মানবসেবার ব্রত নিয়ে ভবিষ্যতের চিকিৎসক হবার লক্ষ্যে নবীন শিক্ষার্থীরা এসেছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজে। দুদিনের আনন্দ আয়োজনের মাধ্যমে ৫৫ তম এমবিবিএস ও ২৪ তম বিডিএস এর নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এবং মেডিকেল কলেজ ছাত্র সংসদের পক্ষ থেকে।
গত ২৭ ও ২৮ নভেম্বর নবীনদের কলতানে মুখর ছিল মেডিকেল কলেজ প্রাঙ্গন। আনন্দ আয়োজনের প্রথম দিন ছিল চলচ্চিত্র প্রদর্শনী। দিনব্যাপী প্রদর্শনীর আসরটি বসেছিল চট্টগ্রাম মেডিকেল কলেজের শাহ আলম (বীর উত্তম) মিলনায়তনে।
২৮ নভেম্বর সকাল ১১ টায় বর্ণিল শোভাযাত্রার মাধ্যমে শুরু হয় দ্বিতীয় দিনের কর্মসূচি। সঙ সেজে ঢাকঢোল পিটিয়ে, বাঁশি বাজিয়ে, নেচে গেয়ে শোভাযাত্রাটিকে মাতিয়ে তোলেন শিক্ষার্থীরা।
শোভাযাত্রা শেষে শাহ আলম (বীর উত্তম) মিলনায়তনে শুরু হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের সাধারণ সমপাদক আ জ ম নাছির উদ্দিন। সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ সেলিম মো. জাহাঙ্গীর। আলোচনা সভা শেষে ছিল ঐতিহ্যবাহী মেজবানের আয়োজন।
আনন্দ আয়োজনের দ্বিতীয় পর্বের মূল আকর্ষণ ছিল সন্ধ্যায় নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপর বসে ‘পাওয়ার ভয়েস সিএমসি’ শিরোনামের প্রতিযোগিতার আসর। এর মাধ্যমে নির্বাচিত করা হয় সিএমসির সেরা দশ গায়ককে। প্রতিযোগিতা শেষে রাশেদুল ইসলাম পরিবেশন করেন ‘তুমি যে ক্ষতি করলা আমার’ শিরোনামের গানটি। এরপর একে একে সংগীতের মূর্ছনায় সকলকে মুগ্ধ করেন মিল্টন দাশ, আরমানউল্লাহ চৌধুরী ও তারিকুল ইসলাম। এরপর পরিবেশন করা হয় জাফর ইকবালের ‘ক্যাম্প’ শিরোনামের নাটকটি। নির্দেশনায় ছিলেন দেবাশিষ দেব। রাত একটায় মঞ্চে ওঠেন ডিজুস রকস্টার শুভ।