মিথিলা মাথিন একই মতামত ব্যক্ত করে।জামালপুর জিলা স্কুলের শিক্ষার্থী লালনের স্বপ্ন আই-জিনিয়াস হওয়ার। উচ্ছ্বাসের সঙ্গে লালন বলে, ‘আমি চাই সবাই ইন্টারনেটকে ভালো কাজে ব্যবহার করে দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাবে।’কুইজ প্রতিযোগিতা নিয়ে শিক্ষার্থীদের উৎসাহও ছিল অনেক। রাজবাড়ীর গোয়ালন্দ কামরুল ইসলাম ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ইমতিসার আউয়াল প্রিয় প্রশ্নের জবাব দিয়ে জিতে নেন একটি কলম। পুরস্কার পেয়ে তিনি বলেন, ‘এত মজার বিষয় ইন্টারনেট, তা ভাষায় বোঝাতে পারব না।’ বরগুনার আমতলী ডিগ্রি কলেজের উৎসবে কুইজ প্রতিযোগিতায় একটি কলম উপহার পায় একাদশ শ্রেণীর শিক্ষার্থী পারমিতা তিথি। পুরস্কার পেয়ে আনন্দে সে বৃষ্টির মধ্যেই দৌড়ে বাইরে চলে যায়। বন্ধুদের পুরস্কার পাওয়ার খবরটা যে জানাতে হবে!চোখেমুখে দারুণ উচ্ছ্বাস নিয়ে তিথি বলে, ‘আজ আমার কলেজজীবনের প্রথম দিন। আজই এমন একটি চমৎকার অনুষ্ঠানে অংশগ্রহণ করলাম। আবার আজই পুরস্কার পেলাম। সত্যিই খুব ভালো লাগছে।’দেশজুড়ে এই ইন্টারনেট কর্মশালা চলবে আরও দুই সপ্তাহ। তাই নতুন নতুন এলাকায় শিক্ষার্থীদের জন্য অপেক্ষা করছে নিত্যনতুন বিস্ময়। প্রতিনিধিদের পাঠানো তথ্যের ভিত্তিতে লেখা